logo
youtube logotwitter logofacebook logo

বাতিল

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল - image

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানী এমভি গ্রীন লাইনের দুটি জাহাজ। আগামী ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিক ভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন। দিবা সার্ভিসের জন্য গ্রীন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীন লাইন ওয়াটারওয়েজ বরিশালের ইনচার্জ মো. বাদশা মিয়া জানান, প্রতিটিতে ৬শ যাত্রী বহনে সক্ষম এ জাহাজ একদিনের মধ্যেই ঢাকা থেকে বরিশাল গিয়ে আবার ঢাকায় ফেরা সম্ভব। গত বৃহস্পতিবার বরিশালে পরীক্ষামূলক সার্ভিস দিয়েছে জাহাজ দুটি। তিনি আরও জানান, এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ আগামী ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকাল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ ঢাকার উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, পদ্মা সেতু নির্মিত হলে নৌ-পথের যাত্রীসেবা টিকিয়ে রাখতে দ্রুতগতিসম্পন্ন এ ধরণের জাহাজ চলাচলের কোন বিকল্প নেই। সূত্রমতে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মেস্তাফিজুর রহমান জানান, ৮ সেপ্টেম্বর জাহাজ দুটি উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর বরিশাল থেকে প্রথম যাত্রা শুরু করবে। জাহাজ দুটি চালু হলে এ অঞ্চলের মানুষ দিনের বেলায়ও যানজটমুক্ত পরিবেশে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন। এজন্য বরিশাল নৌ-বন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল নাগরিক সমাজের সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ মালিকদের কাছে জিম্মি বরিশালের যাত্রীরা। তাদের কারণে অন্যকোনো নৌযানও এসে টিকে থাকতে পারেনা। সে অনুযায়ী লঞ্চের রোটেশন প্রথা ভাঙতে এমন অত্যাধুনিক দ্রুতগতির জাহাজ চালু হওয়া দরকার। লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, ডে সার্ভিসে ওয়াটারওয়েজ জাহাজ বরিশালের মানুষের জন্য সুখবর। তবে এ জাহাজ যাতে লঞ্চ মালিকদের চক্রান্তে বে-ক্রুজের মতো বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
সোমবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন - image

সোমবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন

29 নভেম্বর 2015, বিকাল 6:00

আসন্ন পৌরসভা নির্বাচনে এমপিদের প্রচারণায় সুযোগ দেয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আর এর বিপক্ষে অবস্থান বিএনপির। একই সঙ্গে তফসিল ১৫ দিন পেছানোর দাবি দলটির। তবে, এসব দাবির বিষয়ে সোমবার কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের পক্ষে কোন সংসদ সদস্যের প্রচারে নামার সুযোগ নেই। প্রথমবারের মত দলীয়ভাবে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের এমন বিধান বাতিলের দাবি নিয়ে রোববার নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দল। একই দাবি নিয়ে জাতীয় পার্টির প্রতিনিধিরাও কমিশনের সঙ্গে বৈঠক করেন। ঢাকা এবং চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচনে কমিশনের ভুমিকা প্রশ্নবিদ্ধ ছিল, দাবি তাদের। তাই পৌরসভা নির্বাচনে কমিশনের তেমন কোন ভুমিকা থাকবে না বলে আশা দলটির। তবে সংসদ সদস্যদের প্রচারের সুযোগ দেয়ার বিষয়ে একমত নয় বিএনপি। পাচঁ সদস্যদের প্রতিনিধি নিয়ে কমিশন সচিবালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে নিজেদের এমন অবস্থানের কথা জানান বিএনপি নেতা ওসমান ফারুক। একই সঙ্গে নির্বাচনের তফসিল পেছানো এবং পুলিশি হয়রানী বন্ধের দাবি জানান তাঁরা। অবশ্য রাজনৈতিক দলগুলোর এসব দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত জানাননি প্রধান নির্বাচন কমিশনার।

নভেম্বর ২৯, ২০১৫
রাত পোহালেই ভোট - image

রাত পোহালেই ভোট

28 ডিসেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: বুধবার দেশজুড়ে শুরু হচ্ছে পৌরসভা নির্বাচন। এই প্রথম পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে, আর এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই সাধারণ পর্যায়ে। দলীয় ভিত্তিতে পৌরসভার মতো স্থানীয় সরকার পরিষদের একটি নির্বাচন দেয়ার ফলে , পুরোপুরি জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার আমেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ভোটযুদ্ধ। মেয়র পদে দলীয় প্রতীকের এ লড়াই দেশের ইতিহাসে প্রথম বলে, এর মাধ্যমে তৈরি হতে যাচ্ছে নতুন এক ধারা। এ লড়াইও যথারীতি মূলত সেই দুই দলের। সেই আওয়ামী লীগ বনাম বিএনপি, সেই নৌকা বনাম ধানের শীষ। প্রায় সাত বছর পর রাজনীতির মাঠের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ ও বিএনপি হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বুধবার। দলীয় প্রতীকে মাধ্যমে পৌর নির্বাচনে এই লড়াই হলেও স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসেও এটাই প্রথম রাজনৈতিক লড়াই। তাই ভোটেরআগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে টানাটানি কারেছে দুই বড় দলই। জাতীয় নির্বাচনের আমেজ নিয়ে পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয় ৯ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর থেকে শুরু হয় প্রার্থীদের প্রতীকসহ প্রচার কার্যক্রম। পৌরসভায় দু সপ্তাহের টানা প্রচার শেষ হয়েছে সোমবার মধ্যরাতে। অন্যদিকে তফসিল ঘোষনার পর থেকেই বিভিন্ন নির্বাচনী এলাকায় আচরণ বিধি লঙ্ঘন, হুমকি হামলার ঘটনায় সারাদেশের ১ হাজার ৬১৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন যা মোট ভোট কেন্দ্রের অর্ধেক। পরিস্থিতি মোকাবেলায় ৭৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য কাজ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । সারা দেশের মোট ৩২৩টি পৌরসভার মধ্যে এবার নির্বাচন হচ্ছে ২৩৪টিতে। নিবন্ধিত ৪০টির মধ্যে অংশ নিচ্ছে ২০টি রাজনৈতিক দল। সারাদেশে মেয়র পদে মোট প্রার্থীরসংখ্যা ৯৪৫। সবক’টি পৌরসভাতেই প্রার্থী আছে শুধু আওয়ামী লীগের। বিএনপি’র আছে ২২৩টিতে, জাতীয় পার্টির ৭৪ , জাসদের ২১ এবং ওয়ার্কার্স পার্টির আটটিতে। এছাড়া অন্যান্য দলের প্রার্থী ১০০ এবং স্বতন্ত্র প্রার্থী ২৮৫ জন। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই আওয়ামী লীগ বা বিএনপি নেতা, দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে স্বতন্ত্র দাঁড়িয়েছেন। নিবন্ধন বাতিল বলে জামায়াতের নেতারাও আছেন এ তালিকায়। এদিকে ভোটের আগেই, মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সাতজন, সবাই-ই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। দেশের সাড়ে ৯ কোটি ভোটারের মধ্যে পৌরসভাগুলোতে আছেন প্রায় ৭১ লাখ ভোটার। এই তালিকায় নারী ও পুরুষ ভোটারের অনুপাত প্রায় সমান। মেয়রের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪৮০ জন নারী এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৭৪৬ কাউন্সিলরকে নির্বাচিত করবেন তারা। বড় দুই দল আ. লীগ ও বিএনপি নিজেদের প্রার্থী দিয়েই ক্ষান্ত হয়নি, একে অপরের দোষারোপও করে যাচ্ছেন সমান তালে। তারপরও ভোটারদের চাওয়া সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। দলীয় প্রতীকের চেয়ে তারা বড় করে দেখছেন প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা। নির্বাচনের আগের দিন মঙ্গলবার বড় দুই দল-ই নির্বাচন অফিসে নিজেদের পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে। প্রায় আধ ঘন্টার বৈঠক শেষে হানিফ জানান, বিএনপি সংসদের বাইরে বলে নির্বাচন কমিশনের আনুকুল্য পাচ্ছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। এসময় তার ভোটের ফল পাল্টে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে ইসিকে শক্ত হওয়ার আহ্বান জানান। পরে সাংবাদিকদের নির্বাচন সুষ্ঠু হলে যেকোন ফলাফল মেনে নিতে প্রস্তুত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবী, বুধবার পৌর নির্বাচনে ভোট দিতে না যেতে জনগণকে বাড়ি বাড়ি গিয়ে সরকারের পক্ষে হুমকি দিচ্ছে প্রশাসনের লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীদের নানা হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচন কমিশনে বারবার এসব তথ্য জানানো হলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেনা বরং বিএনপির অভিযোগ হেসেই উড়িয়ে দিচ্ছে তারা। সরকারের স্বৈর আচরণ বাস্তবায়নে প্রশাসন ও নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। তিনি জনগণকে সরকারের সব বাধা অতিক্রম করে ভোটকেন্দ্রে গোপন ব্যালটের মাধ্যমে উত্তর দেয়ার আহবান জানান।

ডিসেম্বর ২৮, ২০১৫
লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা - image

লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

জস্ব প্রতিবেদক: অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করতে বেঁধে দেওয়া সময় পার হওয়ায়, আজ থেকে সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। শুধু ফাইনাল পরীক্ষা হবে। ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অন্য ৩৫টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট শিক্ষকরা। ৯ মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে মর্যাদার অবনমন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন শুরু হয়েছিল। এরপর সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পর্যালোচনায় কমিটি করে। অর্থমন্ত্রী শিক্ষকদের ৩টি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, বেতন কাঠামোর গেজেটে তার প্রতিফলন ঘটেনি বলে শিক্ষকদের অভিযোগ। এ পরিস্থিতিতে রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু হবে। সান্ধ্যকালীন কোর্সও এর আওতায় থাকবে।

জানুয়ারি ১০, ২০১৬
বিচারক অপসারণের ক্ষমতা সংসদকে দেয়া ‘অবৈধ’ - image

বিচারক অপসারণের ক্ষমতা সংসদকে দেয়া ‘অবৈধ’

04 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ সংগরিষ্ঠতার ভিত্তিতে এই আদেশ দেয়। আদেশে হাইকোর্ট বলে এরকম আইনে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয় এবং আইনের অপব্যবহারের আশংকা থাকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে দিয়ে সংবিধানের সংশোধনী একটি বড় ধরণের দুর্ঘটনা। ২০১৪ সালের ১৭ সপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ১৬ তম সংশোধনী আনা হয়। বিচারপতিদের অপসারনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে সংবিধানের ৯৬ অনুচ্ছেদে যুক্ত করা বিচারপতিদের অপসারনের সিদ্ধান্ত নেবে সংসদ, সিদ্ধান্ত হবে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির সিদ্ধান্তের আলোকে। ওই সংশোধনী পাশের পরপরই সুপ্রিমকোর্টের ৯ আইনজীবী একটি রিট দায়ের করে। রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষ ও রিটকারীরা ছাড়াও অ্যামিকাস কিউরি হিসেবে চারজন সিনিয়র আইনজীবী এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশারাফুল কামালের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংবিধানের ১৬ তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। তবে, আদালতের এ রায়ে সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন রোববার তাঁরা আপিল করে রায়ের স্থগিতাদেশ চাইবেন। এদিকে সংশোধনী মোটেও অবৈধ নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মূল সংবিধানের কোনো ধারা অবৈধ বলতে পারেন না আদালত, এই তথ্য দিয়ে সংসদে আইনমন্ত্রী আরো বলেন, আগামী রোববার কিংবা সোমবার এ রায়ের বিরুদ্ধে আপলি করা হবে। অন্যদিকে, ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতার বিষয়টি আপিলের রায়ের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

মে ০৪, ২০১৬
স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল - image

স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল

18 মে 2016, বিকাল 6:00

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্কুল পরিচালনা কমিটি বাতিল এবং বরখাস্ত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহালের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সরকারী তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিলেন। মন্ত্রী জানান, কমিটির প্রাথমিক প্রতিবেদনে শ্যামল কান্তির বিরুদ্ধে আনা ধর্মীয় অবমাননার অভিযোগ প্রমাণিত হয়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে ঐ স্কুলে নতুন কমিটি কাজ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

মে ১৮, ২০১৬
ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত - image

ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’  আরও ঘনীভূত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে  জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়েরর কারণ উপকূলীয় এলাকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। নিম্নচাপটি মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। এর ফলে চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা বন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আর নদী বন্দর গুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মংলা প্রতিনিধি জানান, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর কারনে মংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্নিঝড়টি বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘাটে থাকতে বলেছে।  এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকুলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । এদিকে বন্দর কর্তপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে । তাছাড়া বন্দরের পশুর চ্যানেল ও হাড়বাড়িয়া অবস্থানরত জাহাজের পন্য বোঝাই খালাস কাজ বন্ধ রাখা হয়েছে । কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূযোর্গপরবর্তী উদ্দারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দূযোর্গ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
ধেয়ে আসছে রোয়ানু, ৭ নম্বর বিপদ সংকেত - image

ধেয়ে আসছে রোয়ানু, ৭ নম্বর বিপদ সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। এর ফলে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর, কক্সবাজরে ৬ নম্বর, এবং খুলনা ও মংলায় ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সকালে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বিকেলে তার বাড়ানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। রোয়ানুর প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেকে বৃষ্টি হচ্ছে। তবে উপকূলের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকায় বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা রয়েছে। আর থেকে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে, মংলা প্রতিনিধি জানিয়েছেন ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । মংলা বন্দর কর্তৃপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূর্যোগ পরবর্তী উদ্ধারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ১০ হাজার জন - image

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ১০ হাজার জন

20 মে 2016, বিকাল 6:00

নোয়াখালী প্রতিনিধি: ঘুর্নিঝড় ‘রোয়ানু’র প্রভাবে নোয়াখালীতে রাত থেকে ধমকা হাওয়া ও হালকা ও মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত জেলার হাতিয়া, কোম্পানীগঞ্জসহ উপকূলীয় এলাকা সমুহে সী-ট্রাক ও মাছধরা নৌকাসহ সকল প্রকার নৌ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ দিকে ঘুর্ণিঝড়টি আঘাত হানার পূর্বেই মানুষ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য দ্বীপ উপজেলা হাতিয়া’য় ১৫৬টি, সুবর্নচরে ৯৪টি ও কোম্পানীগঞ্জে ৩০টি স্কুল কাম আশ্রয় কেন্দ্র  প্রস্তুত করে রেখেছে প্রশাসন। মাইকিং করে সতর্কতা জারি ও প্রশাসনের চেষ্টার ফলেও উপকূলীয় এলাকার মানুষ জন বয়াচরসহ সুবর্ণচরের আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে আসেনি। তবে জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস বেলা সাড়ে দুপুর ১টার দিকে জানিয়েছেন, হাতিয়া নিঝুম দ্বীপ, কেরিং চরসহ নিন্মাঞ্চলের প্রায় ১০হাজার মানুষজনকে সাইক্লোন শেল্টারে নেয়া হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, ঘুর্নিঝড় ‘রোয়ানু’ আঘাত হানার মোকালোয় মানুষ জনের নিরাপত্তাসহ সকল প্রকার প্রস্তুতি মূলক ব্যবস্থা নেয়া হয়েছে এবং এসব এলাকার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রেড ক্রিসেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছা সেবকদের প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ঘুর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে হাতিয়ার চর কিং, চর ঈশ্বর , চর মহি উদ্দিন এ বেড়ীবাধ ভেঙ্গে জোয়ার পানিতে অন্তত ১০ গ্রাম প্রাবিত হয়েছে। এ ছাড়া  স্বাভাবিকের ছেয়ে  থেকে ৫ফুট উচ্চতায় জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন হাতিয়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলওয়ার হোসেন। এ ছাড়া জেলা কালেক্টর ভবনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যা সার্বক্ষনিক উপকূলীয় এলাকায় যোগাযোগ রক্ষা করছে।

মে ২০, ২০১৬
খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ - image

খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

24 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামিকে দুই মাসের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। বড় পুকুরিয়া মামলায় পুর্নাঙ্গ রায়ে এ আদেশ দেয়া হয়। বুধবার এই রায় প্রকাশ করে আদালতের সংশ্লিষ্ট শাখা। মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষে, গত বছরের ১৭ সেপ্টেম্বর আদালত, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা চলবে বলে রায় দিয়েছিলেন। একই সঙ্গে বলা হয়েছিল, রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, যেহেতু পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, এখন তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এ মামলার অন্য আসামিরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, একেএম মোশারফ হোসেন, সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এর আগে ১/১১ এর জরুরি অবস্থার সময়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমান দুর্নীতি দমন কমিশন) তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। চীনা প্রতিষ্ঠান ‘কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন’-এর সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয় মামলাটিতে।

মে ২৪, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo