logo
youtube logotwitter logofacebook logo

হামলায়

প্রকাশক হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন - image

প্রকাশক হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন

31 অক্টোবর 2015, বিকাল 6:00

জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ আরও তিনজনকে কুপিয়ে জখমের প্রতিবাদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জেলায়। প্রকাশক দীপনকে হত্যা ও টুটুল-তারেক-রণদীপমকে হত্যার চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে গণজাগরণ মঞ্চের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জুবলী রোডে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সকল মুক্তচিন্তার বিকাশের পক্ষের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক শহীদ-ই-হাসান তুহিন, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক হামিদা খাতুন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহম্মদ দীপুসহ প্রমুখ। এদিকে একজন প্রকাশক হত্যা এবং তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে রবিবার সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। দুপুরে পৌরবিপণি এলাকা থেকে মিছিল বের হয়। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ার এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামানসহ প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সরকার মানুষদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একের পর এক ঘটনায় সরকারের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। প্রসঙ্গত, দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল এবং লেখক ও গবেষক রনদীপম বসুর বাড়ি সুনামগঞ্জে। এছাড়া দুপুরে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন জেলা শাখা। শহরের সাতমাথা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পরে বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ হয়। অন্যদিকে, নড়াইলের আদালত সড়কে গণজাগরণ মঞ্চ মানববন্ধন করেছে। এ সময় বক্তারা, ব্লগার ও প্রকাশক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারী ও হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অক্টোবর ৩১, ২০১৫
ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক - image

ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক

14 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়া ঘটনায় দেশটিতে রাষ্ট্রীয় শোক চলছে। প্রশিক্ষিত সন্ত্রাসীরা ৩টি দলে বিভক্ত হয়ে প্যারিসে হামলা চালায় বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস। এদিকে ৮ হামলাকারীর মধ্যে ১ ফরাসি নাগরিক সনাক্ত। প্যারিস হামলার পরও আইএস বিরোধী আভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ভয়, আতংক আর শোকে এখন গোটা ফ্রান্স এখন স্তব্ধ। শুক্রবারের ওই দুঃস্বপ্নের রাতের পর শিল্প আর রোমান্টিক নগরী ফ্রান্স এখন পুরোপুরি আতংকের নগরী। এদিকে প্যারিস হামলার পেছনে প্রশিক্ষিত তিনটি দল জড়িত ছিল এবং তারা আলাদা আলাদাভাবে হামলা করেছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস। হামলাকারীদের মধ্যে ১ জনকে শনাক্ত করেছে গোয়েন্দারা। ৩০ বছর বয়সি ওই ফরাসি নাগরিক প্যারিসের শহরতলীতেই বসবাস করেন। শনিবার ওই  ফরাসি নাগরিকের বাবা-ভাইকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ঘরবাড়িও তল্লাশি করা হয়েছে। এছাড়া ওমর ইসমাইল মোস্তেফা নামের আরেকজন হামলাকারীর কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে। হামলায় অংশ নেওয়া সাতজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলো। তারা কিভাবে এবং কোন খান থেকে এসেছেন, তাদের কারা অর্থ দিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করা হবে । অন্যদিকে, প্যারিস হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় ৩ ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। এদিকে সন্ত্রাসীদের প্যারিস হামলার পরও সিরিয়ায় আইএস জঙ্গি বিরোধী অভিযান ফ্রান্স চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভ্যালস। এদিকে এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টনসহ অন্য সব বড় শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নভেম্বর ১৪, ২০১৫
প্যারিসে পুলিশ-পরিবেশবাদী সংঘর্ষ, আটক ২০০ - image

প্যারিসে পুলিশ-পরিবেশবাদী সংঘর্ষ, আটক ২০০

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: জলবায়ু সম্মেলনের আগে প্যারিসে পুলিশের সঙ্গে বামপন্থি পরিবেশ কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে দুশরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আগের কয়েকটি জলবায়ু সম্মেলনের মতো এবারও সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে কার্যকর সমঝোতায় পৌঁছানোর জন্য বিশ্বনেতাদের ওপর চাপ সৃষ্টি করতে, রোববার প্যারিসের মধ্যাঞ্চলীয় প্লেস দে-লা রিপাবলিকায় বামপন্থী পরিবেশবাদীরা বিক্ষোভ শুরু করলে, পুলিশ বাধা দেয়। এতেই বেঁধে যায় সংঘর্ষ। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পানির বোতল ও মোমবাতি ছুঁড়ে মারে। জবাবে পুলিশ ছোঁড়ে- কাঁদানে গ্যাস আর ফাঁকা গুলি। প্যারিসে ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দ্য লা রিপাবলিকায় ফুল ও মোমবাতি জ্বালানো হয়েছিল। ছুঁড়ে মারার জন্য বিক্ষোভকারীরা সেই ফুল ও মোমবাতিই ব্যবহার করে। জলবায়ু সম্মেলনের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে। আর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, বিক্ষোভকারী পরিবেশবাদীদের এমন আচরণ দুঃখজনক।

নভেম্বর ২৯, ২০১৫
আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দিল জার্মান পার্লামেন্ট - image

আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দিল জার্মান পার্লামেন্ট

04 ডিসেম্বর 2015, বিকাল 6:00

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে অনুমোদন দিয়েছে জার্মানির পার্লামেন্ট। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ শুক্রবার সরকারের এ প্রস্তাব অনুমোদন করেছে। পার্লামেন্টের ৫৯৮ আইনপ্রণেতার মধ্যে ৪৪৫ জনই অভিযানের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১৪৬ জন, আর ভোটদানে বিরত ছিল ৭ জন। এই অনুমোদনের ফলে জার্মানি যে কোন সময় আইএসের বিরুদ্ধে হামলা শুরু করতে যাচ্ছে। এর আগে গত মঙ্গলবার চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মন্ত্রিসভা আইএস এর বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। শুক্রবার পার্লামেন্টও অনুমোদন করায় হামলায় আর কোন বাধা থাকলো না। গত মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের অনুরোধে জার্মান চ্যান্সেলর আইএসের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নেন। এর পর মন্ত্রীসভায় পাশ এবং সর্বশেষ পার্লামেন্টে পাস হওয়ায় আইএসের বিরুদ্ধে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হল।

ডিসেম্বর ০৪, ২০১৫
মসজিদে বোমা হামলায় বিস্ফোরণ আইনে মামলা - image

মসজিদে বোমা হামলায় বিস্ফোরণ আইনে মামলা

25 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিনবাংলা ডেস্কঃ আহমাদিয় সম্প্রদায়ের মসজিদে বোমা হামলার ঘটনায় রাজশাহীর বাগমারা থানায় বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, মামলায় নিহত যুবকসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। এদিকে শনিবার বিকেলে নিহত যুবকের ময়না তদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক জানান, নিহতের শরীরেই বোমাটি রাখা ছিলো। বোমাটি বিস্ফোরণে তার বাম হাতের কব্জির নিচের অংশ উড়ে গেছে। হাতের দুটি হাড় ভেঙ্গে গেছে। পেটে বোমাটি বিস্ফোরণ হওয়ায় বোমার অসংখ্য স্প্রিন্টার পেটের মধ্যে ঢুকে গেছে। তার নাড়ী-ভুড়ি ও লিভারে প্রচুর স্প্রিন্টার ঢুকে রক্তপাত হওয়ায় তার মৃত্যু হয়েছে। এদিকে এ হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্তে মাঠে আছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ডিসেম্বর ২৫, ২০১৫
ভারতীয় বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৭ - image

ভারতীয় বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৭

01 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বছরের শুরুতেই জঙ্গি হামলায় কেঁপে উঠল ভারতের পাঞ্জাব রাজ্য। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে, সেখানকার পাঠানকট বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় অন্তত ৬ জঙ্গি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রায় ৫ ঘন্টার গোলাগুলিতে, নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য ও ৪ হামলাকারী জঙ্গি নিহত হয়েছে। এদিকে আজ দুপুরে ঘাটির ভিতরে অভিযান চালালে, নতুন করে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের ধারণা, জঙ্গিদের কেউ ঘাটির মধ্যে লুকিয়ে থাকতে পারে। ওই সন্দেহভাজনদের ধরতে নতুন করে অভিযান চালানো হয়। পাকিস্তান সীমান্ত থেকে এই বিমান ঘাঁটিটির দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে, জঙ্গিরা একে ফোরটি সেভেন রাইফেলের গুলি ছুড়তে ছুড়তে বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে। তাদের সংখ্যা ছিল ৬ জন। যে গাড়িটি হামলাকারীরা ব্যবহার করেছে, সেটি কদিন আগে পুলিশের কাছ থেকে হাইজ্যাক করা হয়েছিল বলেও জানা গেছে। হামলার সময় সন্ত্রাসীদের গায়ে ছিল সামরিক বাহিনীর পোশাক। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের সদস্য। পাথানকটে ওই এয়ার বেজটিতে মিগ টুয়েন্টি নাইন যুদ্ধবিমান ও সামরিক হ্যালিকপ্টার রাখা হয়। পুলিশ জানিয়েছে, ঘাঁটির যে অংশে যুদ্ধবিমান রাখা ছিলো, সে দিক দিয়েই হামলা শুরু করে জঙ্গিরা। ওইসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের প্রায় ৫ ঘন্টা ধরে গোলাগুলি চলে। এতে হামলাকারী চার জঙ্গি, ঘটনাস্থলেই নিহত হয়। জঙ্গিদের প্রতিহত করার লড়াইয়ে, প্রাণ দিতে হয় নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকেও। তবে ঘাঁটিতে থাকা যুদ্ধবিমান ও সামরিক হ্যালিকপ্টারের কোনো ক্ষতি হয়নি বলে জানায় কতৃপক্ষ। এ ঘটনায় ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড- এনএসজিকে ডাকা হয়েছে। কঠিন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো পাঞ্জাবজুড়েই।

জানুয়ারি ০১, ২০১৬
শেষ ধাপে ইউপি নির্বাচন: নিহত এক, ছয় কেন্দ্র স্থগিত - image

শেষ ধাপে ইউপি নির্বাচন: নিহত এক, ছয় কেন্দ্র স্থগিত

03 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সারা দেশে থেকে মোটামোটি শান্তিপূর্ন ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। তবে ফেনীর সোনাগাজী উপজেলায় সন্ত্রাসীদের হামলায় একজন নিহত হয়েছেন। কয়েকটি ইউনিয়নে সংঘর্ষ হয়েছে। ফেনীর চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজী তোফায়েল আহমেদ স্কুল কেন্দ্রে সন্ত্রাসী হামলায় মারা গেছেন এক যুবক। সকালে একদল সন্ত্রাসী গুলি ও হাতবোমা ছুঁড়তে ছুঁড়তে কেন্দ্রে ঢুকতে চায়। এসময় মারা যায় ছেলেটি। আহত হন দুই সহাকারি প্রিজাইডিং অফিসার, একজন নারী পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ ১০ জন। ২টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামের আনোয়ারা পারকি বেড়ীবাঁধ এলাকার দারুশ সুন্নাহ মাদ্রাসা কেন্দ্রে বিএনপির সমর্থিত প্রার্থীরা জাল ভোট দেয়ার সময় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হন ২০ জন। কয়েকটি বাড়িতে আগুন দেয়া হয়। এছাড়া জেলার সাতকানিয়ায় কাঞ্চনাই ইউনিয়নে, প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে আওয়ামী লীগ প্রার্থী রমজান আলী। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে বহিরাগত সন্ত্রসীরা কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। যশোরের শার্শার মহিষা কেন্দ্রে সন্ত্রাসীদের বোমায় একজন আহত হন। অন্যদিকে নোয়াখালীর নেয়াজপুরেরে ভেলানগর মোহাম্মদিয়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩জন গুলিবিদ্ধসহ আহত হন ১১ জন। নানা অভিযোগে জেলার ১০ ইউনিয়নের ৬টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

জুন ০৩, ২০১৬
ট্রাক হামলায় ফ্রান্সে  নিহত ৮৪ - image

ট্রাক হামলায় ফ্রান্সে নিহত ৮৪

14 জুলাই 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্কঃ ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক। দেশটির সরকারি কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে । তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঐতিহাসিক বাস্তিল দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিস শহরে আতশবাজি প্রদর্শনী চলছিল। এসময় উপস্থিত দর্শকদের ওপর ২৫ টনের একটি লরি উঠে যায়। ফলে ঘটনাস্থলেই অনেক মানুষ মারা যায়। লরি চালককে পুলিশ গুলি করে হত্যা করেছে। গাড়িটির ভেতর থেকে বন্দুক ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শহরটির একজন বাসিন্দা বলছেন, আমরা কয়েকটি গুলির শব্দও শুনতে পারি। প্রথমে আমরা ভেবেছিলাম যে, সেগুলো হয়তো আতশবাজির শব্দ। কিন্তু সবাইকে দৌড়ে পালাতে দেখে আমরাও আতঙ্কিত  হয়ে পড়ি। পরে আমরা একটি হোটেলে আশ্রয় নেই। সামাজিক মাধ্যমে এই ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, অসংখ্য মানুষ আতঙ্কিত হয়ে শহরের রাস্তা ধরে ছুটে পালাচ্ছে। টুইটারের কয়েকটি ছবিতে দেখা গেছে, অনেক মানুষ রাস্তার উপর পড়ে রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ হামলার খবর জানতে পেরে দক্ষিণের শহর অ্যাভিগনন থেকে দ্রুত প্যারিসের পথে রওনা দিয়েছেন।

জুলাই ১৪, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo