logo
youtube logotwitter logofacebook logo

বায়ার্ন

নাটকীয় জয়ে সেমিতে বায়ার্ন, রিয়ালের বিদায় - image

নাটকীয় জয়ে সেমিতে বায়ার্ন, রিয়ালের বিদায়

16 এপ্রিল 2026, বিকাল 4:45

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে এক রোমাঞ্চকর মহাকাব্যের জন্ম দিল বায়ার্ন মিউনিখ। গতবারের রানার্সআপ রিয়াল মাদ্রিদকে গোলবন্যার এক ম্যাচে ৪-৩ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৬-৪) হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা। বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর জয়ে ইউরোপসেরার লড়াই থেকে বিদায় নিতে হলো স্প্যানিশ পরাশক্তিদের। এখন শেষ চারের লড়াইয়ে বায়ার্ন মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজির।ম্যাচের শুরুটা ছিল অনেকটা থ্রিলার মুভির মতো। কিক-অফের মাত্র ৩৬ সেকেন্ডের মাথায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের এক অবিশ্বাস্য ভুলে বল পেয়ে যান রিয়ালের তরুণ তুর্কি আরদা গুলের। নিখুঁত এক দূরপাল্লার শটে গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন তিনি। তবে দমে না গিয়ে পাল্টা আক্রমণ চালায় বায়ার্ন। জসুয়া কিমিচের কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান তরুণ আলেকজান্ডার পাভলোভিচ।প্রথমার্ধের বাকি সময়টুকু ছিল কেবলই গোলের লড়াই। ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে আবারো এগিয়ে নেন আরদা গুলের। কিন্তু ৩৯ মিনিটে বক্সের জটলার সুযোগ নিয়ে বায়ার্নকে সমতায় ফেরান হ্যারি কেইন। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে ভিনিসিউসের পাস থেকে গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে লিড এনে দেন কাইলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হয় রিয়ালের দাপুটে অগ্রগামিতায়।দ্বিতীয়ার্ধে এমবাপ্পে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলে চাপে পড়ে যায় রিয়াল। ম্যাচের ভাগ্য নাটকীয়ভাবে মোড় নেয় ৮৭ মিনিটে, যখন এদুয়ার্দো কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের রিয়ালকে পেয়ে চড়াও হয় বায়ার্ন। ম্যাচের ৯০ মিনিটে কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের বুলেট গতির এক শট জাল কাঁপিয়ে স্কোরলাইন ৩-৩ সমতায় আনে। তবে নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ছিল।খেলার অতিরিক্ত সময়ে মাইকেল অলিসের জাদুকরী এক ‘কার্লিং শট’ গোলরক্ষককে পরাস্ত করলে ৪-৩ গোলের অবিস্মরণীয় জয় নিশ্চিত হয় বায়ার্নের। বায়ার্নের এই জয়ের রাতে অন্য ম্যাচে আর্সেনাল গোলশূন্য ড্র করেও সেমিফাইনালে পৌঁছে গেছে। ফলে সেমিফাইনালের লাইনআপে বায়ার্ন বনাম পিএসজি এবং আর্সেনাল বনাম অ্যাতলেটিকো মাদ্রিদের মতো দুটি হাই-ভোল্টেজ দ্বৈরথ দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।/টিএ

এপ্রিল ১৬, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo