logo
youtube logotwitter logofacebook logo

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর - image

মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা। আক্ষেপ সরকারি টাকার অপব্যয়ে আর বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার না হওয়ায়। তবে সামগ্রিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই তৃপ্তির ঢেকুর তুলে বাজেটে অর্থমন্ত্রী দেখালেন বেশ কিছু স্বপ্নও। এবারের বাজেটের আগে অর্থমন্ত্রীর সবচেয়ে বড় স্বস্তির কারণ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম। যেভাবে তেলের দাম কমছে তাতে জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাবার প্রধান কারণ নাই। আর এতেই নিয়ন্ত্রণে থাকবে মূল্যস্ফীতি। অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী রমজানে দাম বাড়ার হিড়িক সত্ত্বেও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ পার হবে না। আর আগামী অর্থবছরে সেটা আরও কমে ৫ দশমিক ৮ নামাবে। হতাশার জায়গায় মুখ্য বিষয় বিনিয়োগ। অর্থমন্ত্রীর ভাষায়, যা হচ্ছে তা যথেষ্ট না।  সক্ষমতার ঘাটতির জন্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়না ঠিকমতো। বিদেশি সাহায্যও কাজে লাগানো যায়না পুরোটা। অর্থবছরের শেষভাগে প্রকল্প শেষ করার তাড়াহুড়োয় নষ্ট হয় সরকারি টাকা। বিদ্যুৎ খাতে উৎপাদন নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছুচ্ছে না এটাই কষ্টের কারণ। সঞ্চালনজনিত দুর্বলতাকেই এর কারণ মনে করেন মন্ত্রী। নানা ঘাটতির মধ্যেও অর্থমন্ত্রী তৃপ্তির ঢেকুর তুলছেন জিডিপির প্রবৃদ্ধি নিয়েই। বলছেন উদীয়মান দেশগুলোর তুলনায় পিছিয়ে নেই বাংলাদেশ। আর তাই এবার একটি স্বপ্নও দেখতে চান ৮৩ বছর বয়সী এই মন্ত্রী। সেই স্বপ্ন ঢাকার বুকে ১৪২ তলা ভবনের। শুধু অবকাঠামো নির্মাণ না, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নও দেখাচ্ছে অর্থমন্ত্রী। ‌নানা খাতে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান তিনি। থাকছে সব ধরণের চাকুরীজীবীদের জন্য পেনশনের গল্পও।

জুন ০১, ২০১৬
যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী নাদিম জাহাবি - image

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী নাদিম জাহাবি

05 জুলাই 2022, বিকাল 6:00

যুক্তরাজ্যের নতুন চ্যান্সেলর অব এক্সচেকার বা অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন নাদিম জাহাবি। গত মঙ্গলবার তাঁর পূর্বসূরি ঋষি সুনাক পদত্যাগ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নাদিম জাহাবিকে তাঁর স্থলাভিষিক্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ৫৫ বছর বয়সী নাদিম জাহাবি দেশটির অর্থনীতির এক সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করছেন। বিগত প্রায় তিন দশকের মধ্যে ব্রিটেন বর্তমানে বেশ বড় ধরনের মূল্যস্ফীতিতে ভুগছে। সামনের দিনগুলোতে তাঁর জন্য দেশটির সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নাগালে রাখতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর আগে নাদিম জাহাবি ব্রিটেনের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তাঁরা মান বজায় রেখে বরিস জনসনের সরকার পরিচালনার সক্ষমতার দিকেই ইঙ্গিত করেন। কোভিড লকডাউনে আইন ভেঙে পার্টি করার অভিযোগ থেকে মুক্তি পেতে না পেতেই দুই মন্ত্রীর পদত্যাগ বরিস জনসন ও তাঁর সরকারের জন্য বেশ বড় ধরনের হুমকি বলেই মনে করা হচ্ছে। সাজিদ জাভিদ বলেছেন, একগাদা কেলেঙ্কারির পর জাতীয় স্বার্থ বজায় রেখে বরিস জনসন সরকার পরিচালনা করতে পারবেন এ বিষয়ে তিনি আস্থা হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় দায়িত্ব পালনে তাঁর বিবেক সায় দিচ্ছে না। তিনি আরও বলেছেন, ‘অনেক আইনপ্রণেতাসহ সাধারণ জনগণ মনে করে বরিস জনসন জাতীয় স্বার্থ বজায় রেখে সরকার পরিচালনা করতে সক্ষম নন।’ বরিসের কাছে পদত্যাগপত্রে জাভিদ লিখেছেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আপনার নেতৃত্বে বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তাই আপনি আমার আস্থা হারিয়েছেন।’ এদিকে ঋষি সুনাক জানিয়েছেন, তিনি অনিচ্ছা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছেন। কারণ যেভাবে সরকার চলছে, সেভাবে চলতে পারে না। তিনি এক টুইটে বলেছেন, ‘জনগণের আশা সরকার সবকিছু সঠিক ও যথাযথভাবে পরিচালনা করবে।’ তাঁর মতেও বরিস জনসন সরকার পরিচালনার ক্ষেত্রে যথাযথ দক্ষতার পরিচয় দিতে পারেননি।

জুলাই ০৫, ২০২২
‘নিখোঁজ’ বরিস জনসন - image

‘নিখোঁজ’ বরিস জনসন

05 আগস্ট 2022, বিকাল 6:00

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বরিস জনসনের হদিস জানতে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে যোগাযোগ করেছিল এএফপি। সেখানকার কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ছুটি কাটাচ্ছেন। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন— এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডাউনিং স্ট্রিটের কোনো কর্মকর্তা। যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা টাইমসের এক প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, বরিস জনসন তার স্ত্রী ক্যারি সাইমন্ডসের সঙ্গে বর্তমানে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় রয়েছেন; সেখানে বিলম্বিত মধুচন্দ্রিমা উদযাপন করছেন তারা। কিন্তু এই তথ্যের সপক্ষে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি পত্রিকাটি। ফলে, তিনি বর্তমানে কোথায় রয়েছেন— তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। ব্রিটেনের বাণিজ্য, বিদ্যুৎ ও শিল্পমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং এএফপিকে বলেন, ‘আমি জানিনা বরিস জনসন এখন কোথায়। তবে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি নিয়মিত যোগাযোগ রাখছি।’ লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে নিজ দল কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টির এমপিদের প্রচণ্ড চাপের মুখে গত ৭ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিজের দল কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদ থেকেও তিনি অব্যাহতি একরকম নিশ্চিত হয়ে যায়। তবে এ দুই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও আগামী শরৎকাল পর্যন্ত দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি গ্রীষ্মে কনজারভেটিভ দলীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনে নির্বাচিত দলীয় প্রধান নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যে দুজন বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন, তারা হলেন— দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী লিজ ট্রাস ও বর্তমান সরকারের সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক।

আগস্ট ০৫, ২০২২
বাড়ছে না ব্যাংক সুদের হার - গভর্নর আবদুর রউফ তালুকদার - image

বাড়ছে না ব্যাংক সুদের হার - গভর্নর আবদুর রউফ তালুকদার

27 আগস্ট 2022, বিকাল 6:00

প্রস্তাব এলেও ব্যাংক ঋণের সুদ হার বাড়ানো হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। শনিবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএমে ব্যাংকিং সম্মেলন এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা আগামী দুই-তিন মাসের মধ্যে স্বাভাবিক হবে বলেও জানান তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থিরতা দেশের ডলারের বাজারে। অনেকটা লাগামহীন হয়ে পড়ে দাম কমতে থাকে টাকার মান। এমন পরিস্থিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কঠিন হয়ে পড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে নানা পদেক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের উদ্বেগ নেই দাবি করে তিনি বলেন, ‘এখন যে মূল্যস্ফীতি, তা কিন্তু আমদানির কারণে তেল ও সার কিনে আনতে হয়। তেলের দাম বেড়েছে। সার বিকল্প উপায়ে কম দরে কেনার চেষ্টা চলছে। পরিস্থিতির উন্নয়নে সরকার ও বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে এগোচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ ভালোর দিকে আছে।’ বিআইবিএমে ব্যাংকিং সম্মেলনে ব্যাংকগুলোকে সতর্ক করলেন গভর্নর। জানান ব্যাংক মুনাফা করবে তবে সামগ্রিক স্বার্থ ক্ষুন্ন করে নয়। তিনি বলেন, ব্যাংক শুধু মুনাফাই করবে না, সুশাসনের চর্চাও অব্যাহত রাখবে, নইলে পুরো খাতটিই ক্ষতিগ্রস্ত হবে। জানান, ব্যাংকের পরিচালক ও ব্যবস্থাপনার কর্মকর্তাদের দায়িত্ব ও কাজ সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করবেন। পরিচালকরা ব্যবস্থাপনার কাজ করবেন না। আর কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাবেন। সম্মেলনে ব্যাংকের খেলাপি ঋণ সমস্যা সমাধানে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি বলে মন্তব্য করেন ব্যাংক কর্মকর্তারা। দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো টেকসই করতে ব্যাংকগুলোকে আরও দক্ষ হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

আগস্ট ২৭, ২০২২
জয়ের কাছে এসেও অপেক্ষা বাড়ল এরদোয়ানের - image

জয়ের কাছে এসেও অপেক্ষা বাড়ল এরদোয়ানের

14 মে 2023, বিকাল 6:00

রবিবার ভোট গ্রহণ হয়েছে তুরস্কের জাতীয় নির্বাচনে। ৯৭ শতাংশের বেশি ভোট গণনা শেষে বেসরকারি হিসেবে ৪৯.৪৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ শতাংশ। কিন্তু জয়ের কাছাকাছি গিয়েও যেনো থেমে যেতে হলো এরদোয়ানকে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এবারের নির্বাচন স্পষ্টতই দ্বিতীয় দফায় গড়ানোর পথে রয়েছে।তুরস্কের নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে রানঅফ বা দ্বিতীয় দফায় ভোটে যেতে হবে। সেই হিসাবে, ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে দেশটিতে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি তুরস্ক। ভোটাভুটি দ্বিতীয় দফায় গড়ালেও আত্মবিশ্বাসী ও লড়াকু মেজাজে রয়েছেন এরদোয়ান জানিয়েছে রয়টার্স। আঙ্কারায় দলের সদর দপ্তরের বারান্দায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য এরদোয়ান বলেন, ‘প্রথম দফা ভোটে নির্বাচন শেষ হবে কি না, আমরা এখনো তা জানি না। কিন্তু দেশের মানুষ ইচ্ছায় দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত রয়েছি আমি।’ আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের পর সবচেয়ে প্রভাবশালী নেতা মনে করা হয় এরদোয়ানকে। “লৌহমানব” খ্যাত এই নেতা গত কয়েক দশকে ক্ষমতা পোক্ত করেছেন, তেমনি ভিন্নমত কঠোরভাবে দমন করেছেন। তবে দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও জীবনযাত্রার মান কমে যাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন জনগণ। এর মধ্যেই গত ফেব্রুয়ারিতে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে লাখো ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রশ্নের মুখে পড়তে হয় এরদোয়ানের সরকারকে। তাই ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং বিধ্বংসী ভূমিকম্পের পর এবারের নির্বাচনকে বেশ গুরুত্ব দিচ্ছে দুই দলই। তবে ভাগ্য এখনো ঝুলে থাকলেও ইতিমধ্যে উল্লাসে মেতেছেন এরদোয়ানের সমর্থকেরা। জাতীয় পতাকা হাতে স্লোগান দিয়েছেন দলটির কর্মী-সমর্থকেরা। ফুটানো হয়েছে আতশবাজি।

মে ১৪, ২০২৩
বাজেট নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু - image

বাজেট নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু

31 মে 2023, বিকাল 6:00

২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক শুরু হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবিত অর্থবিল ও বাজেট রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য নেওয়া হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাক্ষরের পর তা সংসদে উত্থাপন করা হবে। এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘উন্নয়নের দেড় দশক : স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’ এবারের বাজেট হতে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের ২৩ তম বাজেট হতে যাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে বলে জানা গেছে। আর ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর। আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। আর দেশের জিডিপির আকার ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা করা হচ্ছে। মূল্যস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে আটকে রাখার পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রীর। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। যেখানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

মে ৩১, ২০২৩
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ - image

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

17 জুন 2023, বিকাল 6:00

নানা চ্যালেঞ্জের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ সংকোচনমূলক মুদ্রানীতি দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১৮ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। অনুষ্ঠানে ডেপুটি গভর্নরসহ বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকবেন। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়। নতুন মুদ্রানীতি প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর গণমাধ্যমকে, আজ আনুষ্ঠানিকভাবে গভর্নর মুদ্রানীতি ঘোষণা করবেন। এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি জোর দেওয়া হবে। মুদ্রানীতিতে মুদ্রার একক বিনিময় হার চালুর বিষয়ে তুলে ধরা হবে। এছাড়া ইন্টারেস্ট রেট নিয়ে নতুন ঘোষণা আসবে; এখন যে ৯ শতাংশের ক্যাব দেওয়া আছে তা তুলে দিয়ে যৌক্তিক পর্যায়ে নেওয়া হবে। তবে এটা কত হবে তা মুদ্রানীতিতে গভর্নর তুলে ধরবেন।

জুন ১৭, ২০২৩
বাধ্যতামূলক ২ হাজার টাকা করের বিধান বাতিল - image

বাধ্যতামূলক ২ হাজার টাকা করের বিধান বাতিল

25 জুন 2023, বিকাল 6:00

রিটার্ন দাখিলে ন্যূনতম ২ হাজার টাকা করের বিধান বাতিল করে জাতীয় সংসদে অর্থবিলের সংশোধনী পাশ করা হয়েছে। ১ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের সবচেয়ে আলোচিত বিষয় আয়কর রিটার্ন জমায় ন্যূনতম ২ হাজার টাকা আয়কর দেওয়ার বাধ্যবাধকতা আরোপ। এবার বাজেট ঘোষণার সময় রিটার্ন জমার বাধ্যবাধকতা আছে এমন করদাতার জন্য করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার প্রস্তাব করা হয়। অর্থবিল পাশের সময় গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শুধু এ সংক্রান্ত সংশোধনী গ্রহণ করেন। বাকি  করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা করা হলেও অর্থবিলের তপশিল-২-এর অনুচ্ছেদ ক-এর ঝ-প্যারায় উল্লেখ করা হয়েছে, ‘রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে এ রূপ করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম না করিলে আয়ের পরিমাণ নির্বিশেষে ন্যূনতম করের পরিমাণ ২ হাজার টাকা হইবে।’ গতকাল অর্থবিল ২০২৩-এর সংশোধী প্রস্তাবের তালিকায় ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান বিলের উল্লেখিত প্যারাটি বর্জন করার প্রস্তাব করেন। অর্থমন্ত্রী এই সংশোধনীর প্রস্তাব গ্রহণ করেন। মোট ৮২টি সংশোধনীর প্রস্তাব সংসদে উপস্থাপন করে সংসদ সদস্যরা। এর মধ্যে শুধু ২ হাজার টাকা কর বাতিলের প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটি গতকাল রাতে অর্থমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে এ বিল পাশ করা হয়। এর আগে বিলটির সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।    বাজেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমাপনী বক্তব্যের পর অর্থবিল-২০২৩ সংসদে পাশের জন্য উত্থাপন করা হয়। অর্থমন্ত্রী গত ১ জুন আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিল। আজ সোমবার বাজেট পাশের সূচি রয়েছে। গতকাল অর্থমন্ত্রী তার সমাপনী বক্তব্যে উল্লেখ্য করেন, আমাদের এবারের বাজেটের মূল দর্শন, ২০৪১ সালের মধ্যে আধুনিক বাংলাদেশের রূপকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্রেইনচাইল্ড সুখী-সমৃদ্ধ উন্নত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ। তাই আমরা বাজেটের প্রতিটি খাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। অর্থমন্ত্রী উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনায়, আমরা দেশের জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণ ও বিভিন্ন ভাতার হার বৃদ্ধি করেছি। আমরা দেশের প্রায় সাড়ে ৪ কোটি মানুষকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনতে পেরেছি। প্রায় ১ কোটি পরিবারকে বিনা মূল্যে বা স্বল্প মূল্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। বাংলাদেশের ‘উন্নয়ন অর্থনীতির কারিগর’, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাদের বাংলাদেশকে মাত্র ১৪ বছরে ৬০তম অবস্থান থেকে ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বিশ্বের ২০টি বৃহত্ অর্থনীতির দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও জ্ঞানভিত্তিক ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা। অর্থমন্ত্রী উল্লেখ করেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনার অসীম সাহস ও দূরদর্শী নেতৃত্বে সব চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে, আপনাদের সকলের সহযোগিতায়, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি সফলভাবে বাস্তবায়ন করে আমরা স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এগিয়ে যাব ইনশাআল্লাহ।

জুন ২৫, ২০২৩
সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা ঘোষণা - image

সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা ঘোষণা

25 জুন 2023, বিকাল 6:00

বাজেট আলোচনায় সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবিদের পাঁচ শতাংশ হারে আপদকালীন প্রণোদনা দেয়া হবে। সমস্যা দেখে ঘাবড়ালে চলবে না, সেটা মোকাবেলা করতে হবে। যারা চোখে ভাল কিছু দেখে না, তারাই বাজেটকে উচ্চাভিলাষী বলছে। প্রধানমন্ত্রী সংসদে জানান, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে জাতীয় নির্বাচন। নিঃস্বার্থভাবে কাজ করার মতো এমন আর কোন নেতৃত্ব দেশে নেই বলে উল্লেখ করেন তিনি।  প্রধানমন্ত্রী জানান, রবিবার (২৫ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে সমাপনী আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন-নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করে বিশ্বকে সক্ষমতার প্রমাণ দেখিয়েছে বাংলাদেশ। গ্রামের উন্নয়ন যারা চোখে  দেখে না তারা বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করছে বলে উল্লেখ করেন তিনি। কথা বলেন, জাতীয় নির্বাচন নিয়েও। প্রধানমন্ত্রী সংসদে জানান, চলতি অর্থবছরে দেশে সর্বজনীন পেনশন চালু হবে। মূল্যস্ফীতির চাপ সহনীয় করতে সরকারি চাকরিজীবিদের জন্য দেয়া হবে বিশেষ প্রণোদনা। এরপর সংসদে অর্থবিল ২০২৩ উত্থাপন করেন অর্থমন্ত্রী। এর ওপর জনমত যাচাই এবং সংশোধনী প্রস্তাব দেন বিরোধীদল জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা। এরমধ্যে বেশক'টি সংশোধনী গ্রহণ করেন অর্থমন্ত্রী। পরে, অর্থমন্ত্রী বিলটি উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা কণ্ঠভোটে পাস হয় নতুন অর্থবিল। অর্থবিল পাসের পর সংসদ সোমবার পর্যন্ত মূলতবি করেন স্পিকার। রীতি অনুযায়ী জুনের শেষদিন বাজেট পাসের কথা থাকলেও ঈদের ছুটির কারণে এবার সোমবারই পাস হবে নতুন বাজেট।

জুন ২৫, ২০২৩
সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস - image

সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস

25 জুন 2023, বিকাল 6:00

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট আজ সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা (কভিড-১৯) পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা সফলভাবে মোকাবেলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে এই বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল গত ১ জুন জাতীয় সংসদে ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শ্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন। আজ বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ১০ জন সংসদ সদস্য মোট ৫০২টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ খাতে দু’টি মঞ্জুরি দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। ছাঁটাই প্রস্তাবে আলোচনা করেন জাতীয় পার্টির ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান, গণফোরামের মোক্কাবির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।এরপর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৩ পাসের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমোদন করেন।এর আগে গতকাল ২৫ জুন সংসদে অর্থ বিল ২০২৩ পাসের মাধ্যমে বাজেটের আর্থিক ও কর প্রস্তাব সংক্রান্ত বিধি-বিধান অনুমোদন করা হয়। এদিকে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে চার লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে চার লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর বহির্ভূত ২০ হাজার কোটি টাকা, কর ব্যতিত প্রাপ্তি ৫০ হাজার কোটি টাকা।সামগ্রিক বাজেট ঘাটতি দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৫.২ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপির ৫.১ শতাংশ। এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে এক লাখ ছয় হাজার ৩৯০ কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা আহরণ করা হবে। বৈদেশিক ঋণের মধ্যে ঋণ পরিশোধ খাতে ২৪ হাজার সাত শ’ কোটি রাখা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ১৮ হাজার কোটি টাকা, ব্যাংক বহির্ভূত উৎস থেকে ২৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে পাঁচ হাজার কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি ছয় শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাজেটে সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৯১ হাজার ৯০৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৫.২ শতাংশ; এর মধ্যে মানবসম্পদ খাতে (শিক্ষা, স্বাস্থ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য খাত) বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৭৫ হাজার ৭৭৪ কোটি টাকা। ভৌত অবকাঠামো খাতে দুই লাখ ২৪ হাজার ১০৮ কোটি টাকা বা ২৯.০৪ শতাংশ; যার মধ্যে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ৯৩ হাজার ৪১ কোটি; যোগাযোগ অবকাঠামো খাতে ৮৫ হাজার ১৯১ কোটি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। সাধারণ সেবা খাতে এক লাখ ৬২ হাজার ৫৭০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২১.০৩ শতাংশ। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি), বিভিন্ন শিল্পে আর্থিক সহায়তা, ভর্তুকি, রাষ্ট্রায়ত্ত, বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ব্যয় বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ৭৯ হাজার ৯০১ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১০.০৫ শতাংশ; সুদ পরিশোধ বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১২.০৪ শতাংশ; নিট ঋণদান ও অন্যান্য ব্যয় খাতে আট হাজার ৯২২ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১.০২ শতাংশ। বাজেটে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ অবকাঠামো, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি, কৃষি, মানবসম্পদ উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

জুন ২৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo