logo
youtube logotwitter logofacebook logo

কোহলি

বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ব্যাঙ্গালুরুর জয় - image

বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ব্যাঙ্গালুরুর জয়

18 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আইপিএলে বড় জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বুধবার বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে বৃষ্টি আইনে ৮২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। ব্যাঙ্গালুরুর দেয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১২০ রানে থামে পাঞ্জাবের ইনিংস। এই সেমিফাইনালে খেলার স্বপ্ন ভালভাবেই বেচে রইল ব্যাঙ্গালুরুর। বৃষ্টির কারণে ১৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্যাঙ্গালুরুর দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিরাট কোহলি ও ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভারে তারা যোগ করেন ১৪৭ রান। ৭৩ রানে ফিরে যান ক্রিস গেইল। তবে ধারাবাহিকভাবে ভাল খেলা কোহলি তুলে নেন এবারের আসরে নিজের চতুর্থ সেঞ্চুরি। তিনি আউট হন ১১৩ রানে। ৩ উইকেটে ২১১ রানে থামে ব্যাঙ্গালুরুর ইনিংস। ১৪ ওভারে ২০৩ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। শেষ পর্যন্ত ১২০ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ২৪ রান করেন রিদ্দিমান সাহা।

মে ১৮, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় ভারতের - image

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় ভারতের

17 জুলাই 2022, বিকাল 6:00

রিশাভ পান্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের টার্গেটে ছুতে সক্ষম হয় সফরকারী ভারত। ৪৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে রোহিত শর্মার দল। ম্যাচটি নিজেদের করে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে ভারত। রোববার ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারত টসে জিতে স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে প্রথম দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা। জনি বেয়ারস্টো ও জো রুট দুজনেই ৩ বল খেলে শূন্য রানে আউট হন। স্বাগতিক ব্যাটারদের মধ্যে রান পেয়েছেন ওপেনার জেসন রয় (৪১), মঈন আলী (৩৪) ও ক্রেইগ ওভারটন (৩২), জস বাটলার ৬০ রান। মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। পেসার মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। যুজবেন্দ্রর চাহাল পেয়েছেন ৩ উইকেট। আর বাকি ১ উইকেট রবীন্দ্র জাদেজার। ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ বল খেলে ১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। আর ১৭ বলে ১৭ রান করে অধিনায়ক রোহিত শর্মা আউট হলে ধাক্কা খায় সফরকারীরা। ২২ বলে ১৭ রান করে ফেরেন বিরাট কোহলি। এরপর সুরিয়াকুমার খেলেন ২৮ বলে ১৬ রানের ছোট ইনিংস। পান্টের সঙ্গে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। দুই জনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের দিকে এগুতে থাকে ভারত। তবে ৫৫ বলে ৭১ রানের মারকুটে এক ইনিংস খেলেন পন্ডিয়া। পন্ডিয়া আউট হলে পান্টকে সঙ্গ দিতে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। পান্টের ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসের সাথে জাদেজার ১৫ বলে ৭ রান ভারতকে জয়ের কিনারায় পৌঁছে দেয়। ভারতের উইকেটকিপার ব্যাটার পান্ট ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন। ইংল্যান্ডের পক্ষে রিস টপলি নিয়েছেন ৩ উইকেট। ব্রাইডন কর্স ও ক্রেইগ অভার্টন একটি করে উইকেট সংগ্রহ করেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ভারতের হার্দিক পণ্ডিয়া। ম্যাচ সেরা হয়েছেন রিশাভ পান্ট। প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে ১১০ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে ১০ উইকেটে ভারত জিতলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ভারতের বিপক্ষে ১০০ রানের বড় জয় নিয়ে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

জুলাই ১৭, ২০২২
সৌরভকে আনফলো করলেন কোহলি! - image

সৌরভকে আনফলো করলেন কোহলি!

16 এপ্রিল 2023, বিকাল 6:00

ভারতের সাবেক দুই অধিনায়কের মাঝে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না। অনেকদিন ধরেই নাকি সৌরভ গাঙ্গুলী আর বিরাট কোহলির মাঝে কথাবার্তা বন্ধ। চলতি আইপিএলে দিল্লি বনাম ব্যাঙ্গালোর ম্যাচে বিরাট কোহলির সঙ্গে হাত মেলাননি সৌরভ গাঙ্গুলী। তারপরই সৌরভকেক সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিলেন বিরাট কোহলি! ইনস্টাগ্রামে ২৭৬ জনকে অনুসরণ করেন কোহলি। এতদিন সেই তালিকায় সৌরভও ছিলেন। কিন্তু শনিবারের ম্যাচের পরে সৌরভকে আর অনুসরণ করছেন না কোহলি। যদিও পরে আরও একজনকে অনুসরণ করা শুরু করেছেন তিনি। তার ফলে তার ফলোয়িং তালিকায় ২৭৬ জনই আছে! শুধু নেই সৌরভ। অবশ্য সৌরভ এখনও কোহলিকে অনুসরণ করে যাচ্ছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও জ্বলজ্বল করছে কোহলির নাম। দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচে কোহলি ও সৌরভের মধ্যে দুটি ঘটনা ঘটেছিল । প্রথম ঘটনা দিল্লির ইনিংসের ১৮তম ওভারে। ব্যাঙ্গালোরের ১৭৫ রান তাড়া করতে নেমে তখন চাপে দিল্লি। হাকিম খান ভালো খেলতে খেলতে কোহলির হাতে ক্যাচ দেন। তারপর দিল্লির ডাগআউটের দিকে অদ্ভুত ভাবে তাকান তিনি। সেখানে তখন বসে ছিলেন দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ! সেই সময় সৌরভ পাল্টা কোনও অভিব্যক্তি না দিলেও ম্যাচ শেষে বোঝা যায় যে তিনিও কোহলির সঙ্গে কথা বলতে চান না। সৌরভের দল পরাজিত হওয়ার পর দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সৌরভের ঠিক সামনেই ছিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। তিনি যখন কোহলির সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন পন্টিংকে টপকে কোহলির পরে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের সঙ্গে হাত মেলান সৌরভ। ফলে দুজনের সাক্ষাৎ হয়নি। উল্লেখ্য, সৌরভ বিসিআই সভাপতি থাকার সময় কোহলিকে নেতৃত্ব থেকে সরানো হয়েছিল। তখন থেকেই দুজনের মাঝে এই ঝামেলা চলছে।

এপ্রিল ১৬, ২০২৩
আবারও আচরণের জন্য শাস্তি পেলেন কোহলি - image

আবারও আচরণের জন্য শাস্তি পেলেন কোহলি

17 এপ্রিল 2023, বিকাল 6:00

খেলার মাঠে বিরাট কোহলির আচরণ নিয়ে প্রশ্ন বহুদিনের। তাকে ঘিরে বহু সমালোচনাও আছে। চলতি আইপিএলের ষোড়শ আসরে এই কারণেই শাস্তি পেতে হলো কোহলিকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে তিনি যে আগ্রাসী আচরণ করেছেন, সেটা পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাই জরিমানা করা হয়েছে কোহলিকে। খেলা চলাকালীন কোহলি ঠিক কী অপরাধ করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বিসিসিআই। তবে বোর্ড সূত্রে খবর, চেন্নাইয়ের ব্যাটার শিবম দুবে আউট হওয়ার পরে একটু বেশি আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করেন কোহলি। শিবম ভালো খেলছিলেন। তার উইকেট তুলে নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। তাই শিবম আউট হতেই নিজেকে আটকে রাখতে পারেননি কোহলি। আগ্রাসী উদযাপন শুরু করেন। যে কারণে তাকে শাস্তি পেতে হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ৮ রানে হেরে যায় ব্যাঙ্গালোর। এরপর বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের নিয়ম ভাঙায় ব্যাঙ্গালোরেরর ব্যাটার কোহলির ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়মের ২.২ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন কোহলি। এটি লেভেল ১ অপরাধ। তাই এ ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এর বিরুদ্ধে ক্রিকেটারের কিছু বলার সুযোগ নেই।'

এপ্রিল ১৭, ২০২৩
আইপিএলে উত্তাপ: মাঠের মধ্যেই কোহলি-গম্ভীরের কথা কাটাকাটি! - image

আইপিএলে উত্তাপ: মাঠের মধ্যেই কোহলি-গম্ভীরের কথা কাটাকাটি!

01 মে 2023, বিকাল 6:00

২০২৩ আইপিএলে সোমবার রাতে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস। লো স্কোরিং এই ম্যাচে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে কথার লড়াইয়ে নেমেছিলেন বিরাট কোহলি-গৌতম গম্ভীর। শেষ পর্যন্ত সতীর্থদের হস্তক্ষেপে পরিস্থিতি সামলেছেন দুই দলের সাপোর্ট স্টাফরা। ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লক্ষ্মৌয়ের উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। এসময় লক্ষ্মৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক। আফগানিস্তানের ক্রিকেটার নাবিন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভালোভাবে নেননি নাবিন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলতে দেখা যায় এই আফগান ক্রিকেটারকে। সঙ্গে সঙ্গে জবাবও দেন কোহলি। তার পরই সেই বিতর্কে যোগ দেন গম্ভীর। আর তাতেই বিবাদ বেড়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে সেখানে এসে উপস্থিত হন দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কোহলি ও গম্ভীর দু’জনেই দিল্লির। লক্ষ্মৌয়ের স্পিনার অমিত মিশ্রা ও সহকারী কোচ বিজয় দাহিয়াও একসময় দিল্লির হয়ে খেলেছেন। সেই কারণে তারা কোহলি-গম্ভীরকে ভালোভাবে চেনেন। তাই তারাই বেশি উদ্যোগী হয়ে দু’জনকে সামাল দেন। লক্ষ্মৌয়ের অধিনায়ক লোকেশ রাহুলও ছিলেন সেখানে। গম্ভীরকে শান্ত করার চেষ্টা করেছেন লক্ষ্মৌ অধিনায়ক। আর কোহলিকে সরিয়ে নিয়ে যান আরসিবির বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কিন্তু সেখানেই সব থেমে যায়নি। তিনি যে গম্ভীরের কথা ভালোভাবে নেননি সেটা কোহলির চোখ-মুখ দেখেই বোঝা যাচ্ছিল। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে অনেকটা সময় কথা বলেন তিনি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন লক্ষ্মৌয়ের মালিক সঞ্জীব গোয়েনকা। তার সঙ্গে অবশ্য হাত মেলান কোহলি। কোহলির সঙ্গে গম্ভীরের বিবাদ এটাই যে প্রথম তা কিন্তু না। এর আগে গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখনও দু’জনের মধ্যে মাঠে বিবাদ হয়েছে। একে অপরের দিকে তেড়ে গিয়েছেন তারা। এমনকি বেঙ্গালুরুকে হারিয়ে ডাগআউটে চেয়ারে লাথিও মারতে দেখা গিয়েছে গম্ভীরকে।

মে ০১, ২০২৩
কোহলি-গম্ভীরের দ্বন্দ্ব থামাতে যুবরাজের ‘অন্যরকম’ প্রস্তাব - image

কোহলি-গম্ভীরের দ্বন্দ্ব থামাতে যুবরাজের ‘অন্যরকম’ প্রস্তাব

05 মে 2023, বিকাল 6:00

চলতি আইপিএলের একাধিক ম্যাচে বিবাদে জড়িয়েছেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। দু'জনকে শাস্তিও দেওয়া হয়েছে। ম্যাচ শেষেও কোহলি সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের নাম উল্লেখ না করে খোঁচাখুঁচি করেছে। কোহলি-গম্ভীরের মাঝে চলমান এই দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন যুবরাজ সিং। যুবরাজ চান তাদের মধ্যে তিক্ততা শেষ হোক। সম্পর্ক হোক আগের মতোই মধুর। সাবেক এই বাঁহাতি অলরাউন্ডার দু’জনকেই পেয়েছেন সতীর্থ হিসেবে। তাদের মাথা ঠাণ্ডা করার জন্য একটি মজার প্রস্তাব দিয়েছেন যুবরাজ। ভারতীয় দলের সাজঘরের একটি পুরনো ছবি সমাজমাধ্যমে দিয়েছেন। সেই ছবিতে তার এক দিকে কোহলিকে এবং অন্য দিকে গম্ভীরকে দেখা যাচ্ছে। সঙ্গে একটি ঠাণ্ডা পানীয়ের নাম করে যুবরাজ লিখেছেন, ‘‘এই সংস্থার উচিত তাদের প্রচারের জন্য গোতি এবং চিকুকে সই করানো। তা হলে দু’জনকেই ঠাণ্ডা রাখা যাবে। বন্ধুরা তোমরা কী বল?’’ কোহলির সঙ্গে গম্ভীরের প্রকাশ্যে ঝগড়া পছন্দ করছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তা নিশ্চিত করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ দাবি করেছেন রবি শাস্ত্রী। কঠোর শাস্তির পক্ষে সুনীল গাভাস্কার। আইপিএল কর্তৃপক্ষ ওই ঘটনার জন্য কোহলিকে ম্যাচ ফির ১০০ শতাংশ এবং গম্ভীরের ম্যাচ বাবদ আয়ের ১০০ শতাংশ জরিমানা করেছে।

মে ০৫, ২০২৩
প্রথমবার কান উৎসবে আনুশকা শর্মা - image

প্রথমবার কান উৎসবে আনুশকা শর্মা

05 মে 2023, বিকাল 6:00

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানের ৭৬তম আসরে প্রথমবারের মত আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। উৎসবের ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আমন্ত্রণ পেয়েছেন তিনি। কান উৎসবে আনুশকাকে আমন্ত্রণের কথা সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন। আনুশকা ও তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করে খবরটি দেন তিনি। টুইটারে রাষ্ট্রদূত লিখেছেন, ‘বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে দেখা হওয়াটা আনন্দের। আসন্ন সফরে টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা। আনুশকার সঙ্গে তাঁর কান উৎসবে ভ্রমণ নিয়েও কথা হয়েছে।’ জানা গেছে, ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আনুশকার সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। আগামী ১৬ মে থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে ৭৬তম কান উৎসব। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে রেকর্ড ৬টির পরিচালক নারী। প্রতিযোগিতা বিভাগে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন গত বছর স্বর্ণপামজয়ী সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ ছবির পরিচালক রবেন ওস্টল্যান্ড।

মে ০৫, ২০২৩
আইপিএল উত্তেজনা: বোর্ডকে চিঠি দিলেন কোহলি - image

আইপিএল উত্তেজনা: বোর্ডকে চিঠি দিলেন কোহলি

05 মে 2023, বিকাল 6:00

চলতি আইপিএলে আবারও আলোচনায় বিরাট কোহলি। এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নাবিন উল হকের সঙ্গে তর্কে জড়ালেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। সঙ্গে তর্কে জড়ান গৌতম গম্ভীরের সঙ্গে। শাস্তি হিসেবে দুইজনকেই জরিমানা করা হয়েছে। সেই প্রসঙ্গে এবার বোর্ডকে চিঠি দিলেন কোহলি। ১ মে লক্ষ্ণৌ খেলা ছিল আরসিবি এবং এলএসজি-র। এই দুই দল বেঙ্গালুরুতেও খেলেছিল। সেবার গম্ভীর ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ করতে বলেছিলেন। জয়ের পর আগ্রাসীভাবে উল্লাস করতে থাকেন গম্ভীর। যা ছিল বেশ চোখে লাগার মতো। লক্ষ্ণৌয়ে খেলতে এসে বিরাটও পাল্টা দিতে থাকেন। লক্ষ্ণৌয়ে অসংখ্য আরসিবি সমর্থকরা এসেছিলেন। তারা বিরাটকে সমর্থন করছিলেন। বিরাট তাদের আরও জোরে চিৎকার করতে উৎসাহ দেন। মাঠের মধ্যে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন কাউকে। ম্যাচ শেষে উত্তেজনা আরও বাড়ে। লক্ষ্ণৌয়ের কাইল মেয়ার্স কথা বলছিলেন বিরাটের সঙ্গে। সেই সময় লক্ষ্ণৌ দলের মেন্টর গম্ভীর এসে মেয়ার্সকে সরিয়ে নিয়ে যান। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। গম্ভীর চলে যেতে গিয়েও ফিরে আসেন। তাকে আটকে দেন লোকেশ রাহুল। কিন্তু তাকে সরিয়ে দিয়ে মারমুখী ভঙ্গিতে এগিয়ে যান গম্ভীর। উল্টো দিক থেকে আসেন বিরাটও। তিনিও উত্তপ্তভাবে কথা বলতে থাকেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে দুই দলের বাকি ক্রিকেটাররা তাদের সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখে সেখানে এসে উপস্থিত হন দু’দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কোহলি ও গম্ভীর দু’জনেই দিল্লির। লক্ষ্ণৌয়ের স্পিনার অমিত মিশ্র ও সহকারী কোচ বিজয় দাহিয়াও দিল্লির হয়ে খেলেছেন। সেই কারণে তারা কোহলি, গম্ভীরকে ভালো ভাবে চেনেন। তারাই বেশি উদ্যোগী হয়ে দু’জনকে আলাদা করেন। লক্ষ্ণৌয়ের অধিনায়ক লোকেশ রাহুলও ছিলেন সেখানে। কোহলিকে সরিয়ে নিয়ে যান আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। কিন্তু সেখানেই সব থেমে যায়নি। তিনি যে গম্ভীরের কথা ভাল ভাবে নেননি সেটা কোহলির চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে অনেক ক্ষণ কথা বলেন তিনি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন লক্ষ্ণৌয়ের মালিক সঞ্জীব গোয়েনকা। তার সঙ্গে অবশ্য হাত মেলান কোহলি। কী কথা হয়েছিল বিরাট এবং গম্ভীরের? তাও ফাঁস হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, সে দিন ঝামেলার সময় কী কথা হয়েছিল কোহলি এবং গম্ভীরের। গম্ভীরই আগে কোহলির উদ্দেশে বলেন, ‘‘কী বলছিস বল।’’ জবাবে কোহলি বলেন, ‘‘আমি আপনাকে কিছু বলিনি। আপনি কেন শুধু শুধু এর মধ্যে ঢুকছেন।’’ এর পর গম্ভীর বলেন, ‘‘তুই আমার কোনও খেলোয়াড়কে বলেছিস মানে তুই আমার পরিবারকে গালাগালি দিয়েছিস।’’ এর জবাবে কোহলি বলেন, ‘‘তা হলে আপনি আপনার পরিবারকে সামলে রাখুন।’’ কোহলির উত্তর শুনে গম্ভীর আবার বলেন, ‘‘তা হলে এখন তুই আমাকে শেখাবি?’’ এই ঘটনায় ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা হয় বিরাটের। একই শাস্তি পেতে হয় গম্ভীরকেও।

মে ০৫, ২০২৩
আইপিএলে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি - image

আইপিএলে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি

06 মে 2023, বিকাল 6:00

বিতর্কে জড়ালেও চলতি আইপিএলে বিরাট কোহলির রান সংগ্রহ ও রেকর্ড গড়া থেমে নেই মোটেও। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি লিগ ম্যাচে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন তিনি। এমন এক মাইলস্টোন টপকে যান কোহলি, যা আইপিএলের ইতিহাসে আর কোনো ক্রিকেটারের নেই। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের মাইলস্টোন টপকে যান কোহলি। দিল্লি ম্যাচের আগে আইপিএলে ২৩২টি ম্যাচের ২২৪টি ইনিংসে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ছিল ৬৯৮৮ রান। আর মাত্র ১২ রান করলেই অবিশ্বাস্য এই মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন তিনি। আরসিবির হয়ে ওপেন করতে নেমে বিরাট অনায়াসে পৌঁছে যান সেই লক্ষ্যে। ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলের শর্ট বল কাট শটে পয়েন্ট ও কাভারের মাঝামাঝি দিয়ে বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহলি। স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৭ হাজার রানের ঠিকানায় পা রাখলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। ২৩৩টি আইপিএল ম্যাচের ২২৫টি ইনিংসে ব্যাট করতে নেমে এমন কৃতিত্ব অর্জন করেন আরসিবি তারকা। ২১৩ ম্যাচে ৬ হাজার ৫৩৬ রান নিয়ে কোহলির পরে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ৬ হাজারের বেশি রান আছে আর কেবল ডেভিড ওয়ার্নার (৬ হাজার ১৮৯) ও রোহিত শর্মার (৬ হাজার ৬৩)। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫৫ রান করে আউট হন কোহলি। আইপিএলে তার রান সংখ্যা দাঁড়ায় ৭০৪৩। চলতি আইপিএলে ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬.৫৫ গড়ে ৪১৯ রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি। চলতি মৌসুমে তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৬টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৮২ রানের।

মে ০৬, ২০২৩
সৌরভ-কোহলি অবশেষে হাত মেলালেন - image

সৌরভ-কোহলি অবশেষে হাত মেলালেন

06 মে 2023, বিকাল 6:00

বিরাট কোহলির সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সম্পর্কটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না। ভারত দলের ওয়ানডে নেতৃত্ব থেকে কোহলিকে যখন সরিয়ে দেওয়া হয়, সেই সময় বিসিসিআইয়ের সভাপতি ছিলেন সৌরভ। দুজনের সম্পর্কে ফাটলের শুরু সেখান থেকেই। দুজনের সম্পর্কের শীতলতার বিষয়টি ভালো করে প্রকাশ পায় আইপিএলের শুরুর দিকে বেঙ্গালুরু-দিল্লি ম্যাচ শেষে। সেই ম্যাচ শেষে দুই দলের শুভেচ্ছা বিনিময়ে কোহলিকে এড়িয়ে যান সৌরভ। ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি তিনি।সেই ঘটনার পর ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করে দেন কোহলি। এর জবাবটা সৌরভ দিয়েছিলেন কোহলিকে আনফলো করে দিয়ে। তখন এ নিয়ে ভারতের সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনাও হয়েছে। এর মধ্যেই গতকাল আবার আইপিএলে মুখোমুখি হয়েছিল দিল্লি-বেঙ্গালুরু। দিল্লির কাছে ৭ উইকেটে হারা ম্যাচ শেষে বেঙ্গালুরুর খেলোয়াড়েরা যখন প্রতিপক্ষের কোচ-খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, সবার নজর ছিল সেদিকে। দেখতে চেয়েছিলেন সৌরভ-কোহলি এবার কী করেন! ভারতের ক্রিকেট মহলের সবাইকে স্বস্তি দিয়ে সৌরভ আর কোহলি হাত মিলিয়েছেন। এমনকি শুভেচ্ছা বিনিময় করার সময় দুজনকে খানিকক্ষণ কথাও বলতে দেখা গেছে।

মে ০৬, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo