logo
youtube logotwitter logofacebook logo

মুদ্রা

বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত - image

বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত

27 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : ১ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হলেও, ২, ৩ ও ৪ তারিখ কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু থাকবে।  এই দিনগুলোতে দেশের সব বাণিজ্যিক এলাকা এবং বড় বিপণী বিতানের কাছের ব্যাংক-শাখায় টাকা তোলা ও জমা দেওয়া যাবে। আর, ঈদের ছুটিতে বিকল্প ব্যবস্থায় প্রয়োজনীয় মুদ্রা সরবরাহ থাকবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। এবছর ১ থেকে ৯ তারিখ পর্যন্ত ঈদের ছুটি। মাঝখানের কর্মদিবসটি সরকারের নির্বাহী আদেশে বাতিল হলে ছুটি দীর্ঘ হয়।  এই সময়ে অফিস ও ব্যাংক ছুটিতে থাকলেও, চলবে ব্যবসা বাণিজ্য। রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় সরগরম থাকবে ঈদবাজার। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কেনা। কাওরান বাজারসহ অধিকাংশ  বাজারে চলবে ভোজ্য পণ্য পরিবহণ। তাই ছুটির সময়ে টাকার লেনদেন ও সংরক্ষণ নিয়ে শঙ্কায় পড়েছিলেন ব্যবসায়ীরা। সেই শঙ্কা কাটাতে ২, ৩ ও ৪ তারিখ  বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা আশ্বস্থ করেছেন সংশ্লিষ্টদের। বলছেন, মূল ব্যাংকিং এর বাইরে বিকল্প চ্যানেলগুলো আরও জোরদার করা হবে। ছুটিতে পর্যাপ্ত টাকার ব্যবস্থা থাকবে এটিএম বুথেও ।

জুন ২৭, ২০১৬
শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান - image

শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান

23 জুলাই 2022, বিকাল 6:00

নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং এর জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। সংকটের কারণে জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্যও পরিশোধ করতে পারছে না দক্ষিণ এশিয়ার এই দেশটি। তবে এখন কেবল শ্রীলঙ্কায় নয়, দেশটির পথে হাঁটছে আরও এক দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে পাকিস্তান। -সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল, রয়টার্স রবিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় এবং মানুষ শিগগিরই মাফিয়াদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে বলে শনিবার সতর্ক করেছেন দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার নিজের মতামত ও উদ্বেগ প্রকাশ করে টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তানের ‘হাকীকী আজাদী’ (সত্যিকারের স্বাধীনতা) নিয়ে তার আহ্বানের জবাবে মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদেরকে লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না। তিনি আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পরিণত হওয়া থেকে বেশি দূরে নই। এসময় আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। আমার প্রশ্ন হলো : মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরীফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে; তাদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তারা দেশকে লুট করে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কত দিন ধরে এমন কাজ বরদাস্ত করবে। সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি উপনির্বাচনে বিপুল জয়ের পরেও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরানের দল। এই পরিস্থিতিতে শনিবার ক্ষমতাসীন ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির জোটের বিরুদ্ধে সরব হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরিবার এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে লক্ষ্য করেই এসব কথা বলেন ইমরান খান। মূলত গত সপ্তাহে পাঞ্জাবের উপনির্বাচনে জয়ের পর শুক্রবার প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটও পেয়েছিলেন ইমরান তথা পিটিআই-এর প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে সর্বোচ্চ ভোট না পেয়েও মুখ্যমন্ত্রী হন পিএমএল (এন)-পিপিপি জোটের প্রার্থী শেহবাজ-পুত্র হামজা শরীফ। উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না শ্রীলঙ্কা। ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। এছাড়া চলতি মাসের মাঝামাঝিতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শ্রীলঙ্কার পর বর্তমান বিশ্বের আরও এক ডজন তথা ১২টি দেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মূলত নানামুখী বিপর্যয়ের কারণে খাদের কিনারায় থাকা দেশগুলোকে চিহ্নিত করে তাদের অর্থনৈতিক দুরবস্থার দিকটিকে সামনে আনে বার্তাসংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পর অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা এসব দেশের বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে গেছে যা ভবিষ্যতের চরম সংকটের ইঙ্গিত দিচ্ছে। আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, ইকুয়েডরসহ ওই তালিকায় রয়েছে বেলারুশ, নাইজেরিয়া, পাকিস্তানের মতো দেশও।

জুলাই ২৩, ২০২২
রেমিটেন্সের ওপর নির্ভর না করে রপ্তানির দিকে নজর দিতে হবে - image

রেমিটেন্সের ওপর নির্ভর না করে রপ্তানির দিকে নজর দিতে হবে

27 জুলাই 2022, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে শুধু রেমিটেন্সের ওপর নির্ভর না করে বহুমুখি পণ্যের রপ্তানির দিকে নজর দিতে হবে। ভোগ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৮ জুলাই) ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস আমাদের মোকাবিলা করতে হয়েছে, তারপর শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে আমি দেখতে পাচ্ছি যারা অস্ত্র উৎপাদন করে তারাই লাভবান হচ্ছে। সারা বিশ্বের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশগুলো জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে, আমরাও নিয়েছি। দেশের রিজার্ভ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তিন মাসের মতো খাদ্য কেনার রিজার্ভ থাকাই যথেষ্ট। সরকারপ্রধান বলেন, আমাদের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ। সেখানে ৩৮ শতাংশ যুব সমাজ। এই যুব সমাজকে আমরা শুধু বিদেশে পাঠাব এটা ভাবলে চলবে না। আমরা দেশে যে অর্থনৈতিক অঞ্চল করছি সেখানেও দক্ষ জনশক্তি লাগবে। কাজেই আমরা প্রশিক্ষণ দেব, বিদেশের পাশাপাশি দেশেও কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা গৃহকর্মী পাঠাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যে প্রশিক্ষণটা দেই সেটা তারা যথাযথভাবে নেয় না। প্রশিক্ষণ নেয়ার সময় যে টাকাটা দেয়া হয় সেটা নেয়। কিন্তু প্রশিক্ষণটা নেয় না। পরে বিদেশে গিয়ে বিপদে পড়ে। তিনি বলেন, রপ্তানি নির্ভর বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে আমাদের গুরুত্বারোপ করতে হবে। আমরা পণ্য যেমন উৎপাদন করব পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

জুলাই ২৭, ২০২২
পাঁচ কোটির বাড়ি, কোটি টাকার গাড়ি আছে দিশা পটানির - image

পাঁচ কোটির বাড়ি, কোটি টাকার গাড়ি আছে দিশা পটানির

05 আগস্ট 2022, বিকাল 6:00

বর্তমানে টিনসেল নগরী বিয়ের আড়ম্বরে মেতে থাকলেও এরই মাঝে বিচ্ছেদ ঘটে টাইগার-দিশার। দীর্ঘ ছ’বছরের সম্পর্কে ছেদ পড়ায় বলিপাড়ায় তাদের নিয়ে গুঞ্জন ছড়িয়ে প়ড়েছে। জ্যাকি-পুত্রের সঙ্গে এত দিন একসঙ্গে থাকার পর কেন তারা এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই সময়েই অভিনেত্রীর নতুন ছবি ‘এক ভিলেন রিটার্নস’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, ‘প্রজেক্ট কে’ প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা যেতে পারে দিশাকেও। বলিউড ইন্ডাস্ট্রিতে উপার্জনের নিরিখে শীর্ষে থাকা প্রথম ২০ জন অভিনেত্রীর মধ্যে দিশা পটানির নাম রয়েছে। তবে, তার কেরিয়ারের শুরু হিন্দি ছবির মাধ্যমে নয়, বরং দক্ষিণী সিনেমাজগতের মাধ্যমে বড়পর্দায় তার যাত্রা শুরু। ‘লোফার’ নামের একটি তেলুগু ছবিতে বরুণ তেজের বিপরীতে প্রথম অভিনয় করেছিলেন দিশা। ২০১৫ সালে এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। যদিও বক্স অফিসে এই ছবি সফল হয়নি। তবে, বলিউডে তার প্রথম ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করেই তিনি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। বর্তমানে ৮০ কোটি টাকার মালকিন তিনি। পারিশ্রমিক হিসাবে ছবি পিছু ছ’কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন দিশা। শুধু বড়পর্দাতেই নয়, দেশি-বিদেশি বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের মুখও তিনি। প্রতি মাসে ছ’টি বিজ্ঞাপনে কাজ করেন অভিনেত্রী। বিজ্ঞাপন পিছু তিনি দেড় কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন। ‘কেলভিন ক্লেইন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বহুল প্রচলিত হলেও ‘পেপসি’, ‘ম্যাক’, ‘অরেলিয়া’ প্রভৃতি ব্র্যান্ডের বিজ্ঞাপনেও অভিনেত্রী কাজ করেছেন। বলিউডে তার প্রথম সিনেমার সাফল্যের পর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় পাঁচ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দিশা। মাঝেমধ্যেই তার ছবিতে বান্দ্রার বাড়ির ঝলক দেখা যায়। এ ছাড়াও খার এলাকায় তিনি আরও একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। মুম্বাইয়ের বিত্তশালীদের জন্য এই এলাকার নাম প্রচলিত। এই অ্যাপার্টমেন্ট কিনতে মোট ৫.৯ কোটি টাকা খরচ করেছেন অভিনেত্রী। সংবাদ সূত্রের তথ্য অনুযায়ী, ওই একই আবাসনে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অভিনেত্রীর শখ নামী ব্র্যান্ডের গাড়ি সংগ্রহে রাখা। তার বাড়ির গ্যারাজে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে মার্সিডিজ থেকে শুরু করে জাগুয়ারের মতো বহুমূল্য গাড়ি। সম্প্রতি অভিনেত্রী তার সংগ্রহে এক কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার স্পোর্ট যুক্ত করেছেন। তা ছাড়া এই সংগ্রহে রয়েছে ৪৯.৯৩ লক্ষ টাকার মার্সিডিজ সি-২০০, ৬৫ লাখ টাকা মূল্যের জাগুয়ার এফ-পেস। তবে, অভিনেত্রী প্রথম কিনেছিলেন হন্ডা সিভিক গাড়িটি। বর্তমানে, ভারতীয় মুদ্রা অনুযায়ী, এই গাড়িটির মূল্য আনুমানিক ২২.৪৩ লাখ টাকা। গাড়ি সংগ্রহ করা ছাড়াও তার অন্য একটি শখ হল ডিজাইনার ব্যাগ ব্যবহার করা। পোশাকের সঙ্গে মানাবে এমন ডিজাইনার ব্যাগ ব্যবহার করেন তিনি। তার কাছে একটি শ্যানেল ব্যাগ রয়েছে যার দাম পাঁচ লাখ টাকারও বেশি। অভিনেত্রীর মাসিক উপার্জন এক কোটি টাকার কাছাকাছি। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার উপার্জনের পরিমাণ প্রতি বছর ছয় শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকে। তবে, সামাজিক কর্তব্য পালনের ক্ষেত্রে অভিনেত্রীর নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য। শিশু কল্যাণ বিষয়ক কোনও সামাজিক কাজে দিশা তার পারিশ্রমিকের একাংশ দান করেন।

আগস্ট ০৫, ২০২২
ডলারের বিপরীতে টাকার আরো দরপতন, বাড়ছে সংকট - image

ডলারের বিপরীতে টাকার আরো দরপতন, বাড়ছে সংকট

10 আগস্ট 2022, বিকাল 6:00

খোলাবাজারে ডলারের বিপরীতে টাকার আরো দরপতন হয়েছে। এক দিনের ব্যবধানে গতকাল বুধবার ডলারের দাম চার টাকা বেড়ে ১১৯ টাকায় উঠেছে, যা দেশের ইতিহাসে খোলাবাজারে সর্বোচ্চ। গত সোমবারও এই দাম ছিল ১১৫ টাকা ৬০ পয়সা। আর গত ২৬ জুলাই ডলারের দাম ছিল ১১২ টাকা। এদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৮ থেকে ১১০ টাকার ওপরে বিক্রি হচ্ছে ডলার। দামে রেকর্ড হওয়ার পরও ডলারসংকট দেখা গেছে। এর প্রভাব পড়ছে বিদেশগামী সাধারণ মানুষ, ভোক্তা, ব্যবসায়ী থেকে শুরু করে সবার ওপর। অনৈতিক ব্যবসা : খোলাবাজারের ব্যবসায়ীদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের ভয়ে ডলার বিক্রি বন্ধ রয়েছে। চাহিদার বিপরীতে বাজারে ডলার না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিক মুনাফা করে সংকট বাড়াচ্ছেন। অভিযানসহ নানা অজুহাত দেখিয়ে তাদের কেউ কেউ ডলার কেনা বন্ধ রেখেছেন। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা ডলার কেনা বন্ধ রেখেছেন। অথচ সুযোগ বুঝে কম দামে কিনে রাখা ডলার বিক্রি করছেন চড়া দামে। ডলার লাগলে মোবাইল ফোনে যোগাযোগ করে বাইরে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। খোলাবাজারে সাধারণ গ্রাহক ডলার কিনতে গেলে তাদের পাসপোর্ট, ভিসা, টিকিট দেখিয়ে এখন ডলার দেওয়া হচ্ছে, যা আগে ছিল উন্মুক্ত। মতিঝিল, পল্টন ও গুলশান এলাকার বেশির ভাগ মানি এক্সচেঞ্জে এখন ডলারের সংকট। রপ্তানি আয়ের বিপরীতে আমদানি ব্যয় অনেক বাড়ায় কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা চলছে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার বিক্রিসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খোলাবাজারে ডলারের কারসাজি থামাতে রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে সম্প্রতি একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনাবেচায় অনিয়মের অপরাধে গত সপ্তাহে রাজধানীর পাঁচ মানি চেঞ্জার প্রতিষ্ঠানের নিবন্ধন স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। সিলগালা করে দেওয়া হয়েছে ৯টি প্রতিষ্ঠান। আর কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৪২টি প্রতিষ্ঠানকে। এর পরও অভিযুক্ত মানি এক্সচেঞ্জ, কিছু ব্যাংকের কারসাজি থামেনি। উল্টো অভিযানের অজুহাতে কেউ কেউ হাত গুটিয়ে বসে আছেন। জানতে চাইলে গুলশান-২-এর এএসএন মানি এক্সচেঞ্জের পরিচালক সলিম উল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘দেশে মাত্র ২৩৫টি মানি চেঞ্জার বৈধ, আর ৬০০-র বেশি মানি চেঞ্জার অবৈধ, যাদের বিরুদ্ধে নিয়ম না মেনে লেনদেনের অভিযোগ রয়েছে। যারা বৈধ প্রতিষ্ঠান তারা পাসপোর্টের মাধ্যমে ডলার কেনে, পাসপোর্টের মাধ্যমে বিক্রি করে। পাসপোর্ট, ভিসা, টিকিট না থাকলে আমরা ডলার বিক্রি করছি না। ’ অতিমুনাফায় জড়িত ছয় ব্যাংক : ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগ ব্যাংকের টাকা ও ডলারের জোগান ও চাহিদার বিষয়টি নিশ্চিত করে থাকে। বাংলাদেশ ব্যাংক বলছে, কোনো কোনো ব্যাংক ডলার কেনাবেচা করে এক মাসে ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে। যার মাধ্যমে ডলারের বাজার আরো অস্থিতিশীল করে তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়। সামনে আরো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ডলার কেনাবেচায় অতিমুনাফার কারণে আমরা ছয়টি ব্যাংককে চিঠি দিয়েছি। আরো কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ডলার বিক্রিও অব্যাহত রেখেছি। গতকালও আমরা ৯৫ টাকা করে ১১৪ মিলিয়ন ডলার বিক্রি করেছি। খোলাবাজারেও আমাদের পরিদর্শন কার্যক্রম অব্যাহত আছে। ’ টাকার অবমূল্যায়ন ১২.২ শতাংশ : ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন অব্যাহত আছে। সর্বশেষ গত সোমবার ডলারের বিপরীতে টাকার মান ৩০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্ত ব্যাংকে প্রতি ডলার ৯৫ টাকা দরে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক, যা এখন পর্যন্ত আনুষ্ঠানিক দর। এর ফলে গত এক বছরে ডলারের বিপরীতে টাকার ১২.০২ শতাংশ অবমূল্যায়ন হলো। অন্যদিকে কিছু বাণিজ্যিক ব্যাংকে ১০৭ থেকে ১০৮ টাকা পর্যন্ত মূল্যে নগদ ডলার বিক্রি হচ্ছে। জানতে চাইলে চট্টগ্রামের ভোগ্য পণ্য আমদানিকারক ও অসীম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার দাস কালের কণ্ঠকে বলেন, ‘ডলারের দাম যে হারে বাড়ছে তাতে আমরা উদ্বিগ্ন। দুই-তিন মাস আগেও দেশে ডলারের দাম ছিল ৮৬ টাকার মধ্যে। ব্যাংকগুলো এলসি পেমেন্টে ১০৮ টাকার বেশি নিচ্ছে। ডলারের দাম হঠাৎ করে ২৫ শতাংশ বাড়ায় এর প্রভাব পড়ছে নানামুখী। এখন এলসি করে পণ্য আসতে আসতে রেট অনেক বেড়ে যাচ্ছে। আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে। এতে ভোক্তার ওপর চাপ বাড়ছে। সামগ্রিকভাবে পরিস্থিতি সংকটময়। ’ আমদানি কমলেও ডলারের সরবরাহ বাড়ছে না : আমদানি খরচ বাড়ায় গত মে মাস থেকে দেশে ডলারের সংকট চলছে। আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগে জুলাইয়ে ব্যয় কমেছে ৩১ শতাংশ। একে স্বস্তিকর অবস্থা হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জুলাই মাসে আমদানি হয়েছে ৫৪৭ কোটি ডলারের পণ্য, যা আগের মাসের চেয়ে প্রায় ৩ শতাংশের ১ শতাংশ কম। এর পরও ডলারের সরবরাহ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না কেন—জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ কালের কণ্ঠকে বলেন, ‘ডলারের সরবরাহ কম হওয়ার ক্ষেত্রে মূল কারণ এলসির নিশ্চয়তাদানকারী বিদেশি ব্যাংকের এডি কনফারমেশনে আস্থা কমে যাওয়া। বাংলাদেশে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হওয়ায় তারা ট্রেডলাইন ক্রেডিট (আমদানি বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সুবিধা) সুবিধা এক-তৃতীয়াংশ কমিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি যেখানে ডলারের প্রয়োজন, সেখানেই এই সংকট সৃষ্টি হয়েছে। ’ করণীয় প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকসহ সরকারকে বিদেশি ব্যাংকের আস্থা বাড়াতে আলোচনায় বসতে হবে। টাকার আরো বড় অবমূল্যায়ন দরকার যাতে ব্যাংক ও খোলাবাজারের পার্থক্য কমে। তাহলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আরো বাড়বে। পাইপলাইনে থাকা উন্নয়ন সহায়তার অর্থ দ্রুত ছাড় করতে ইআরডিকে উদ্যোগ নিতে হবে। আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবির মতো সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা নিতে হবে। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আনতে আরো ছাড় দিতে হবে। অনাবাসি বাংলাদেশিদের বিনিয়োগের জন্য পুঁজিবাজার, বন্ড মার্কেটের পাশাপাশি নিত্যনতুন সুযোগ তৈরি করে দিতে হবে। ’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক মুখে বলছে, কিন্তু বাস্তবে তা পুরোপুরি করছে না। ডলারের সরবরাহ বাড়ানোর চেষ্টা করতে হবে। রপ্তানি বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই নতুন বাজার সন্ধান করতে হবে।

আগস্ট ১০, ২০২২
বাড়ছে না ব্যাংক সুদের হার - গভর্নর আবদুর রউফ তালুকদার - image

বাড়ছে না ব্যাংক সুদের হার - গভর্নর আবদুর রউফ তালুকদার

27 আগস্ট 2022, বিকাল 6:00

প্রস্তাব এলেও ব্যাংক ঋণের সুদ হার বাড়ানো হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। শনিবার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএমে ব্যাংকিং সম্মেলন এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা আগামী দুই-তিন মাসের মধ্যে স্বাভাবিক হবে বলেও জানান তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থিরতা দেশের ডলারের বাজারে। অনেকটা লাগামহীন হয়ে পড়ে দাম কমতে থাকে টাকার মান। এমন পরিস্থিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কঠিন হয়ে পড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে নানা পদেক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের উদ্বেগ নেই দাবি করে তিনি বলেন, ‘এখন যে মূল্যস্ফীতি, তা কিন্তু আমদানির কারণে তেল ও সার কিনে আনতে হয়। তেলের দাম বেড়েছে। সার বিকল্প উপায়ে কম দরে কেনার চেষ্টা চলছে। পরিস্থিতির উন্নয়নে সরকার ও বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে এগোচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ ভালোর দিকে আছে।’ বিআইবিএমে ব্যাংকিং সম্মেলনে ব্যাংকগুলোকে সতর্ক করলেন গভর্নর। জানান ব্যাংক মুনাফা করবে তবে সামগ্রিক স্বার্থ ক্ষুন্ন করে নয়। তিনি বলেন, ব্যাংক শুধু মুনাফাই করবে না, সুশাসনের চর্চাও অব্যাহত রাখবে, নইলে পুরো খাতটিই ক্ষতিগ্রস্ত হবে। জানান, ব্যাংকের পরিচালক ও ব্যবস্থাপনার কর্মকর্তাদের দায়িত্ব ও কাজ সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করবেন। পরিচালকরা ব্যবস্থাপনার কাজ করবেন না। আর কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাবেন। সম্মেলনে ব্যাংকের খেলাপি ঋণ সমস্যা সমাধানে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি বলে মন্তব্য করেন ব্যাংক কর্মকর্তারা। দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো টেকসই করতে ব্যাংকগুলোকে আরও দক্ষ হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

আগস্ট ২৭, ২০২২
ম্যানইউ কিনতে রেকর্ড দাম হাঁকালেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে - image

ম্যানইউ কিনতে রেকর্ড দাম হাঁকালেন কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

28 এপ্রিল 2023, বিকাল 6:00

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও ব্যাংকার শেখ জসিম বিন হামাদ আল থানি। শুক্রবার দরপ্রস্তাবের শেষদিনে ৫০০ কোটি পাউন্ডের (যা বাংলাদেশি মুদ্রায় ৬৬,৬০৮ কোটি ৪৫ লাখ ৯২ হাজার টাকা) বিশাল অংক প্রস্তাব করেছেন তিনি। বলা হয়েছে, শেখ জসিম ম্যানচেস্টার ইউনাইটেডের শতভাগ মালিকানা পেতে চান। তিনি দলবদলের বাজারে টাকা ঢালার পাশাপাশি ক্লাবের অবকাঠামো পাল্টানোরও প্রতিশ্রুতি দিয়েছেন। অনুশীলনকেন্দ্র ঠিক করার পাশাপাশি ওল্ড ট্রাফোর্ড সংস্কার কিংবা নতুন একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা রয়েছে শেখ জসিমের দরপ্রস্তাবে। এছাড়া শেখ জসিম ইউনাইটেডের ৬২ কোটি ডলার দেনা মোচনের প্রতিশ্রুতিও দিয়েছেন। তৃতীয়বারের মতো এই দরপ্রস্তাব হাঁকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল গতকাল শুক্রবার পর্যন্ত। সেই দৌড়ে দু’জনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি কেনার জন্য চূড়ান্ত দরপ্রস্তাব জমা দিয়েছেন শেখ জসিম বিন হামাদ আল থানি এবং ইউনাইটেডের পাড় ভক্ত জিম র‌্যাটক্লিফ। তবে এর আগে কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলের হাঁকানো দামের চেয়েও বেশি প্রস্তাব করেছিল গ্লেজার পরিবার। সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউনাইটেডকে গ্লেজার পরিবার বিক্রি করলে তা খেলাধুলায় কোনো ক্লাব বিক্রিতে সর্বোচ্চ খরচের রেকর্ড ভেঙে দেবে। এতে শেখ জসিম কিংবা র‌্যাটক্লিফের দরপ্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে গ্লেজার পরিবার। কেননা আগ্রহী দু’জনের প্রস্তাবই গ্লেজারের চেয়ে কম মূল্যের।কেমিক্যাল ব্যবসায়ী র‌্যাটক্লিফ শৈশব থেকেই ইউনাইটেডের ভক্ত। গত বছর চেলসি কেনার চেষ্টার করেও পারেননি। পরবর্তীতে ৪২৫ বিলিয়ন পাউন্ডে চেলসি কিনে নেন যুক্তরাস্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি। খেলাধুলায় কোনো ক্লাব বিক্রিতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ খরচের রেকর্ড।

এপ্রিল ২৮, ২০২৩
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশংসা আইএমএফ প্রধানের - image

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশংসা আইএমএফ প্রধানের

29 এপ্রিল 2023, বিকাল 6:00

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ওয়াশিংটনের রিজ-কার্লটন হোটেলে আইএমএফের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। ক্রিস্টালিনা জর্জিয়েভা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এদিকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর করছেন। স্থানীয় সময় সোমবার (১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, আইএমএফ প্রধানের সঙ্গে আলাপে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ‘ব্রিদিং স্পেস’ হিসেবে বাংলাদেশ ঋণ নিয়েছে। এসময় আইএমএফ এমডি প্রধানমন্ত্রীর নেতৃত্বের অভূতপূর্ব প্রশংসা করেছেন। একইসঙ্গে করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার প্রশংসা করেছেন। ক্রিস্টিলিনা জর্জিয়েভা বলেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, ভালো কানেকটিভিটি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার কারণে বাংলারদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর আগে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ২৮ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসির ডালাস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমেদ কায়কাউস। ওয়াশিংটন ডিসিতে সাত দিনের সফর শেষ করে তিনি যুক্তরাজ্য ও কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য ৪ মে লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী জাপানে যান। জাপানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সম্বর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর জাপান সফরকালে ঢাকা ও টোকির মধ্যে কৃষি, মেট্রো রেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধা সম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ আটটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। গত ২৬ এপ্রিল শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিনে তিনি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করেন। প্রধানমন্ত্রী গত ২৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য চারজন জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার’ প্রদানের পাশাপাশি বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। টোকিও সফরকালে প্রধানমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির সঙ্গে বৈঠক এবং জাইকা, জেট্রো, জেইবিআইসি, জেবিপিএফএল ও জেবিসিসিইসি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকসহ একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। শেখ হাসিনা জাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে এবং একজন জাপানি স্থপতি তাদাও আন্দোর সঙ্গেও বৈঠক করেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জেলে থাকা অবস্থায় বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই পরিকল্পনাগুলো করেছেন। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। দেশের এই উন্নয়ন রাতারাতি হয়নি, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল।

এপ্রিল ২৯, ২০২৩
প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার - image

প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার

02 মে 2023, বিকাল 6:00

দেশের মাটি হোক বিদেশের অনুষ্ঠান। যে কোনো গ্ল্যামারাস অনুষ্ঠানে, হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঝকঝকে উপস্থিতি সবার নজর কাড়ে। প্রত্যেক বছরের মতো এবারও 'মেট গালা ২০২৩'-এর লাল গালিচায় পিগি চপস দ্যূতি ছড়িয়েছেন। তবে এবার সবকিছুর মধ্যেও ঝলমল করল তার নেকলেস । হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বলিউড তারকা প্রিয়াঙ্কা এদিনের ইভেন্টে গলায় তুলেছিলেন ১১.৬ ক্যারাট হিরের নেকলেস। ইতালির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড 'বুলগারি' থেকে আনানো হয়েছে এই বিশেষ গয়না। যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের মতে প্রিয়াঙ্কার হারটি ব্লু-ডায়মন্ড দিয়ে তৈরি। আর তা বেশ বড় বড়। যা এমনিতে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। সমস্ত কিছু মিলিয়ে হারের আনুমানিক মূল্য প্রায় ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২০৪.৫ কোটি টাকা। জানা যায় জেনেভার লাক্সারি উইকে হারটি নিলামে তোলা হবে। ১২ মে হবে এই নিলাম। তার আগে প্রিয়াঙ্কার মাধ্যমে সারা পৃথিবীর সামনে এলো বহুমূল্য এই রত্নের সম্ভার।

মে ০২, ২০২৩
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৯ বস্তা টাকা - image

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৯ বস্তা টাকা

05 মে 2023, বিকাল 6:00

কিশোরগঞ্জে অবস্থিত পাগলা মসজিদের ৮টি দানবাক্সে ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনার কাজ। এর আগে গত ৭ জানুয়ারি ২০ বস্তায় পাওয়া গিয়েছিল ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। সঙ্গে ছিল বিদেশি মুদ্রা এবং সোনা-রূপার অলংকার। এবারও বিদেশি মুদ্রার সঙ্গে অলংকার পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়। এরপর জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রূপালী ব্যাংকের কর্মকর্তারাও সেখানে যান। টাকাগুলো মসজিদের ফ্লোরে ঢেলে মাদ্রাসার ছাত্র-শিক্ষক দিয়ে মুদ্রামান অনুযায়ী পৃথক করা হচ্ছে। এরপর সেগুলি রূপালী ব্যাংকের কাউন্টিং মেশিনে গণনা করে ওই ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হবে। কোন রকম ব্যত্যয় না ঘটলে তিন মাস অন্তর এসব দানবাক্স খোলার রীতি রয়েছে। প্রতিবারই এই বিপুল পরিমাণ টাকা গণনা শেষ করতে সন্ধ্যা গড়িয়ে যায়।

মে ০৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo