logo
youtube logotwitter logofacebook logo

ভারতক

ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ - image

ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

07 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

আইসিআরসি আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ৫ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ভারতের দেয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কুনাল। এছাড়া আমিন উদ্দিন ২৬ ও নেগির ব্যাট থেকে আসে ১২ রান। বাংলাদেশের আলম খান ৩টি ও দ্রুপম তীর্থ নেন ২টি উইকেট। জবাবে- দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে আলিম উদ্দিনের ৪৫ ও শাহরিয়ার শামীমের ৪২ রানের সুবাদে এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সেপ্টেম্বর ০৭, ২০১৫
ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ - image

ভারতকে আলোচনায় বসতেই হবে : নওয়াজ শরীফ

04 অক্টোবর 2015, বিকাল 6:00

আগে হোক বা পরে হোক, ভারতকে ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসতেই হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ৷ লন্ডন থেকে পাকিস্তানের উদ্দেশ্যে নিবামনবন্দরে ত্যাগের আগে, সাংবাদিকদের কাছে নওয়াজ বলেন, আজ হোক কাল হোক, ভারতকে বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে হবে। আর জাতিসংঘে পাকিস্তানের পক্ষ থেকে উত্থাপিত চারদফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ফিরতেই হবে নয়াদিল্লিকে। এসময় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতকে দোষারোপ করেন নওয়াজ শরীফ৷ তাঁর দাবি, পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে, ভারতের প্রত্যক্ষ মদত থাকার তথ্য-প্রমাণ রয়েছে তাদের হাতে। নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বন্ধ করতে হবে। কেননা যুদ্ধের মতো পরিস্থিতি, কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। শরীফ বলেন, সীমান্ত অস্থিরতা এ অঞ্চলের উন্নয়নকে ব্যহত করছে, তাই অমিমাংসীত ইস্যুর সমাধানের জন্য আলোচনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।

অক্টোবর ০৪, ২০১৫
বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বিটস অব নগর বাউল’ - image

বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বিটস অব নগর বাউল’

30 জুন 2016, বিকাল 6:00

প্রচার- ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০.৪৫ মিনিট পরিচালনা- রুমানা আফরোজ ও মোশতাক হোসেন মাশুক ফারুক মাহফুজ আনাম, যাকে সবাই চেনেন জেমস নামে, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক শিল্পী। তিনি তার ভক্তদের কাছে গুরু নামেও পরিচিত।আশির দশকে ‘ফিলিংস’ নিয়ে আবির্ভাব হলেও ‘নগর বাউল’ নামে সারা বাংলাদেশ জয় করেছেন। তিনি তার স্বতন্ত্র কন্ঠ্যের জন্য বাংলাদেশ এবং ভারতের মানুষের কাছে ব্যপক জনপ্রিয়।বাংলাদেশে তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন, মার্ক নফলার এবং এরিক ক্লাপটনের মত সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। 'জেমস' বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশেরও একটি প্রিয় গায়ক রুপে পরিচিত হয়েছেন। ২০০৬ সালে ভারতের বিখ্যাত ও জনপ্রিয় প্রযোজক, পরিচালক মহেশ ভাট এর 'গ্যাংস্টার' ছবিতে 'ভিগি ভিগি' গান দিয়ে হয়েছেন ভারতের কোটি জনতার প্রিয় শিল্পী। এরপর একই প্রযোজকের 'ওহ লামহে' 'মেট্রো' ছবিতেও কণ্ঠ দিয়ে চমকে দিয়েছেন পুরো ভারতকে। সর্বশেষ ওয়ার্নিং সিনেমায় টাইটেল সং 'বেভাসি' ধারাবাহিকতা ঠিক রাখার সাথে নিজের জনপ্রিয়তাকেও উর্ধ্বমুখি করছেন। ভালোবাসা দিবস উপলক্ষে বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত কনসার্টে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করে ব্যান্ডদল নগর বাউল। ধারণকৃত এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০.৪৫ মিনিটে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ ও মোশতাক হোসেন মাশুক। ঘর বানাইলা কি দিয়া, মন্নান মিঞার তিতাস মলম, মীরা বাঈ, বিজলী চলে যেও না, পাগলা হাওয়ার মতো শরীর কাঁপিয়ে দেয়া গানগুলো গেয়ে অনুষ্ঠানের দর্শকদের মুগ্ধ করেন শিল্পী।

জুন ৩০, ২০১৬
বিশ্ব রেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা - image

বিশ্ব রেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা

02 জুলাই 2022, বিকাল 6:00

এজবাস্টন টেস্টে টস করতে নেমেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন জসপ্রীত বুমরা। ৩৫ বছর পর প্রথম পেসার হিসেবে ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে পারার কীর্তি। এমনিতেই ম্যাচটি বুমরার কাছে স্মরণীয় হয়ে থাকবে, তার ওপর গতকাল টেস্টের দ্বিতীয় দিনেই গড়েছেন বিশ্ব রেকর্ড। ভেঙেছেন কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। বিশ্ব রেকর্ড গড়ার পর বুমরাকে অভিনন্দন জানিয়েছেন লারা। টুইটে লারা লিখেছেন, ‘টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের জন্য তরুণ জসপ্রীত বুমরাকে অনেক অভিনন্দন। ওকে অভিনন্দন জানাতে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।’ ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাঁহাতি স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন লারা। ১৮ বছর অক্ষত থাকা রেকর্ডটা ভেঙেছে গতকাল। স্টুয়ার্ড ব্রডের এক ওভারে ২৯ রান তুলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন বুমরা। ব্রডের ওই ওভারে সব মিলিয়ে অবশ্য এসেছে ৩৫ রান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্রডের এক ওভারে ৬ ছক্কা মেরে ৩৬ রান তুলেছিলেন যুবরাজ সিং। শচীন টেন্ডুলারের তাই প্রায় ১৫ বছর আগের কথা মনে পড়ছে, ‘এ দিন কে ব্যাট করল? যুবি না বুমরা!? ২০০৭ সালের কথা মনে পড়িয়ে দিল ’ রবি শাস্ত্রীও যুবরাজের নেওয়া ৩৬ রানের প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম ক্রিকেটের সবকিছু দেখে নিয়েছিলাম। যুবরাজ এক ওভারে ৩৬ রান তুলেছিল। আমি তুলেছিলাম। কিন্তু আজ যা দেখলাম, তা অদ্ভুত। কোনো দিন ভাবিনি এরকম হতে পারে।’

জুলাই ০২, ২০২২
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় ভারতের - image

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় ভারতের

17 জুলাই 2022, বিকাল 6:00

রিশাভ পান্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের টার্গেটে ছুতে সক্ষম হয় সফরকারী ভারত। ৪৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে রোহিত শর্মার দল। ম্যাচটি নিজেদের করে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে ভারত। রোববার ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারত টসে জিতে স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে প্রথম দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা। জনি বেয়ারস্টো ও জো রুট দুজনেই ৩ বল খেলে শূন্য রানে আউট হন। স্বাগতিক ব্যাটারদের মধ্যে রান পেয়েছেন ওপেনার জেসন রয় (৪১), মঈন আলী (৩৪) ও ক্রেইগ ওভারটন (৩২), জস বাটলার ৬০ রান। মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। পেসার মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। যুজবেন্দ্রর চাহাল পেয়েছেন ৩ উইকেট। আর বাকি ১ উইকেট রবীন্দ্র জাদেজার। ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ বল খেলে ১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। আর ১৭ বলে ১৭ রান করে অধিনায়ক রোহিত শর্মা আউট হলে ধাক্কা খায় সফরকারীরা। ২২ বলে ১৭ রান করে ফেরেন বিরাট কোহলি। এরপর সুরিয়াকুমার খেলেন ২৮ বলে ১৬ রানের ছোট ইনিংস। পান্টের সঙ্গে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। দুই জনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের দিকে এগুতে থাকে ভারত। তবে ৫৫ বলে ৭১ রানের মারকুটে এক ইনিংস খেলেন পন্ডিয়া। পন্ডিয়া আউট হলে পান্টকে সঙ্গ দিতে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। পান্টের ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসের সাথে জাদেজার ১৫ বলে ৭ রান ভারতকে জয়ের কিনারায় পৌঁছে দেয়। ভারতের উইকেটকিপার ব্যাটার পান্ট ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন। ইংল্যান্ডের পক্ষে রিস টপলি নিয়েছেন ৩ উইকেট। ব্রাইডন কর্স ও ক্রেইগ অভার্টন একটি করে উইকেট সংগ্রহ করেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ভারতের হার্দিক পণ্ডিয়া। ম্যাচ সেরা হয়েছেন রিশাভ পান্ট। প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে ১১০ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে ১০ উইকেটে ভারত জিতলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ভারতের বিপক্ষে ১০০ রানের বড় জয় নিয়ে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

জুলাই ১৭, ২০২২
টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ভারত - image

টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ভারত

02 আগস্ট 2022, বিকাল 6:00

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ভারত। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল সাত উইকেটে। সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে সূর্যকুমার যাদবের দাপুটে অর্ধশত রানে ভর করে জেতে ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সম্ভবত এটাই ছিল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ভিসা সমস্যা মিটে গেলে সিরিজের বাকি দুইটি ম্যাচ হওয়ার কথা আমেরিকার ফ্লোরিডায়। শনিবার এবং রবিবার সেই দুইটি ম্যাচ হবে। বুধবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে। মঙ্গলবারের ম্যাচে ভারতীয় বোলারদের উপর চড়াও হয়েছিলেন ব্রেন্ডন কিং। বুধবার সেই দায়িত্ব নেন কাইল মেয়ার্স। ২০ বলে ২০ রান করে কিং আউট হলেও একদিক থেকে ভারতীয় বোলারদের শাসন করছিলেন মেয়ার্স। কিং ফেরার পর অধিনায়ক নিকোলাস পুরানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। বুধবারও দিনটা ভাল গেল না আবেশ খানের। তার উপরেই বেশি নির্দয় হন ক্যারিবিয়ান ব্যাটাররা। তিন ওভারে ৪৭ রান খেলেন আবেশ। ভুবনেশ্বর কুমারের মতো বোলারও ওভার পিছু নয়ের কাছাকাছি রান দিলেন। একমাত্র নিয়ন্ত্রিত বোলিং করতে দেখা গেল হার্দিক পাণ্ড্যকে। চার ওভারে মাত্র ১৯ দিয়ে একটি উইকেট নিয়েছেন। কিংকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন তিনিই। আটটি চার এবং চারটি ছয়ের সাহায্যে মেয়ার্স ৫০ বলে ৭৩ রান করে আউট হন। পুরান (২২), রভমান পাওয়েল (২৩), শিমরন হেটমায়ার (২০) প্রত্যেকেই ভাল ব্যাট করেছেন। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান অধিনায়ক রোহিত। আলজারি জোসেফের বলে ছয় এবং চার মেরে শুরুটা ভালই করেন। তবে লেগের দিকে একটি শট মারতে গিয়ে কোমরের পেশিতে টান ধরে তাঁর। তিনে নামেন শ্রেয়স। তাঁর এবং সূর্যকুমারের জুটি ভারতকে জয়ের দিকে এগিয়ে দেয়। শ্রেয়স এক দিক ধরে খেলেন। উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের আক্রমণ করতে থাকেন সূর্য। দু’জনের জুটিতে ৮৫ রান উঠে যায়। আকিল হোসেনের বলের লাইন বুঝতে না পেরে স্টাম্পড হন শ্রেয়স (২৪)। সূর্যকে অবশ্য থামানো যাচ্ছিল না। এক সময় মনে হচ্ছিল টি-টোয়েন্টিতে দ্বিতীয় শতরান হয়ে যাবে তাঁর। তবে ডোমিনিক ড্রেকসের বলে সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়। ডিপ ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন আলজারি জোসেফ। কিছু ক্ষণ পরে ফিরে যান হার্দিকও (৪)। তত ক্ষণে ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। যে টুকু রান বাকি ছিল, পন্থ (অপরাজিত ৩৩) একাই তুলে দেন।

আগস্ট ০২, ২০২২
বয়কটের মুখে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ - image

বয়কটের মুখে আমির খানের ‘লাল সিং চাড্ডা’

03 আগস্ট 2022, বিকাল 6:00

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ১১ আগস্ট থেকে ভারতের হলে চলবে আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। কিন্তু এরই মধ্যে ‘বয়কট লাল সিং চাড্ডা’ হ্যাশট্যাগে টুইটারে শুরু হয়েছে সিনেমাটি বয়কটের ডাক। বয়কটের ডাক দেওয়ার মূলে রয়েছে ২০১৫ সালে দেওয়া আমির খানের পুরোনো একটি বক্তব্য। ওই সময় ভারতের সঙ্গে ‘আনসেফ’ শব্দটি জুড়েছিলেন তিনি। বিষয়টি ব্যাখ্যা করে আমির বলছেন, ‘আমি কখনো বলিনি ভারত অসহনশীল বা আমি দেশ ছেড়ে চলে যেতে চাই। আসলে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। আমি ভারতে জন্মেছি। আমৃত্যু এখানেই থাকব।’ তবে সমালোচনা কিংবা ব্যর্থতাকে বরাবরই সাফল্যের পাশে রেখে উদ্‌যাপন করেন আমির খান। তিনি বলেন, ‘আমার মনে আছে, কলেজে পড়ার সময় একবার একটি নাটকের জন্য রিজেক্টেড হয়েছিলাম। কিন্তু নিরাশ না হয়ে অন্য একটা গুজরাটি নাটকের অডিশনে চলে গিয়েছিলাম। আমি প্রত্যাখ্যানে হতাশ হই না। একটা দরজা বন্ধ হলে অন্য দরজায় টোকা দিই।’ আলোচিত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’। যেদিন ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার প্রকাশ হয়েছিল, সেদিন থেকেই সমালোচনা সহ্য করতে হচ্ছে আমিরকে। ভক্তদের একাংশের প্রশ্ন, এত বিষয় থাকতে কেন রিমেকেই ভরসা রাখতে হলো তাকে? ট্রেলারের বিভিন্ন দৃশ্য ও সংলাপ নিয়েও যথেষ্ট হাসাহাসি হয়েছে। বিষয়টি এত জটিল পর্যায়ে পৌঁছেছে যে মুখ খুলতে বাধ্য হয়েছেন আমির খান। সিনেমা বয়কটের ডাকে কষ্টই পেয়েছেন তিনি। আমির বলেন, ‘যারা এ ধরনের কথা বলছেন, তারা হয়তো মনে করছেন, আমি ভারতকে ভালোবাসি না। কিন্তু এটা সত্যি নয়। এটা খুব দুঃখজনক যে কেউ কেউ এমনটা ভাবছেন। আমার সিনেমাকে বয়কট করবেন না প্লিজ।’ উল্লেখ্য, আমির খান অভিনীত ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ ছিল সুপারহিট। পরের বছর ‘সিক্রেট সুপারস্টার’ও প্রশংসা কুড়িয়েছিল। তবে ‘থাগস অব হিন্দুস্তান’ করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল আমিরকে। পাঁচ বছরের বেশি সময় ব্যবসায়িক সাফল্য থেকে দূরে তিনি। তাই এবার কোমর বেঁধে বক্স অফিসে ঝড় তুলবেন আমির, এমনই ছিল প্রত্যাশা।

আগস্ট ০৩, ২০২২
শাহীনের ইনজুরি নিয়ে ভারতকে খোঁচা ওয়াকারের - image

শাহীনের ইনজুরি নিয়ে ভারতকে খোঁচা ওয়াকারের

21 আগস্ট 2022, বিকাল 6:00

গত বিশ্বকাপে ভারতের টপ অর্ডারে ধস নামান শাহীন শাহ আফ্রিদি। ইনজুরির কারণে এশিয়া কাপে থাকছেন না এ পেসার। আর পাকিস্তানের সাবেক তারকা ওয়াকার ইউনুস মনে করেন, শাহীনের না থাকাটা সুবিধা দেবে ভারতকে। ২৮শে সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টুইটারে ওয়াকার ইউনুস বলেন, ‘শাহীনের ইনজুরি ভারতের টপ অর্ডারের জন্য সব স্বস্তির। এশিয়া কাপে তাকে দেখতে পাবো না বলে খারাপ লাগছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, চ্যাম্পিয়ন!’ শাহীনের এই ইনজুরির পেছনে বোর্ডের দায় দেখছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আকিব জাভেদ। টানা খেলানোর কারণেই এমনটি ঘটেছে বলে মনে করেন আকিব। ১৯৯২ বিশ্বকাপজয়ী এই পেসার বলেন, ‘শাহীন টানা ক্রিকেট খেলছে। অধিক পরিশ্রমের কারণে এটা হতে পারে। টিম ম্যানেজমেন্টের উচিৎ সতর্কভাবে তার বিষয়টি তদারকি করা।’ শাহীনের সম্ভাব্য বদলি হিসেবে পাঁচজনের নাম শোনা যাচ্ছে। প্রথমেই আসে হাসান আলীর নাম। ফর্মের কারণে স্কোয়াডে রাখা হয়নি ডানহাতি এ পেসারকে। তবে অভিজ্ঞতার বিচারে সুযোগ পেতে পারেন তিনি। অরেকজন বাঁহাতি মীর হামজা। ২৯ বছর বয়সী মীর হামজা বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৪২ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স দেখানো পেসার জামান খান ও লেগস্পিনার জাহিদ মাহমুদ আলোচনায় আছেন। লাহোর কালান্দার্সের হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট নেন জাহিদ। যা কোনো বোলারদের মধ্যে পিএসএলের এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ উইকেট। ডানহাতি এই পেসারকে কিংবদন্তি লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে তুলনা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আবহে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। তাই শাহীন আফ্রিদির স্থলাভিষিক্ত হতে পারেন লেগস্পিনার জাহিদ মাহমুদ। পাকিস্তানের নেদারল্যান্ডস সফরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২১ সালে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

আগস্ট ২১, ২০২২
মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী - image

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী

15 এপ্রিল 2023, বিকাল 6:00

মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হয়েছেন ভারতের রাজস্থানের নন্দিনী গুপ্তা। এছাড়া দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ হয়েছেন এবং মনিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানারআপ। গতকাল শনিবার রাতে মনিপুরে জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে। জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্তা। ১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি ধারণ করেছেন। সাক্ষাৎকারে নন্দিনী জানায়, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছে ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়কৃত বেশির ভাগ অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন। তিনি আরও জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার অসংখ্য কৃতিত্বপূর্ণ কাজও তাকে অনুপ্রাণিত করে। এছাড়া মিস ইন্ডিয়ার ৫৯তম আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনীশ পল এবং ভূমি পেডনাকার।

এপ্রিল ১৫, ২০২৩
রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির - image

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

01 মে 2023, বিকাল 6:00

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের তাদের দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতকে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের অবস্থান শুধু বাংলাদেশেই নয়, পুরো অঞ্চলের জন্য সমস্যা তৈরি করছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এসব কথা জানান। বাংলাদেশ ভারতকে সবচেয়ে ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী বিবেচনা করে উল্লেখ করে রাষ্ট্রপতি এই সম্পর্ককে "দৃঢ় ও অনন্য" বলে অভিহিত করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতে অবস্থাকালীন প্রশিক্ষণ গ্রহণ ও মুক্তিযুদ্ধের অংশগ্রহণের কথাও তুলে ধরেন। বাংলাদেশে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ সফরে দু'দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশ ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব প্রদান করে উল্লেখ করে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, "চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য যে চুক্তি হয়েছে তাতে দু' দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে।"গত ২৪ এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহণের বাণিজ্যিক অনুমতি পেয়েছে ভারত।এর আগে ২০১৮ সালে ভারতে এসিএমপি (চট্টগ্রাম এবং মংলা পোর্ট) চুক্তি স্বাক্ষর করে ঢাকা ও দিল্লি। এর আওতায় ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহণের অনুমতি দেয় বাংলাদেশ। পানি বন্টন চুক্তিসহ দু'দেশের অমীমাংসিত ইস্যুগুলো পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে অচিরেই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। ভারতের হাইকমিশনার বলেন, তার দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়। গত দেড় দশকে দু’দেশের মধ্যে কানেক্টিভিটি অনেক বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের জনগণ তার সুফল ভোগ করছে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের "জিরো টলারেন্স নীতির প্রশংসা করে তিনি বলেন, এর ফলে এ অঞ্চলে স্থিতিশীলতা এসেছে যা দুদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ এবং ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জও উপস্থিত ছিলেন।

মে ০১, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo