logo
youtube logotwitter logofacebook logo

স্পিকার

নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে নেপাল - image

নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে নেপাল

04 অক্টোবর 2015, বিকাল 6:00

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পক্রিয়া শুরু করেছে নেপাল। শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অনুরোধ জানানোর পর, এই পক্রিয়া শুরু হয়। দেশটিতে গত ২০ সেপ্টেম্বর গৃহীত সংবিধান অনুযায়ী, একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে, সরকার গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে পার্লামেন্টে দেওয়া ভাষণে সুশীল কৈরালা বলেন, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার পথ দিতেই, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। নেপালে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর, শুক্রবার প্রথম পার্লামেন্টের অধিবেশন বসে। নতুন সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার সাত দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী, ২০ দিনের মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং এক মাসের মধ্যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে।

অক্টোবর ০৪, ২০১৫
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা - image

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

15 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: শ্রদ্ধা, ভালবাসা আর বীর শহীদের স্মরণের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৪তম বার্ষিকী। বুধবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় প্যারেড স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে জাতীয়ভাবে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। এর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে একাত্তরের শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা স্মৃতিসৌধে ফুল দেন। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে দলের নেতা-কর্মীদের নিয়ে পরে আবারও শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্য ও কূটনীতিকরাও শহীদ বেদিতে ফুল দিয়ে স্মরণ করেন একাত্তরের শহীদদের। এরপর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ।

ডিসেম্বর ১৫, ২০১৫
‘দেশে বিনিয়োগ পরিস্থিতির অনুকূল পরিবেশ বিরাজ করছে‘ - image

‘দেশে বিনিয়োগ পরিস্থিতির অনুকূল পরিবেশ বিরাজ করছে‘

20 জানুয়ারি 2016, বিকাল 6:00

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ২০১৪-১৫ অর্থ-বছরে আমদানি প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক তিন শতাংশ, এর মধ্যে মূলধনী যন্ত্রপাতির আমদানি প্রবৃদ্ধি ১৮ দশমিক ৬ শতাংশ। এতে প্রতীয়মান হয় যে, দেশে বিনিয়োগ পরিস্থিতির অনুকূল পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রপতি বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের ভাষণে এ কথা বলেন। সংসদে এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন। ভাষণে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে এবং গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, জাতীয় সংসদ দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বর্তমান সরকার রাজনীতি থেকে হিংসা, হানাহানি ও সংঘাতের অবসানের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশকে একটি উন্নত ও আলোকিত দেশ হিসাবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সরকারি দল ও বিরোধী দলসহ সকলকে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান জাতীয় সংসদে যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। রাষ্ট্রপতি যুদ্ধাপরাধীদের বিচারসহ অন্যান্য চাঞ্চল্যকর ও জনগুরুত্বপূর্ণ মামলাসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করেন। বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতির ভাষণের পর আগামী রোববার বিকেল  পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়। অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটি সংসদের চলমান অধিবেশনের মেয়াদ আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেন।

জানুয়ারি ২০, ২০১৬
২৪শে এপ্রিল দশম সংসদ অধিবেশন - image

২৪শে এপ্রিল দশম সংসদ অধিবেশন

30 মার্চ 2016, বিকাল 6:00

২৪শে এপ্রিল জাতীয় দশম সংসদ অধিবেশন শুরু হচ্ছে। বুধবার (৩০ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন। রোববার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় চলতি বছরের দ্বিতীয় এই অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও সময় নির্ধারিত হবে। বাজেট অধিবেশনের আগে সংক্ষিপ্ত এই অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে। এসব বিল এই অধিবেশনে পাস হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এই অধিবেশন শুরু হতে যাচ্ছে। দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২৯ ফেব্রুয়ারি শেষ হয়। ২০১৬ সালের প্রথম ও শীতকালীন এই অধিবেশন শুরু হয়েছিল গত ২০ জানুয়ারি।

মার্চ ৩০, ২০১৬
নারীর সমঅধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর - image

নারীর সমঅধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

18 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বুলগেরিয়ার সোফিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। লন্ডন থেকে সোফিয়া গিয়ে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লিভনিলিয়েভের সঙ্গে বৈঠকের পর ফোরামের অনুষ্ঠানে যান তিনি। সম্মেলনস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এবং কাউন্সিলর অফ উইমেন ইন বিজনেসের চেয়ারপারসন বোরিয়ানা মানোলোভা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইরিনা বোকোভার বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, ‘নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠায় যত প্রতিবন্ধকতা আছে সব দূর করার অঙ্গীকার রয়েছে আমার।’ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকার নারী। বিশ্বকে নারীর জন্য নিরাপদ করতে এবং সমতা প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের একযোগে কাজ করারও আহ্বান জানান শেখ হাসিনা।

মে ১৮, ২০১৬
ইউসিবি পাবলিক পার্লামেন্টের চ্যাম্পিয়ন ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’ - image

ইউসিবি পাবলিক পার্লামেন্টের চ্যাম্পিয়ন ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’

07 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ শ্লোগানে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ এর এবারের বিজয়ী দল ‘প্রাইমএশিয়া ইউনিভার্সিটি’। গতকাল (০৭ জানুয়ারি) বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিওতে অনুষ্ঠিত হয় ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি এটিএন বাংলা সকাল ১১টা০৫মিনিট থেকে সরাসরি সম্প্রচার করে। ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে’র বিষয় ছিল “এই সংসদ মনে করে যে, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দূর্নীতি রোধ করতে”। প্রস্তাবের পক্ষে সরকারী দল হিসেবে অংশ নেয় ইবাইস ইউনিভার্সিটি। আর বিরোধী দল হিসেবে অংশগ্রহন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। সরকারী দলের প্রধানমন্ত্রী-মোঃ রিয়াজুল ইসলাম, মন্ত্রী- অনিতা ইসলাম এবং সংসদ সদস্য- মাসুদ সিকদার। বিরোধী দলের দলনেতা- হাফিজ উদ্দীন মুন্না, উপনেতা- মোঃ জহিরুল হক এবং সংসদ সদস্য- মোঃ জোবায়ের সর্দার মার্জিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার জনাব এএফএম আমিনুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনাব এম এ সবুর। এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) জনাব নওয়াজীশ আলী খান, ইবাইস ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। খন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম দৌলা খান। সংসদীয় ধারার এই প্রতিযোগিতায় উত্থাপিত প্রস্তাব “এই সংসদ মনে করে যে, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দূর্নীতি রোধ করতে” সংসদে গৃহীত না হওয়ায় ‘না’ জয়যুক্ত হয়। এবং এরই প্রেক্ষিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় রানার আপ হয় ইবাইস ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান অজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে চ্যাম্পিয়ন, রানার-আপসহ তৃতীয় স্থান অধিকারী বিতর্ক দলকে যথাক্রমে এক লক্ষ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় আগত অতিথি, বিচারকগনকে সম্মাননা প্রদান করা হয়।

জানুয়ারি ০৭, ২০১৭
‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট ২০১৭’ - image

‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট ২০১৭’

16 ফেব্রুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: নির্বাচনকালীন সরকার পদ্ধতি কী হবে তা নিয়ে এটিএন বাংলায় আজ (১৭ ফেব্র“য়ারি) থেকে প্রচার শুরু হচ্ছে সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট ২০১৭’। দেশের ৩২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রতিযোগিতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাউথইস্ট ইউনিভার্সিটি। উদ্বোধনী বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আকবর আলী খাঁন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর চেয়ারম্যান জনাব এম এ সবুর। বিতর্ক প্রতিযোগিতায় মক স্পিকারের দায়িত্ব পালন করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্ক প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশগ্রহন করেন শাকিল আহমেদ, সানজিদা আক্তার শম্পা, মুশফিকুর মুজাহিদ, মোঃ মাহিদুল ইসলাম এবং মোঃ সাবিক তাহমিদ। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে অংশগ্রহন করেন মোঃতানভির নিয়াজ, তানিয়া সুলতানা, মোঃ নাভিদ আনজুম, মোঃ কাউসার আহম্মেদ এবং মাশকুরা খান। সেলিম দৌলা খানের প্রযোজনায় ইউসিবি পাবলিক পার্লামেন্ট প্রচার হবে আজ (১৭ ফেব্র“য়ারি) বেলা ১১টা ১০মিনিটে এটিএন বাংলায়।

ফেব্রুয়ারি ১৬, ২০১৭
জাতীয় সংসদ অধিবেশনে কোরাম সংকটে বছরে প্রায় ২২ কোটি টাকার ক্ষতি -টিআইবি। - image

জাতীয় সংসদ অধিবেশনে কোরাম সংকটে বছরে প্রায় ২২ কোটি টাকার ক্ষতি -টিআইবি।

29 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

জাতীয় সংসদ অধিবেশনে কোরাম সংকটে বছরে প্রায় ২২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। রাজধানীতে একাদশ জাতীয় সংসদের পাঁচটি অধিবেশনের ওপর অনলাইনে গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি কার্যদিবসে গড়ে ১৯ মিনিট কোরাম সংকট হয়েছে। এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে একাদশ জাতীয় সংসদ কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। সঠিক কৌশল ও দতার অভাবে বিরোধী দলের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিধি অনুযায়ী স্পিকার সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারেননি বলেও অভিযোগ করে টিআইবি।

সেপ্টেম্বর ২৯, ২০২০
শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান - image

শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান

23 জুলাই 2022, বিকাল 6:00

নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং এর জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। সংকটের কারণে জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্যও পরিশোধ করতে পারছে না দক্ষিণ এশিয়ার এই দেশটি। তবে এখন কেবল শ্রীলঙ্কায় নয়, দেশটির পথে হাঁটছে আরও এক দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে পাকিস্তান। -সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল, রয়টার্স রবিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় এবং মানুষ শিগগিরই মাফিয়াদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে বলে শনিবার সতর্ক করেছেন দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার নিজের মতামত ও উদ্বেগ প্রকাশ করে টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তানের ‘হাকীকী আজাদী’ (সত্যিকারের স্বাধীনতা) নিয়ে তার আহ্বানের জবাবে মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদেরকে লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না। তিনি আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পরিণত হওয়া থেকে বেশি দূরে নই। এসময় আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। আমার প্রশ্ন হলো : মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরীফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে; তাদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তারা দেশকে লুট করে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কত দিন ধরে এমন কাজ বরদাস্ত করবে। সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি উপনির্বাচনে বিপুল জয়ের পরেও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরানের দল। এই পরিস্থিতিতে শনিবার ক্ষমতাসীন ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির জোটের বিরুদ্ধে সরব হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরিবার এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে লক্ষ্য করেই এসব কথা বলেন ইমরান খান। মূলত গত সপ্তাহে পাঞ্জাবের উপনির্বাচনে জয়ের পর শুক্রবার প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটও পেয়েছিলেন ইমরান তথা পিটিআই-এর প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে সর্বোচ্চ ভোট না পেয়েও মুখ্যমন্ত্রী হন পিএমএল (এন)-পিপিপি জোটের প্রার্থী শেহবাজ-পুত্র হামজা শরীফ। উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না শ্রীলঙ্কা। ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। এছাড়া চলতি মাসের মাঝামাঝিতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শ্রীলঙ্কার পর বর্তমান বিশ্বের আরও এক ডজন তথা ১২টি দেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মূলত নানামুখী বিপর্যয়ের কারণে খাদের কিনারায় থাকা দেশগুলোকে চিহ্নিত করে তাদের অর্থনৈতিক দুরবস্থার দিকটিকে সামনে আনে বার্তাসংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পর অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা এসব দেশের বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে গেছে যা ভবিষ্যতের চরম সংকটের ইঙ্গিত দিচ্ছে। আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, ইকুয়েডরসহ ওই তালিকায় রয়েছে বেলারুশ, নাইজেরিয়া, পাকিস্তানের মতো দেশও।

জুলাই ২৩, ২০২২
পেলোসির সফর: তাইওয়ানের ওপর চীনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা - image

পেলোসির সফর: তাইওয়ানের ওপর চীনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা

02 আগস্ট 2022, বিকাল 6:00

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে উত্তেজনার মধ্যে তাইওয়ানের সাথে বাণিজ্য সীমিত করেছে চীন। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। বুধবার চীনা বাণিজ্য ও শুল্ক কর্তৃপক্ষ জানায়, তারা বালির রপ্তানি এবং তাইওয়ানের সাইট্রাস ফল এবং কিছু ধরণের মাছ আমদানি বন্ধ করেছে। গতকাল মঙ্গলবার বিস্কুট, কনফেকশনারীসহ তাইওয়ানের অন্যান্য পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, অনির্দিষ্ট আইনি বিধানের সাথে সামঞ্জস্য রেখে তাইওয়ানের পণ্য আমদানি ও বালি রপ্তানি স্থগিত করা হয়েছে। চীনের তাইওয়ান বিষয়ক অফিস আলাদাভাবে ঘোষণা করেছে, তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং তাইওয়ান আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন তহবিলের সাথে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার চীনের শুল্ক সংস্থা জানিয়েছিল, রপ্তানি নিবন্ধন পুনঃ নিবন্ধন করতে ব্যর্থ হওয়ার জন্য ১০০ টিরও বেশি তাইওয়ানের খাদ্য ব্র্যান্ডকে কালো তালিকাভুক্ত করেছে। তাইপেই টাইমস জানিয়েছে, তাইওয়ানের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক উ শউ-মেই বলেছেন, রাতারাতি পদক্ষেপগুলি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। চীন তাইওয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২১ সালে চীন এবং হংকংয়ে দ্বীপটির রপ্তানি ১৮৮.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চীনের এই নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিকভাবে ব্যপক ক্ষতিগ্রস্থ হবে তাইওয়ান।

আগস্ট ০২, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo