logo
youtube logotwitter logofacebook logo

শুল্ক

পেলোসির সফর: তাইওয়ানের ওপর চীনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা - image

পেলোসির সফর: তাইওয়ানের ওপর চীনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা

02 আগস্ট 2022, বিকাল 6:00

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে উত্তেজনার মধ্যে তাইওয়ানের সাথে বাণিজ্য সীমিত করেছে চীন। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। বুধবার চীনা বাণিজ্য ও শুল্ক কর্তৃপক্ষ জানায়, তারা বালির রপ্তানি এবং তাইওয়ানের সাইট্রাস ফল এবং কিছু ধরণের মাছ আমদানি বন্ধ করেছে। গতকাল মঙ্গলবার বিস্কুট, কনফেকশনারীসহ তাইওয়ানের অন্যান্য পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, অনির্দিষ্ট আইনি বিধানের সাথে সামঞ্জস্য রেখে তাইওয়ানের পণ্য আমদানি ও বালি রপ্তানি স্থগিত করা হয়েছে। চীনের তাইওয়ান বিষয়ক অফিস আলাদাভাবে ঘোষণা করেছে, তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং তাইওয়ান আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন তহবিলের সাথে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার চীনের শুল্ক সংস্থা জানিয়েছিল, রপ্তানি নিবন্ধন পুনঃ নিবন্ধন করতে ব্যর্থ হওয়ার জন্য ১০০ টিরও বেশি তাইওয়ানের খাদ্য ব্র্যান্ডকে কালো তালিকাভুক্ত করেছে। তাইপেই টাইমস জানিয়েছে, তাইওয়ানের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক উ শউ-মেই বলেছেন, রাতারাতি পদক্ষেপগুলি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। চীন তাইওয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২১ সালে চীন এবং হংকংয়ে দ্বীপটির রপ্তানি ১৮৮.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চীনের এই নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিকভাবে ব্যপক ক্ষতিগ্রস্থ হবে তাইওয়ান।

আগস্ট ০২, ২০২২
চীনে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ - image

চীনে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

06 আগস্ট 2022, বিকাল 6:00

বাংলাদেশকে আরও ১ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এতে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশ। রোববার (৭ আগস্ট) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান। তিনি বলেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্য আরও ১ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এতে বাংলাদেশ তার রফতানি পণ্যের মোট ৯৯ শতাংশই শুল্ক ছাড়া চীনে রফতানি করতে পারবে। এই সুবিধা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে চীনের সঙ্গে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি। চতুর্থ চুক্তিটির বিষয়ে বিস্তারিত লিখিতভাবে জানানো হবে।

আগস্ট ০৬, ২০২২
ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি - image

ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

17 এপ্রিল 2023, বিকাল 6:00

পবিত্র লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বাংলাবন্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, পবিত্র ঈদুল ফিতর ও লাইলাতুল শবে ক্বদর উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ও সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, চার দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন তথা বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড অয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ এপ্রিল যথারীতি মেনে বন্দরের কার্যক্রম চালু হবে। বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

এপ্রিল ১৭, ২০২৩
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশংসা আইএমএফ প্রধানের - image

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশংসা আইএমএফ প্রধানের

29 এপ্রিল 2023, বিকাল 6:00

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ওয়াশিংটনের রিজ-কার্লটন হোটেলে আইএমএফের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এদিকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর করছেন। স্থানীয় সময় সোমবার (১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, আইএমএফ প্রধানের সঙ্গে আলাপে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ‘ব্রিদিং স্পেস’ হিসেবে বাংলাদেশ ঋণ নিয়েছে। এসময় আইএমএফ এমডি প্রধানমন্ত্রীর নেতৃত্বের অভূতপূর্ব প্রশংসা করেছেন। একইসঙ্গে করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার প্রশংসা করেছেন। ক্রিস্টিলিনা জর্জিয়েভা বলেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, ভালো কানেকটিভিটি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার কারণে বাংলারদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর আগে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসির ডালাস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমেদ কায়কাউস। ওয়াশিংটন ডিসিতে সাত দিনের সফর শেষ করে তিনি যুক্তরাজ্য ও কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য ৪ মে লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী জাপানে যান। জাপানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর জাপান সফরকালে ঢাকা ও টোকির মধ্যে কৃষি, মেট্রো রেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধা সম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ আটটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। গত ২৬ এপ্রিল শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিনে তিনি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করেন। প্রধানমন্ত্রী গত ২৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য চারজন জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার’ প্রদানের পাশাপাশি বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। টোকিও সফরকালে প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে বৈঠক এবং জাইকা, জেট্রো, জেইবিআইসি, জেবিপিএফএল ও জেবিসিসিইসি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকসহ একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। শেখ হাসিনা জাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে এবং একজন জাপানি স্থপতি তাদাও আন্দোর সঙ্গেও বৈঠক করেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জেলে থাকা অবস্থায় বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই পরিকল্পনাগুলো করেছেন। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। দেশের এই উন্নয়ন রাতারাতি হয়নি, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল।

এপ্রিল ২৯, ২০২৩
রাজা চার্লসের অভিষেকে যোগ দিতে আজ লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী - image

রাজা চার্লসের অভিষেকে যোগ দিতে আজ লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী

03 মে 2023, বিকাল 6:00

যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ অঞ্চলের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আজ বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৫৫ মিনিটে অবতরণ করবে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠান ও একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান এবং মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক ও একটি নাগরিক সংবর্ধনাসহ কিছু পার্শ্ব ইভেন্টে যোগ দেন। তিনি তার জাপানি সমকক্ষ ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের টোকিওতে তার চার দিনের সরকারি সফর শেষ করে ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছেন। এর আগে ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। জাপান সফরকালে প্রধানমন্ত্রী কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়াদি, মেধাসম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আটটি চুক্তি সই করেন। আগামী ৯ মে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

মে ০৩, ২০২৩
চিনির নতুন দাম নির্ধারণের প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি - image

চিনির নতুন দাম নির্ধারণের প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি

09 মে 2023, বিকাল 6:00

চিনির নতুন দাম নির্ধারণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। খোলা চিনির দাম আগের নির্ধারিত দাম প্রতি কেজি ১০৪ টাকা থেকে ১৬ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ১২০ টাকা। একইভাবে ১০৯ টাকার প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ১২৫ টাকা। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠিয়েছে, তাতে বলা হয়েছে, এক কেজি পরিশোধিত খোলা চিনির প্রস্তাবিত মিলগেট মূল্য ১১৫ টাকা এবং পরিবেশক মূল্য হবে ১১৭ টাকা। পরিশোধিত প্যাকেটজাত চিনির মিলগেট মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৯ টাকা আর পরিবেশক পর্যায়ে যার দাম হবে কেজিতে ১২১ টাকা। কমিশন এ দাম প্রস্তাব করেছে ডলারের বিনিময়মূল্য ১১১ টাকা হিসেব করে। এদিকে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য এবং ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় চিনি আমদানিতে শুল্ক ছাড়ের মেয়াদ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানিকৃত খাদ্যের মান নিশ্চিতকরণে আমদানি নীতি আদেশ-২০২১-২০২৪ সম্পর্কে স্টেকহোল্ডারদের অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব আরও বলেন, চিনির জন্য শুল্কছাড় এখনো বলবৎ রয়েছে। এটা ৩১ মে শেষ হবে। চিনির জন্য শুল্কছাড় অব্যাহত রাখার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে চিঠি পাঠাব। যেহেতু চিনির দাম বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা শুল্কহার আরও কমানোর জন্য সুপারিশ করব। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় চিনির আমদানি কমেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে দাম সমন্বয় করার অনুরোধ জানালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়। এরপর ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে চিনি বিক্রয়ের জন্য বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনকে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে তারা আমাদেরকে এ বিষয়ে এখনো কিছু জানায়নি। বাণিজ্য সচিব বলেন, যখনই কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকে না তখন আমরা এনবিআরকে শুল্কহার কমানোর জন্য অনুরোধ জানাই। তারা কখনো কমায় আবার সম্ভব না হলে কমাতে পারেন না।

মে ০৯, ২০২৩
বাড়ল চিনির দাম - image

বাড়ল চিনির দাম

10 মে 2023, বিকাল 6:00

আমদানি খরচ বাড়ায় দেশের বাজারে ১৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গতকাল বুধবার (১০ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে বাণিজ্য সচিব (সিনিয়র সচিব) তপন কান্তি ঘোষ ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী চিনির দাম বাড়ানোর প্রস্তাবের কথা জানিয়েছিলেন। বাণিজ্য সচিব জানান, গত কয়েকদিন আগে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে দাম সমন্বয় করার অনুরোধ জানালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়। পরে ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে চিনি বিক্রয়ের জন্য বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনকেও মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে তারা আমাদের এ বিষয়ে এখনো কিছু জানায়নি। ওই সময় চিনি আমদানির জন্য শুল্কহার এখনো বলবৎ রয়েছে উল্লেখ করে তিনি আরও জানিয়েছিলেন, এটা ৩১ মে শেষ হবে। চিনির জন্য শুল্কহার অব্যাহত রাখার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে চিঠি পাঠাব। যেহেতু চিনির দাম বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা শুল্কহার আরও কমানোর জন্য সুপারিশ করব। সর্বশেষ গত এপ্রিলে প্রতি কেজি খোলা চিনি ১০৪ টাকা ও প্যাকেট চিনি ১০৯ টাকা দরে বিক্রির ঘোষণা দিয়েছিল সরকার।

মে ১০, ২০২৩
কমতে পারে যেসব পণ্যের দাম - image

কমতে পারে যেসব পণ্যের দাম

31 মে 2023, বিকাল 6:00

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় ২০২৩-২৪ অর্থবছরের এই জাতীয় বাজেট উপস্থাপন চলছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার এই বাজেট উপস্থাপন করছেন। এবার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে চার লাখ ৩০ হাজার কোটি টাকা।  এবারের বাজেটে যেসব পণ্যর দাম কমতে পারে, তা হলো— ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম : বাজেটে আরও ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত দিতে পারে সরকার। অ্যান্টি-ক্যানসার এবং অ্যান্টি-ডায়াবেটিস ওষুধের কাঁচামাল আমদানিকে শুল্ক মওকুফের আওতায় আনা হবে। কৃষি যন্ত্রপাতি : বাজেটে শুল্ক ছাড়ের কারণে কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতি তৈরির সরঞ্জামের দাম। ই-কমার্সের খরচ : বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে তাদের বিক্রয়ের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক), ডেলিভারি চার্জের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট, বাড়ি ভাড়ার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করতে হয়। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দাবি মেনে নিয়ে বিক্রির ওপরে ৫ শতাংশ হারে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। এর ফলে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো ভ্যাট অব্যাহতি পেলে কমবে ডেলিভারি চার্জ। বিদেশি পোশাক : আসন্ন বাজেটে অভিজাত বিদেশি কাপড় আমদানির ওপর শুল্ক কমানো বা অব্যাহতি দেওয়া হতে পারে। এনবিআর সূত্রে জানা যায়, এসব পণ্যে শুল্ক কর ২০-২৫ কমিয়ে পাঁচ থেকে ১০ শতাংশ করা হতে পারে। এর ফলে বিলাসবহুল কাপড়ের শুল্ক যদি কমানো হয়, তাহলে কম দামে পাওয়া যাবে এসব পোশাক। স্যানিটারি ন্যাপকিন : একইসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার ও টয়লেট্রিজের কাঁচামাল আমদানি পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির মেয়াদও একবছর বাড়তে পারে। এসব কিছুই জনস্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অপরিহার্য। এনবিআরের সূত্র বলছে, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং সংশ্লিষ্ট শিল্পের আরও বিকাশে সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত স্যানিটারি প্যাড এবং ডায়াপারের কাঁচামালের ক্ষেত্রে ভ্যাট ছাড় অব্যাহত রাখতে পারে। সাবান ও শ্যাম্পু : সাবান ও শ্যাম্পুর কাঁচামাল লাবসা ও এসএলইস-এর উৎপাদন পর্যায়ে বর্তমানের হ্রাসকৃত পাঁচ শতাংশ ভ্যাট সুবিধা আরও একবছর বাড়ানো হতে পারে। এলইডি বাল্ব : দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেটের দাম কমতে পারে। দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক ২০-২৫ শতাংশ শুল্ক রয়েছে। আসন্ন বাজেটে ওই শুল্ক ১০-৫ শতাংশ কমানোর প্রস্তাব আসছে বাজেটে। সেহিসাবে দেশীয় এলইডি বাল্ব ও সুইস-সকেট মিলতে পারে তুলনামূলক কম দামে। মাংস ও মাংসজাত পণ্য : এবারের বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব আসতে পারে। এর উদ্দেশ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া পণ্যটির দাম কমিয়ে আনা। এ পণ্যের উৎসে অগ্রিম আয়কর ৭ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হতে পারে। অগ্রিম আয়কর কমালে মাংসের দাম কমতে পারে। মিষ্টি : দাম কমার তালিকায় আরও রয়েছে মিষ্টি। কারণ মিষ্টির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে সাত শতাংশ করা হচ্ছে। এর সঙ্গে মিষ্টি জাতীয় আরও কিছু প্যাকেটজাত পণ্যেও ভ্যাট কমানো হচ্ছে।

মে ৩১, ২০২৩
নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন : রাষ্ট্রদূত - image

নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন : রাষ্ট্রদূত

15 আগস্ট 2023, বিকাল 6:00

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অভ্যন্তরীণ বিষয় এবং নির্বাচন ইস্যুতে চীন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, তারাই ঠিক করবে কীভাবে নির্বাচন হবে। বুধবার (১৬ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান এম এ মান্নান ও ইয়াও ওয়েন। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সবরকম সহযোগিতা করবে চীন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একইসঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে চীনা বিনিয়োগকারীদের। এসব বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

আগস্ট ১৫, ২০২৩
নিত্যপণ্য সরবরাহের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে ভারতের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর - image

নিত্যপণ্য সরবরাহের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে ভারতের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

25 আগস্ট 2023, বিকাল 6:00

ভারত থেকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে প্রস্তাবিত প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (২৫ আগস্ট) ভারতের জয়পুরে অনুষ্ঠিত জি-২০ বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রীদের সভার আগে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহবান জানান টিপু মুনশি। ভারত থেকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের একটি প্রক্রিয়া প্রণয়নে অগ্রগতির জন্য টিপু মুনশি ভারতীয় বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের জন্য তার সমর্থন কামনা করেন। টিপু মুনশি সম্প্রতি পেঁয়াজের ওপর শতকরা ৪০ ভাগ রপ্তানি শুল্ক আরোপের ফলে বাংলাদেশে পণ্যটির দামে বিরূপ প্রভাব পড়েছে বলে ভারতের বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে পীযূষ গোয়েলে বলেন, ‘বিশ্বব্যাপী উৎপাদনে ব্যাঘাত, সরবরাহের ঘাটতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট অসুবিধাগুলো কাটিয়ে উঠতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিকূল আবহাওয়া ও খাদ্য মূল্যস্ফীতির কারণে ভারতও কৃষিজাত পণ্যের উৎপাদন ঘাটতিতে ভুগছে। এ কারণে ভারত সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে।’ বাংলাদেশকে আশ্বস্ত করে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, খুব শিগগিরই তারা এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ করলে পীযূষ গোয়েলে এ বিষয়ে সর্বোচ্চ বিবেচনার আশ্বাস প্রদান করেন। এছাড়া অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনার জন্য আগামী দুই মাসের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে উপস্থাপন এবং এগুলো নিষ্পত্তি করার ওপর গুরুত্বারোপ করেন। ভারতের বাণিজ্যমন্ত্রী জি-২০ মন্ত্রী পর্যায়ের ঘোষণা চূড়ান্ত করার ক্ষেত্রে বাংলাদেশের মূল্যবান অবদানের প্রশংসা করে বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বিশেষ বন্ধুত্ব ও অংশীদারিত্বকে মূল্যায়ন করে থাকে।’ জি-২০এর সভাপতি হওয়ায় ভারতকে অভিনন্দন জানান এবং অর্থনৈতিক সহযোগিতা ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এদিন টিপু মুনশি সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী এমই মাজিদ আল কাসাবির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর মধ্যে আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে বলে উভয় মন্ত্রী আশা প্রকাশ করেন। পরে জি-২০ বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রীদের সভায় যোগদান করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভায় তিনি বাংলাদেশসহ গ্র্যাজুয়েশন ট্র্যাকে থাকা দেশগুলোকে ২০২৬ সালের পরেও এলডিসি দেশগুলোর জন্য প্রযোজ্য শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার ক্ষেত্রে সমর্থন প্রদানের জন্য জি-২০ জোটের সদস্যদের প্রতি আহ্বান জানান। আগামী বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলনে এলডিসি থেকে উত্তরণপ্রাপ্ত দেশগুলোর পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য জি-২০ দেশের মন্ত্রীদের অনুরোধ করেন তিনি।

আগস্ট ২৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo