logo
youtube logotwitter logofacebook logo

দুঃসংবাদ

ফেঁসে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড - image

ফেঁসে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড

02 জুলাই 2022, বিকাল 6:00

বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন অ্যাম্বার হার্ড। সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা হারার পর খুব একটা প্রকাশ্যে আসেননি এই হলিউড অভিনেত্রী। এরমধ্যেই নতুন এক বিতর্কে নাম জড়ালো তার। অ্যাম্বার হার্ডের নামে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের মামলা হয়েছে। খবর অনুযায়ী, অ্যাম্বারের বিরুদ্ধে এই মামলার ঘটনা নতুন ঘটনা নয়। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকার পুরনো এই মামলার তদন্ত শুরু করেছে। এই মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের কৃষি, জল ও পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ২০১৫ সালে অ্যাম্বার হার্ড অবৈধভাবে তার দুইটি কুকুরকে এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যান। তার বিরুদ্ধে করা সেই মামলা পুনরায় খতিয়ে দেখছে সরকার। সম্প্রতি জনি ডেপের করা মানহানির মামলায় হেরে যান অ্যাম্বার হার্ড। মামলার রায় অনুযায়ী ডেপকে হার্ডের দিতে হবে ১০ মিলিয়ন ডলার। সেই অর্থ মেটাতে যখন হিমশিম খাচ্ছেন এই অভিনেত্রী, এমন সময়ে তার জন্য এলো আরও বড় দুঃসংবাদ।

জুলাই ০২, ২০২২
টিভি সম্প্রচার হচ্ছে না, যেভাবে দেখা যাবে আয়ারল্যান্ড সিরিজ - image

টিভি সম্প্রচার হচ্ছে না, যেভাবে দেখা যাবে আয়ারল্যান্ড সিরিজ

08 মে 2023, বিকাল 6:00

আজ বিকেলে শুরু হবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। খেলাটি হবে চেমসফোর্ডের এসেক্স মাঠে। তবে বাংলাদেশ ভক্ত ও সমর্থক, অনুরাগীদের জন্য আছে দুঃসংবাদ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের খেলা দেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। যে দুটি টিভি চ্যানেল (গাজী টিভি ও টি-স্পোর্টস) নিয়মিত খেলা দেখায়, তারা জাতীয় দলের সিরিজ কেনেনি। বিকল্প যে চ্যানেলগুলো রয়েছে, তারাও আগ্রহ দেখায়নি। মূলত সিন্ডিকেট আর আইপিএলের ম্যাচ সম্প্রচার করে বেশি অর্থ পাওয়ায় জাতীয় দলের সিরিজের খেলা দেখাতে টিভি চ্যানেলগুলো রাজি হয়নি বলে অভিযোগ। সূত্রের দাবি, তারা এবার সম্প্রচার করতে পারছে না কারণ, টিভিতে খেলা দেখাতে হলে তাদের যে পরিমাণ অর্থ খরচ করতে হবে, বিজ্ঞাপন থেকে তার ধারেকাছে আয় হবে না। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য স্বস্তির খবর রেখেছে আইসিসি, আইসিসি টিভিতে দেখা যাবে পুরো সিরিজ। বিসিবি জানিয়েছে, বাংলাদেশের সমর্থকেরা আয়ারল্যান্ড সিরিজের খেলা আইসিসি টিভি ওয়েবসাইটে দেখতে পারবেন। এই ওয়েবসাইটের নিবন্ধনে টাকা লাগবে না। যারা নতুন এই চ্যানেল ব্যবহার করে খেলা দেখবেন, তাদের জন্য নিবন্ধন-প্রক্রিয়াও জানিয়েছে বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং সেখানে অ্যাকাউন্টও করা যাবে বিনা মূল্যে।যাদের আগেই এই চ্যানেলে নিবন্ধন করা আছে তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। চ্যানেলে সাইন ইন করে ঢুকলেই খেলা দেখা যাবে। চেমসফোর্ডে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। বাংলাদেশে কোনো টিভিতে সম্প্রচার না হলেও আয়ারল্যান্ডে দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে। এ ছাড়া উত্তর আমেরিকায় দেখা যাবে উইলো টিভিতে আর ভারতে ফ্যানকোডে। এদিকে, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের অপ্রতুল ব্যবস্থাপনায় ঠিকঠাক অনুশীলন করতে পারেনি সফরকারী বাংলাদেশ। এই সময়টাতে মাত্র একটি সেশন ঘাম ঝরাতে পেরেছে বাংলাদেশ। এমনকি ম্যাচ ভেন্যু দেখার সুযোগ পেয়েছেন সিরিজ শুরুর আগের দিন। সবকিছু মিলিয়ে আয়ারল্যান্ডের ব্যবস্থাপনায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ।

মে ০৮, ২০২৩
যে কারণে শেষ ওয়ানডেতে নেই সাকিব - image

যে কারণে শেষ ওয়ানডেতে নেই সাকিব

13 মে 2023, বিকাল 6:00

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে আজ রোববার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এ ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। আঙুলের চোটের কারণে শেষ ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তারকা বিশ্বসেরা অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। সিরিজ জয়ের মিশনে নামার আগে বড় দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে। এই ম্যাচের আগের দিন চোটে পড়েছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। তাই সাকিবকে ছাড়াই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে ফল পায়নি কোনো দলই। বৃষ্টির কারণে ম্যাচ হয় পরিত্যক্ত। দ্বিতীয়টি দেরিতে শুরু হলেও লড়াই চলে জমজমাট। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। যা তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়তে হয় বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে শেষ ওভারে গিয়ে বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ফলে কাল আইরিশদের হারালেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফিরতে পারবে বাংলাদেশ। সেই সঙ্গে আরেক দিকেও লাভ হবে বাংলাদেশের। চলমান এই সিরিজটি আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের। বাংলাদেশের বিশ্বকাপে খেলার টিকেট নিশ্চিত হয়ে গেলেও কালকের ম্যাচটি জিতলে আরও পয়েন্ট বাড়বে। দ্বিতীয় ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে ছাপিয়ে তিনে উঠে এসেছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় জয় পেলেই পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে বিশ্বকাপে খেলতে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। তাই জয়েই চোখ বাংলাদেশের। অন্যদিকে আইরিশ দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেও জিততে পারেনি। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। তাতে অন্তত সিরিজে ড্র করার স্বস্তি নিতে পারবে আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত মাঠের খেলাই শেষ কথা। ফল কার পক্ষে যাবে বলা যাবে কাল!

মে ১৩, ২০২৩
মাঠে নামার আগে দুঃসংবাদ সাকিবের রাজত্বে - image

মাঠে নামার আগে দুঃসংবাদ সাকিবের রাজত্বে

30 আগস্ট 2023, বিকাল 6:00

এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে আর ঘণ্টা তিনেক পরেই মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়ানডে ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগেই দুঃসংবাদ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। বুধবার (৩০ আগস্ট) বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে ফেরান কিউই এই পেসার। এর পরপরই নিজের দখলে নেন শীর্ষস্থান। এর আগে, গত মার্চে সাউদিকে হটিয়ে তালিকার শীর্ষস্থানের মুকুট পরেছিলেন সাকিব। ১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচে নেমেছিলেন সাউদি। ইংলিশদের বিপক্ষে এক উইকেট নিয়েই জয় করেছেন সাকিবের দীর্ঘ পাঁচ মাসের রাজত্ব। এবার অবশ্য দীর্ঘদিন এই রাজমুকুট নিজের করে রাখার সুযোগ পাচ্ছেন ব্ল্যাক ক্যাপসদের এই পেসার। কারণ, আগামী ডিসেম্বরের আগে টি-টোয়েন্টিতে মাঠে নামা হচ্ছে না সাকিবের। সেটাও আবার কিউইদের বিপক্ষেই। তাই লড়াইটা তখন আরও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে, এটা কল্পনা করাই যায়। টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে ১৪১ উইকেট নিয়েছেন সাউদি। অন্যদিকে ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়েছেন সাকিব। এ ছাড়া তাদের থেকে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন রশিদ খান। একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি পাঁচ বোলার- টিম সাউদি- ১৪১ সাকিব আল হাসান- ১৪০ রশিদ খান- ১৩০ ইশ সোধি- ১১৯ লাসিথ মালিঙ্গা- ১০৭

আগস্ট ৩০, ২০২৩
চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার - image

চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

17 অক্টোবর 2023, বিকাল 6:00

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলকে প্রথম হারার স্বাদ দিয়েছে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ে। বুধবার (১৬ অক্টোবর) এস্টাডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছে সেলেসাওরা। হারের থেকেও বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। দলের তারকা নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন।  ম্যাচের ৪৫ মিনিটে চোটে পড়েন নেইমার। চোট যে এতটা গুরুতর ছিল, হাত দিয়ে চোখ ঢেকে তিনি কাঁদতে কাঁদতে নেইমার মাঠ ছেড়েছেন। ব্রাজিল টিমের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, 'এখনই নেইমারের ইনজুরি কতটা গুরুতর সেটি বলা যাচ্ছে না। আমরা সব ধরনের পরীক্ষা করছি, আগামীকালও একই পরীক্ষাগুলো করা হবে। তার হাঁটুর পরবর্তী অবস্থা দেখা হবে আগামী ২৪ ঘণ্টা পরে। তাকে পর্যবেক্ষণে রাখা হবে, দেখি কী আসে পরবর্তী পরীক্ষায়।' ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমার একটি স্টোরি দিয়েছেন। সেখানে তিনি লিখেন, 'সৃষ্টিকর্তা সব বিষয়ে জানেন। সকল শ্রদ্ধা ও কৃতিত্ব একমাত্র তোমার, আমার স্রষ্টা। যাই ঘটুক, আমি তোমার ওপরই আস্থা রাখি।'

অক্টোবর ১৭, ২০২৩
ফিফার নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলের ফুটবল! - image

ফিফার নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলের ফুটবল!

25 ডিসেম্বর 2023, বিকাল 6:00

মাঠের ফুটবলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এমন কঠিন সময়ে কি না আরও বড় দুঃসংবাদ পেল সেলেসাওরা। আদালতের রায়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান এদনালদো রদ্রিগেসকে সরানোর পরিপ্রেক্ষিতে বোর্ডকে সতর্ক করে চিঠি দিয়েছে ফিফা। গত বছরের নির্বাচনে বিজয়ী হয়ে সিবিএফের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন রদ্রিগেস। তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে গত ৭ ডিসেম্বর রদ্রিগেসকে ছাঁটাইয়ের নির্দেশ দেয় রিও দি জেনেরোর আদালত। একইসঙ্গে তার নিয়োগ দেওয়া অন্য কর্মকর্তাদেরও বহিষ্কার করা হয়। সেই সঙ্গে ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার প্রধান জোসে পের্দিসকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার অধীনে আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও রায়ে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন রদ্রিগেস; কিন্তু সেখানেও আগের আদালতের রায় বহাল রাখা হয়েছে। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ফিফা। এ বিষয়ে বিবৃতি প্রকাশ করে ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে হুঁশিয়ার করে দিয়েছে সংস্থাটি। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, আগামী বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফিফার কমিশন দল সিবিএফ পরিদর্শনে যাবে। সিবিএফ নিষিদ্ধ হলে তার ফল ব্রাজিলের জাতীয় দল এবং ক্লাবগুলোকেও ভোগ করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ফিফা ও কনমেবল। এ বিবৃতিতে সিবিএফকে উভয় সংস্থা (ফিফা ও কনমেবল) আবারও মনে করিয়ে দিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী বোর্ডে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং সভাপতির পদ শূন্য হলে বয়োজ্যেষ্ঠ পরিচালক ওই দায়িত্ব নেবেন। ফিফা ও কনমবেল কঠোরভাবে জানায়, কমিশন পাঠানোর আগ পর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এদিকে, আদালতের রায় অনুযায়ী আগামী ৭ জানুয়ারির মধ্যেই পদত্যাগ করতে হবে এদনালদোকে। এ বিষয়টি মাথায় রেখে ৮ জানুয়ারি একটি বিশেষ বৈঠক আয়োজনের কথা জানিয়েছে ফিফা ও কনমেবল। অর্থাৎ, তাদের সিদ্ধান্ত অমান্য করলেও তাৎক্ষণিক শাস্তি পাবে সিবিএফ।

ডিসেম্বর ২৫, ২০২৩
সাকিবকে নিয়ে নতুন দুঃসংবাদ! - image

সাকিবকে নিয়ে নতুন দুঃসংবাদ!

12 ফেব্রুয়ারি 2024, বিকাল 6:00

গেল বছরের বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির পর যুক্ত হয়েছে চোখের সমস্যাও। সবমিলিয়ে বেশ অস্বস্তিতেই রয়েছেন তিনি। বিপিএল খেললেও চোখের সমস্যাটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। যে কারণে গুঞ্জন আছে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম নেবেন সাকিব। এদিকে গতকাল তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে গেছেন সাকিব। নতুন করে বোর্ড দায়িত্ব দিয়েছে সব ফরম্যাটের জন্য নাজমুল হোসেন শান্তর কাঁধে। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন শান্ত। এদিকে সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, 'সাকিবের সাথে কথা হয়েছে। গতকাল পর্যন্ত যে কথা হয়েছে, ওর চোখের সমস্যা এখনও যায়নি। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, বিশ্বকাপ আছে। ওর এভেইলেবিলিটি শিওর না। ও অবশ্যই ক্যাপ্টেন হিসেবে প্রথম পছন্দ, এখনও আছে। যেহেতু অনিশ্চয়তা রয়ে গেছে, আমরা অনিশ্চয়তায় থাকতে চাচ্ছি না, সিদ্ধান্তটা দেরি করতে চাইনি। বিশ্বকাপের বেশি দেরি নেই। দল যেন স্মুথলি চলতে পারে সেজন্য নাম ঘোষণা করে দিয়েছি।' যদিও আসন্ন সিরিজ খেলবেন কিনা এমন প্রশ্নে টাইগার অলরাউন্ডার খানিক ধোঁয়াশাই রেখে দিয়েছেন। বিপিএলের সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, 'শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো প্লান হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি।' শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়ে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এখান থেকেই নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। তবে নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং হান্নান সরকারের কাজ এখনই শুরু হচ্ছে না। তাদের দেখা যাবে এরপর থেকে।

ফেব্রুয়ারি ১২, ২০২৪
টি-২০ দিয়ে আজ শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ - image

টি-২০ দিয়ে আজ শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ

03 মার্চ 2024, বিকাল 6:00

দিন দুয়েকের বিরতি শেষেই ফের মাঠে নেমে পড়লেন শান্ত-মাহমুদউল্লাহরা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের ব্যস্ততা শুরু বাংলাদেশের। আজ  (সোমবার) ৪ মার্চ চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। খেলা শুরু সন্ধ্যা ছয়টায়। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান-ভারতের মতো না হলেও বর্তমান ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও এখন দারুণ উপভোগ্য। ২০১৭ সালে নিদাহাস ট্রফি থেকেই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ‘দ্বৈরথ’ পায় নতুন রূপ। গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব-ম্যাথিউজ আউট বিতর্ক যে দ্বৈরথে বাড়তি মাত্রা যোগ করে। আর মাত্র মাস তিনেক পরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ। ২০২২ সাল থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো সিরিজ হারেনি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে শান্তদের। নতুন বছরের প্রথম অ্যাসাইনমেন্টে সেই ধারাবাহিকতা ধরে মরিয়া বাংলাদেশ। মাহমুদউল্লাহ-লিটনদের নিয়ে ভারসাম্যপূর্ণ এক দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। যদিও প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েও চোটের কারণে ছিটকে গেছেন অফস্পিনার আলিস আল ইসলাম। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকির আলি অনিককে। যিনি একাদশে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান। বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথকে পাশে রেখে জয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাই করতে চান অধিনায়ক শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ। জেতার জন্য যা যা করার দরকার অবশ্যই সেটা করা উচিত। আর শ্রীলঙ্কার সাথে বাইরের বিষয় নিয়ে চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে।’ লঙ্কানদের জন্য দুঃসংবাদ, আইসিসি নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে পাবে না শ্রীলঙ্কা। তার পরিবর্তে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অবশ্য ট্রফি উন্মোচনে  আসালাঙ্কা নয় ছিলেন হাসারাঙ্গাই। বিশ্বকাপের আগে এই সিরিজকে পাখির চোখ করেছে শ্রীলঙ্কাও। জয় দিয়েই প্রস্তুতি সারতে মরিয়া দলটির প্রধান কোচ ক্রিস সিলভারউড। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে ভাবতে চাই না। সামনে বিশ্বকাপ, আমরা সেটা নিয়েই বেশি মনোযোগী। সেরা স্কোয়াড বাছাই করতে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভালো দল, তবে আমার কাছে নিজেদেরকেই ফেবারিট মনে হয়। এটাও সত্য, জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে।’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠ সবসময় ব্যাটিংবান্ধব। এই মাঠে সবশেষ গত বছরের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০১৮-২০২৩ এই সময়ের মধ্যে এই মাঠে খেলা চার ম্যাচের মধ্যে দুটিতে জয় ও দুটিতে হেরেছে বাংলাদেশ। সর্বোচ্চ সংগ্রহ শ্রীলঙ্কার। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ২১০ রান করেছিল লঙ্কানরা। তবে, এই মাঠে অনুষ্ঠিত ৪৮ ম্যাচের মধ্যে ২৮টিতেই আগে ব্যাটিং করা দল জিতেছে, সেই হিসেবে টস বড় একটি ভূমিকা রাখতে পারে এই ম্যাচে। ২০ ওভারের এই ফরম্যাটে দুটি দল এখন পর্যন্ত ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে নয়টি, আর বাংলাদেশ চারটি। এবার কি ব্যবধান কমাতে পারবে নাজমুল হোসেন শান্তর দল, নাকি লঙ্কানরা আরেকটু এগিয়ে যাবে? তা তো সময়ই বলে দেবে।

মার্চ ০৩, ২০২৪
অনিশ্চয়তার মধ্যে আরেক দুঃসংবাদ পেলেন তাসকিন - image

অনিশ্চয়তার মধ্যে আরেক দুঃসংবাদ পেলেন তাসকিন

13 মে 2024, বিকাল 6:00

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে দারুন ছন্দে ছিলেন পেসার তাসকিন আহমেদ। চার ম্যাচে আট উইকেট নিয়ে দিয়েছিলেন বিশ্বকাপে ভালো করার বার্তাও। কিন্তু, আচমকাই যেন সব এলোমেলো হয়ে গেল। পঞ্চম টি-টোয়েন্টির আগে এক অপ্রত্যাশিত চোটে তাসকিনের বিশ্বকাপ যাত্রা এখন অনিশ্চয়তার বেড়াজালে। বিসিবির চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাংসপেশির চোটে ভুগছেন তাসকিন আহমেদ। আর তাতে বাংলাদেশ দলের এই পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাই পড়ে গেছে শঙ্কার মধ্যে। যার ফলে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে দেরি হচ্ছে বিসিবির। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুরে বিশ্বকাপে কারা যাচ্ছে, সেই ঘোষণা দেবে নির্বাচকরা। অনিশ্চয়তার মাঝেই নতুন করে দুঃসংবাদ পেলেন তাসকিন। আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজের দলে থাকছেন না তিনি। জানা গেছে, তাসকিন যে ধরনের চোটে পড়েছেন, তা থেকে সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহের মত সময় প্রয়োজন। অথচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। যার ফলে তাসকিনকে বাদ দিয়েই এই সিরিজের দল দিতে হচ্ছে বিসিবিকে। তাসকিনের বিকল্প হিসেবে এই সিরিজের জন্য ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে। শুধু হাসান নন, যুক্তরাষ্ট্র সিরিজের জন্য বাড়তি দুই-তিনজন ক্রিকেটারকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হবে। তাদেরও সুযোগ দিয়ে দেখা হবে। বিশ্বকাপের উদ্দেশে ১৫ মে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের হয়ে দেশ ছাড়বে। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজটিও বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

মে ১৩, ২০২৪
ড্রয়ে গ্রুপ রানার্স-আপ ব্রাজিল, কোয়ার্টারে শক্তিশালী প্রতিপক্ষ - image

ড্রয়ে গ্রুপ রানার্স-আপ ব্রাজিল, কোয়ার্টারে শক্তিশালী প্রতিপক্ষ

02 জুলাই 2024, বিকাল 6:00

দুর্দান্ত কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে কোপা আমেরিকার গ্রুপপর্ব পার করল ব্রাজিল। আর এর ফলে গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখতে হচ্ছে সেলেসাওদের। এতেই নিশ্চিত হয়ে গেছে কোপার পরবর্তী ধাপে শক্তিশালী উরুগুয়ের সামনে পড়তে হচ্ছে দোরিভাল শিষ্যদের।কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পথে বেশ সহজ এক সমীকরণ নিয়েই আজ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। শুধু ড্র-ই যথেষ্ট ছিল তাদের। তবে, আড়ালে ছিল আরেকটা হিসাব। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দুর্বল পানামাকে পাওয়া যেত কোয়ার্টার ফাইনালে। আর ড্র করলে সামনে দারুণ ফর্মে থাকা শক্তিশালী উরুগুয়ে। তাই বলাই যায়, ড্র নয়; বরং জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল রাফিনহা-রদ্রিগো-ভিনিরা। মাঠে বল গড়ানোর মাত্র ১২ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় তারা। দুর্দান্ত এক ফ্রি-কিকে কলম্বিয়ান গোলরক্ষক ভারগাসকে পরাস্ত করে সেলেসাওদের এগিয়ে দেন রাফিনহা। কিন্তু কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাওয়ার লড়াইয়ে কোনোরকম ছাড়া দিতে রাজি ছিল না আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা কলম্বিয়া। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও তারকায় ঠাসা ব্রাজিলের সঙ্গে তারা লড়াই করতে থাকে চোখে চোখ রেখে। বল নিয়ে মাঠে আধিপত্য বিস্তার করতে পারেনি ব্রাজিলিয়ান মাঝমাঠ। বরং একটা পর্যায়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে গিয়েছিলেন হামেস রদ্রিগেজ-লুইস ডিয়াজরা। ফলে গোলবারের নিচে দারুণ ব্যস্ত সময় কাটাতে হয়েছে এলিসন বেকারকে। পুরো প্রথমার্ধে ব্রাজিল যেখানে প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছে মাত্র তিনটি, সেখানে কলম্বিয়া নিয়েছে ৮টি শট। প্রথমার্ধের শেষ দিকে কষ্টের ফলও তুলে নিতে সক্ষম হয় তারা। যোগ করা সময়ে হুয়ান কর্দোবার কাছ থেকে বক্সের মধ্যে বল পয়ে ডান পায়ে জোরালো এক শট নেন কলম্বিয়ান রাইটব্যাক ড্যানিয়েল ম্যুনোজ। এতে ম্যাচের শুরুতে খাওয়া গোলটা শোধ করেই প্রথমার্ধ শেষ করতে সক্ষম হন রদ্রিগেজ-ডিয়াজরা। অবশ্য এগিয়েও বিরতিতে যেতে পারতো কলম্বিয়া। রাফিনহার গোলের মাত্র মিনিট সাতেকের মাথায় হামেস রদ্রিগেজের দারুণ এক ফ্রি-কিকে এলিসনকে পরাস্ত করেন ডেভিসন সানচেজ। কিন্তু তার ওই গোলটি বাতিল হয়ে যায় জেফারসন লারমা অফসাইডে থাকায়। এরও আগে রদ্রিগেজের আরেকটি দারুণ ফ্রি-কিক ব্যর্থ হয়ে যায় ক্রসবারে লেগে। এদিকে ম্যাচের শুরুতেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিল কোয়ার্টার ফাইনালে খেললেও ওই ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র। জিততে না পারলে সামনে উরুগুয়ে। সে চিন্তা থেকেই হয়তো দ্বিতীয়ার্ধে গোল আদায়ের মরিয়া চেষ্টা শুরু করে ব্রাজিল। সামান্য উন্নতি হয় বল দখলের লড়াইয়ে। ধার বাড়ে আক্রমণে। ৫১ মিনিটে কলম্বিয়ান ডি বক্সের বাইরে থেকে জোরালো এক শট নেন ভিনি। কিন্তু শটটা চলে যায় গোলবারের ডান পাশে ওপর দিয়ে। দুই মিনিট পর এডার মিলিতাওয়ের একতা চেষ্টা আটকে দেয় কলম্বিয়ার রক্ষণ। এরপর ৫৯ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে এমনই এক জায়গা থেকে ফ্রি-কিক নিয়ে দলকে এগিয়ে দেন রাফিনহা। এবারও শট নিতে আসেন বার্সেলোনার এই উইঙ্গার; শটটাও নেন দারুণ। কিন্তু তার বাম পায়ে নেওয়া বাঁকানো শটটা বেরিয়ে যায় পোস্টের বাঁ পাশ ঘেঁষে। অবশ্য এই অর্ধে তেমন একটা পিছিয়ে ছিলনা কলম্বিয়াও। বল দখলটা ঠিক রেখে দারুণ কয়েকটা আক্রমণ শানিয়েছে তারাও। ৬৯ মিনিটে হামেস রদ্রিগেজের ক্রস থেকে বক্সের মধ্যে হেড নিয়েছিলেন জন করডোবা। কিন্তু দারুণ দক্ষতায় সেই বলটা লুফে নেন এলিসন বেকার। ৮৩ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগটা ধরা দেয় কলম্বিয়ার কাছে। লুইস দিয়াজের ক্রস থেকে ফাঁকা পোস্টে গোলের সুযোগ পেয়ে যান রাফায়েল বোরে। কিন্তু বলটা তিনি পাঠিয়ে দেন গোলবারের ওপর দিয়ে। কলম্বিয়ার দাপটের দিনে ম্যাচটা জেতার আরেকটা শেষ সুযোগ পায় ব্রাজিল অন্তিম মুহূর্তে। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন আন্দ্রেস পেরেইরা। কিন্তু লাফিয়ে উঠে কোনোমতে কলম্বিয়াকে রক্ষা করেন গোলরক্ষক ভারগাস। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। নিশ্চিত হয় কলম্বিয়ার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কোয়ার্টার ফাইনালে আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় দুর্বল পানামার বিপক্ষে মাঠে নামবে তারা। একইদিন বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে দারুণ ছন্দে থাকা উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। কোচ দোরিভালের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ এ লড়াইয়ে দলের আক্রমণভাগের মূল ভরসা ভিনিসিয়ুস জুনিয়রকে পাবেন না তিনি। অবশ্য ছোট্ট একটা দুঃসংবাদ আছে কলম্বিয়ার জন্যও। ব্রাজিলের বিপক্ষে আজকের ম্যাচে কার্ড দেখে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন তাদের জেফারসন লারমা।

জুলাই ০২, ২০২৪
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo