logo
youtube logotwitter logofacebook logo

বিদ্যুৎ

গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ - image

গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ

10 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ববাজারে ধাপে ধাপে কয়লা, তেল ও গ্যাসের দর পতন হওয়ায়, দেশে গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ’-এর সেমিনারে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, পাইপলাইনের গ্যাস পাচ্ছে মাত্র ৩৪ লাখ গ্রাহক। গ্যাসের জন্য অপেক্ষা করছে ২ হাজার শিল্পকারখানা। প্রতিমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে খরচ, সময়ও লাগব প্রায় ১০ বছর। কুয়েত, কাতার, জাপান ও আমেরিকার উদাহরণ টেনে যতদ্রুত সম্ভব গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ডিসেম্বর ১০, ২০১৫
মাগুরা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - image

মাগুরা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

10 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মাগুরা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৫ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পল্লী বিদ্যুৎ এলাকায় কাভার্ডভ্যান চাপায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অধ্যাপক ড. আবদুল্লা জাহাঙ্গীর  ও প্রাইভেটকার চালক সেন্টু মল্লিক । পুলিশ জানায়, সকালে ঝিনাইদাহ থেকে ঢাকাগামী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এ ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের  মানরা এলাকায় বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। গত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস নিযন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মে ১০, ২০১৬
মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর - image

মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা। আক্ষেপ সরকারি টাকার অপব্যয়ে আর বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার না হওয়ায়। তবে সামগ্রিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই তৃপ্তির ঢেকুর তুলে বাজেটে অর্থমন্ত্রী দেখালেন বেশ কিছু স্বপ্নও। এবারের বাজেটের আগে অর্থমন্ত্রীর সবচেয়ে বড় স্বস্তির কারণ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম। যেভাবে তেলের দাম কমছে তাতে জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাবার প্রধান কারণ নাই। আর এতেই নিয়ন্ত্রণে থাকবে মূল্যস্ফীতি। অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী রমজানে দাম বাড়ার হিড়িক সত্ত্বেও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ পার হবে না। আর আগামী অর্থবছরে সেটা আরও কমে ৫ দশমিক ৮ নামাবে। হতাশার জায়গায় মুখ্য বিষয় বিনিয়োগ। অর্থমন্ত্রীর ভাষায়, যা হচ্ছে তা যথেষ্ট না।  সক্ষমতার ঘাটতির জন্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়না ঠিকমতো। বিদেশি সাহায্যও কাজে লাগানো যায়না পুরোটা। অর্থবছরের শেষভাগে প্রকল্প শেষ করার তাড়াহুড়োয় নষ্ট হয় সরকারি টাকা। বিদ্যুৎ খাতে উৎপাদন নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছুচ্ছে না এটাই কষ্টের কারণ। সঞ্চালনজনিত দুর্বলতাকেই এর কারণ মনে করেন মন্ত্রী। নানা ঘাটতির মধ্যেও অর্থমন্ত্রী তৃপ্তির ঢেকুর তুলছেন জিডিপির প্রবৃদ্ধি নিয়েই। বলছেন উদীয়মান দেশগুলোর তুলনায় পিছিয়ে নেই বাংলাদেশ। আর তাই এবার একটি স্বপ্নও দেখতে চান ৮৩ বছর বয়সী এই মন্ত্রী। সেই স্বপ্ন ঢাকার বুকে ১৪২ তলা ভবনের। শুধু অবকাঠামো নির্মাণ না, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নও দেখাচ্ছে অর্থমন্ত্রী। ‌নানা খাতে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান তিনি। থাকছে সব ধরণের চাকুরীজীবীদের জন্য পেনশনের গল্পও।

জুন ০১, ২০১৬
মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট - image

মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : এবার  বাজেটে ১০টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে ফাস্ট ট্র্যাক প্রকল্প বা মেগা  প্রজেক্ট  হিসেবে  বিবেচনায় নেয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বড় প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ১৯ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বড় বা ছোট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের আর্থিক মূল্যায়ন নিরুপন করে দ্রুত বাস্তবায়নের বাধাগুলো দুর করা। পদ্মা বহুমুখী সেতু : সরকারের মেগা প্রজেক্টগুলোর অন্যতম পদ্মা বহুমুখী সেতু। নিজস্ব অর্থায়নে প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন স্বপ্নের সেতুর জন্য। আগামী অর্থবছরে  বাজেটে থাকছে  প্রায় ৬ হাজার ২৬ কোটি টাকা। রেলসেতু সংযোগ : এছাড়া ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ের পদ্মাসেতু রেল সংযোগ এ প্রকল্প ২০২২ সালে শেষ করতে চায় সরকার। এই প্রকল্পের জন্য আগামী বাজেটে ৪ হাজার ১০২ কোটি টাকা বরাদ্দ থাকছে। মেট্রোরেল : ২১ হাজার ৯৮৫ কোটি টাকার মেট্রোরেল প্রকল্পটি ২০২৪ সালে এটি শেষ হওয়ার কথা।  এজন্য আগামী বাজেটে এর জন্য থাকছে ২ হাজার ২২৭ কোটি। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর : কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ৫০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এর জন্য  আসছে বাজেটে কোনো অর্থ বরাদ্দ নেই। পায়রা বন্দর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১ হাজার ১২৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আগামী বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে  ২০০ কোটি টাকা। মৈত্রী সুপার থার্মাল : সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫৮৩ কোটি টাকা।

জুন ০১, ২০১৬
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মক পার্লামেন্ট - image

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মক পার্লামেন্ট

25 আগস্ট 2016, বিকাল 6:00

রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পক্ষে ও বিপক্ষে ভিন্ন ভিন্ন অভিমত থাকায় এই ইস্যু নিয়ে এটিএন বাংলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৬ আগষ্ট, শুক্রবার সকালে প্রচারিত হবে ইউসিবি পাবলিক পার্লামেন্ট। ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এই মক পার্লামেন্টে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, এমপি এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাউথইস্ট ইউনিভার্সিটি ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। মোঃ তাজুল ইসলাম, এমপি অনুষ্ঠানের অন্য অতিথি অধ্যাপক আনু মোহাম্মদকে চ্যালেঞ্জ করে বলেন ইউনেস্কোসহ কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ পর্যন্ত রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধীতা করে তথ্যসমৃদ্ধ কোন প্রতিবেদন বাংলাদেশ সরকারের নিকট দাখিল করে নি। তিনি বলেন, স্থানীয়ভাবে শিল্পায়ন ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে পানি দূষণের ঝুকিও সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, চায়না ও জাপানে ব্যাপকভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষা বিবেচনা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি করা হয়েছে। তিনি অধ্যাপক আনু মোহাম্মদসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধীতাকারী সুশীল সমাজের প্রতিনিধিদেরকে সংসদীয় কমিটিতে এ বিষয়ে আলোচনার আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেন। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের অস্তিত্ব বিলুপ্ত হবে। চারকোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন ও হুমকির মধ্যে পড়বে। তিনি সুন্দরবনকে মহাপ্রাণ উল্লেখ করে এর জীববৈচিত্র্য রক্ষায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে বিরত থেকে অন্যত্র স্থানান্তরের আহবান জানান। তিনি বলেন সুন্দরবনের বিনিময়ে কোন কিছুই গ্রহণযোগ্য নয়। সরকারের মধ্যেও অনেকে আছেন যারা রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করাকে সমর্থন করেন না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থগিত রাখার বিষয়ে ভারত সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দেন । সুন্দরবনকে ঝুকির মধ্যে রেখে কোন উন্নয়ন প্রকল্পই গ্রহণযোগ্য হবে না। তিনি আরো বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে আশে-পাশের মৎস্যজীবি, বনজীবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

আগস্ট ২৫, ২০১৬
বিশেষ টেলিফিল্ম ‘ওরা বখাটে’ - image

বিশেষ টেলিফিল্ম ‘ওরা বখাটে’

18 সেপ্টেম্বর 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্রচার ঃ ঈদের ৭ম দিন রাত ১১.৫০ মিনিট রচনা ঃ মানস পাল, পরিচালনা ঃ মুজিবুল হক খোকন। এটিএন বাংলায় ঈদের ৭ম দিন রাত ১১টা ৫০মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ওরা বখাটে’। মানস পাল এর রচনায় এটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন নাদিয়া, আনিসুর রহমান মিলন, সাঈদ বাবু, তানিয়া বৃষ্টি, আহসানুল হক মিনু, অভিত রায়হান প্রমুখ। মজনু, ফরহাদ ও জাফর ঢাকার ছেলে। তিনজনই হরিহর আত্মা। অন্যান্য বন্ধুদের নিয়ে মহল্লায় সারাক্ষণ তাদের আড্ডাবাজীতে কাটে। বিভিন্ন অপরাধে একে কান ধরে শাস্তি দেওয়া, কারো দোকানের শার্টার নামানো, কিছু না কিছু প্রতিদিন তারা ঘটিয়েই থাকে। মহল্লার অনেকেই তাদের বখাটে ছেলে বলেই জানে। এ নিয়ে অবশ্য কখনও তাদের খুব বেশি মাথা ব্যথা নেই। হঠাৎ লাইলী ও শিরিন নামে নতুন দুইটা মেয়ের আগমন ঘটে মহল্লায়। সম্পর্কে তারা আপন দুই বোন। দুই বোনই অসাধারণ সুন্দরী। প্রথম দেখাতেই মজনুর ভাল লাগে লাইলীকে। মজনু লাইলীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করে কিন্তু বার বারই সে অপমানিত হয়। লাইলীর বোন শিরিনকে মনে মনে পছন্দ করতে শুরু করে ফরহাদ কিন্তু জাফরের ঈর্ষা হয়। দুই বন্ধুর মধ্যে চলতে থাকে শিরিনকে পাওয়ার ঠান্ডা লড়াই। মজনু সিদ্ধান্ত নেয় লাইলীকে পাওয়ার জন্যে সে আর কোন চেষ্টা করবে না কিন্তু ফরহাদ ও জাফরের অতি উৎসাহে লাইলীর বাসায় তার মন গলাতে তারই পোষা টিয়া পাখির জন্যে মজনুর পোষা টিয়া পাখির বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ভদ্রতার সীমার চরম লঙ্ঘন ভেবে লাইলী চরম অপমান করে মজনু ও তার বন্ধুদের বাসা থেকে বের করে দেয়। ঐ দিনই ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাইলীর বাবা মিজান সাহেবকে রিক্সাওয়ালার মুখে চড় মারার অপরাধে মজনু রিক্সাওয়ালার কাছে তাকে জোর করে ক্ষমা চাওয়ায়। সব মিলিয়ে লাইলীর আরও বেশি চোখের বালি হয়ে উঠে মজনু। যেভাবেই হোক মজনুকে শায়েস্তা করার প্রতিজ্ঞা করে লাইলী। একদিন হঠাৎ মহল্লায় ছিনতায়ের কবলে পড়ে লাইলী । মজনু ও ফরহাদের নামে সে থানায় ছিনতায়ের অভিযোগ করে। মজনু ও ফরহাদকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলতে হয়। এরমধ্যে একদিন দরজার নিচ দিয়ে ঢোকানো একটা লিফলেট হাতে পায় লাইলী। সেখানে লেখা থাকে “আপনার বাড়ির বাড়তি খাবার ফেলে না দিয়ে আমাদের রাস্তার পাশে রাখা ফ্রিজে রেখে আসুন। একজন অনাহারীর হলেও ক্ষুধা নিবারণ হবে।” লাইলীকে খুব নাড়া দেয় লিফলেটটি। শিরির সাথে বিষয়টা শেয়ার করে সে। শিরিকেও বিষয়টা নাড়া দেয়। লাইলী জানতে পারে কিছু ছেলে নিজ উদ্যেগে মহল্লার কয়েক স্থানে ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কয়েকটা ফ্রিজ রেখেছে হোটেল বা গৃহের বাড়তি খাবার ফেলে না দিয়ে তাদের ফ্রিজে রাখতে। পথশিশু বা যারা অনাহারী তারা ইচ্ছামত এসে এখান থেকে খাবার নিয়ে তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তার। বাউন্ডুলে মজনু-ফরহাদ-জাফরদেরদের মহল্লায় এমন মহৎ হৃদয়ের ছেলেরাও থাকে। এক নজর দেখতে ইচ্ছা হয় তার। খোঁজ নিয়ে লাইলী জানতে পারে এই মহৎ হৃদয়ের ছেলেগুলো আর কেউই নয় মজনু, ফরহাদ, জাফর ও তার বন্ধুরা।

সেপ্টেম্বর ১৮, ২০১৬
পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী - image

পদ্মা সেতুতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

24 জুন 2022, বিকাল 6:00

প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পদ্মা সেতুতে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ১০টা ৪৮ মিনিটে মাওয়া প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে টোল প্লাজায় যান প্রধানমন্ত্রী। পরে সেখানে তিনি নিজ হাতে টোল প্রদান শেষে তার গাড়ি বহর নিয়ে সেতু দিয়ে যাত্রা শুরু করেন। এ সময় যাত্রাসঙ্গী হিসেবে তার সঙ্গে রওনা দেন মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসঙ্গত, এর আগে গত ১৭ জুন পরীক্ষামূলক টোল দিয়ে বেশ কয়েকটি গাড়ি পদ্মা সেতু পার হয়। টোল প্রদান শেষে পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্বোধনী চত্বরের নন্দনশৈলীর বর্ণনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে তিনি মোনাজাত পাঠ করেন। পরে সুইচ চেপে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে উন্মোচন হলো দেশের সবচেয়ে বড় এই স্থাপনার। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগানের তার সঙ্গে কণ্ঠ মেলান অভ্যাগত অতিথি, মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতারা। দেশের দীর্ঘতম এই সেতুর দাফতরিক নাম ‘পদ্মা সেতু’। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতু রাজধানীর সঙ্গে মেলবন্ধন সৃষ্টি করলো দক্ষিণাঞ্চলের ২১ জেলাকে। দ্বিতল দেশের দীর্ঘতম এই সেতুতে গাড়ি ও রেল দুটোই চলবে। সেতু নির্মিত হয়েছে কংক্রিট আর স্টিল দিয়ে। সেতুতে থাকছে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা। মুন্সীগঞ্জ জেলার মাওয়া, মাদারীপুর জেলার শিবচর এবং শরীয়তপুর জেলার জাজিরার সীমান্তবেষ্টিত পদ্মা সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক রয়েছে ১২ দশমিক ১২ কিলোমিটার।

জুন ২৪, ২০২২
বিদ্যুৎ সংকট মোকাবিলায় আফগানিস্তান থেকে কয়লা আমদানি করছে পাকিস্তান - image

বিদ্যুৎ সংকট মোকাবিলায় আফগানিস্তান থেকে কয়লা আমদানি করছে পাকিস্তান

02 জুলাই 2022, বিকাল 6:00

ভয়াবহ বিদ্যুৎ সংকটে পর্যুদস্ত পাকিস্তান। এবার বিদ্যুৎ সংকট মোকাবিলা করতে আফগানিস্তান থেকে কয়লা আমদানি শুরু করেছে পাকিস্তান সরকার। দেশটির বিভিন্ন শহরে অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টে এসব কয়লা সরবরাহ করা হবে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। একজন সরকারি কর্মকর্তা (ডন যার নাম প্রকাশ করেনি) বলেছেন, ‘আফগানিস্তান থেকে কয়লা আসতে শুরু করেছে। এগুলো দ্রুত পরিবহনের জন্য পাকিস্তান রেলওয়েসহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে খুলিশ কোট রেলস্টেশন থেকে প্রায় ৩ হাজার টন কয়লা আনা হচ্ছে।’ কয়লাগুলো প্রথমে ওয়েশ-চামন সীমান্তের মাধ্যমে পাকিস্তানের সিবি রেল স্টেশনে আনা হবে। এরপর মিয়ানওয়ালি জেলার কুন্দিয়ান রেল স্টেশনের মাধ্যমেও কয়লা আনা শুরু হবে। তখন কয়লা আমদানি ২০ হাজার টন স্পর্শ করবে বলে ধারণা করছেন সরকারি কর্মকর্তারা। এদিকে কয়লা আমদানির সিদ্ধান্তের পর কয়লার দাম বাড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান প্রতি টন কয়লার দাম ৯০ ডলার থেকে বাড়িয়ে প্রায় ২০০ ডলার করেছে। তবে পাকিস্তান সরকার কয়লার দাম রুপিতে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এতে দামবৃদ্ধির প্রভাব খুব একটা পড়েব না বলে মনে করছে পাকিস্তান সরকার। আজ রোববার লাহোরে পাকিস্তান রেলওয়ের সদর দপ্তরে রেল ও বিমান চলাচলমন্ত্রী খাজা সাদ রফিকের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে কয়লা আমদানি ও সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে গতকাল শনিবার এক বৈঠকে খাজা সাদ রফিক আফগানিস্তান থেকে কয়লা পরিবহনের জন্য ওয়াগনের ব্যবস্থা করতে পাকিস্তান রেলওয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। গত ২৭ জুন এক বৈঠকে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তান সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আফগানিস্তান থেকে কয়লা আমদানির সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

জুলাই ০২, ২০২২
বন্ধ ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং হতে পারে ২ ঘণ্টা পর্যন্ত - image

বন্ধ ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং হতে পারে ২ ঘণ্টা পর্যন্ত

17 জুলাই 2022, বিকাল 6:00

জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ সোমবার থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি উপদেষ্টা, জ্বালানি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আজ সোমবার এসব তথ্য জানান ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। জ্বালানি উপদেষ্টা বলেন, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ থেকে সাময়িক বন্ধ থাকবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের কারণে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে জানিয়ে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দিনে এক থেকে দেড় ঘণ্টা, আবার কোথাও কোথাও দুই ঘণ্টাও লোডশেডিং হবে। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে জ্বালানি উপদেষ্টা বলেন, রাত ৮টার পরে দোকানপাট বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে। সরকারি অফিসের সময় কমানো ও সভা অনলাইনে করা হবে। এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, গ্রাহকদের আগে থেকে লোডশেডিংয়ের সময় জানানো হবে। গাড়িতে তেল কম ব্যবহার করতেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সাশ্রয়ী হতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জুলাই ১৭, ২০২২
শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান - image

শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান

23 জুলাই 2022, বিকাল 6:00

নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং এর জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। সংকটের কারণে জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্যও পরিশোধ করতে পারছে না দক্ষিণ এশিয়ার এই দেশটি। তবে এখন কেবল শ্রীলঙ্কায় নয়, দেশটির পথে হাঁটছে আরও এক দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে পাকিস্তান। -সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল, রয়টার্স রবিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় এবং মানুষ শিগগিরই মাফিয়াদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে বলে শনিবার সতর্ক করেছেন দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার নিজের মতামত ও উদ্বেগ প্রকাশ করে টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তানের ‘হাকীকী আজাদী’ (সত্যিকারের স্বাধীনতা) নিয়ে তার আহ্বানের জবাবে মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদেরকে লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না। তিনি আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পরিণত হওয়া থেকে বেশি দূরে নই। এসময় আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। আমার প্রশ্ন হলো : মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরীফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে; তাদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তারা দেশকে লুট করে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কত দিন ধরে এমন কাজ বরদাস্ত করবে। সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি উপনির্বাচনে বিপুল জয়ের পরেও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরানের দল। এই পরিস্থিতিতে শনিবার ক্ষমতাসীন ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির জোটের বিরুদ্ধে সরব হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরিবার এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে লক্ষ্য করেই এসব কথা বলেন ইমরান খান। মূলত গত সপ্তাহে পাঞ্জাবের উপনির্বাচনে জয়ের পর শুক্রবার প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটও পেয়েছিলেন ইমরান তথা পিটিআই-এর প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে সর্বোচ্চ ভোট না পেয়েও মুখ্যমন্ত্রী হন পিএমএল (এন)-পিপিপি জোটের প্রার্থী শেহবাজ-পুত্র হামজা শরীফ। উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না শ্রীলঙ্কা। ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। এছাড়া চলতি মাসের মাঝামাঝিতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শ্রীলঙ্কার পর বর্তমান বিশ্বের আরও এক ডজন তথা ১২টি দেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মূলত নানামুখী বিপর্যয়ের কারণে খাদের কিনারায় থাকা দেশগুলোকে চিহ্নিত করে তাদের অর্থনৈতিক দুরবস্থার দিকটিকে সামনে আনে বার্তাসংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পর অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা এসব দেশের বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে গেছে যা ভবিষ্যতের চরম সংকটের ইঙ্গিত দিচ্ছে। আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, ইকুয়েডরসহ ওই তালিকায় রয়েছে বেলারুশ, নাইজেরিয়া, পাকিস্তানের মতো দেশও।

জুলাই ২৩, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo