logo
youtube logotwitter logofacebook logo

ওয়ান

নির্মাণকাজ শেষ, পদ্মা সেতু বুঝিয়ে দিলো ঠিকাদারি প্রতিষ্ঠান - image

নির্মাণকাজ শেষ, পদ্মা সেতু বুঝিয়ে দিলো ঠিকাদারি প্রতিষ্ঠান

22 জুন 2022, বিকাল 6:00

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আর বাকি মাত্র দুদিন। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। ইতোমধ্যে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) সেতুর নির্মাণকাজ শেষ করেছে। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে সেতু বিভাগকে তা বুঝিয়ে দিয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে মানুষের মাঝে। তবে দেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে আখ্যায়িত এই সেতু শনিবার (২৫ জুন) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের দিন সকাল ১০টায় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসে উপস্থিত হবেন। এরপর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। পরবর্তীতে সেখান থেকে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর অংশে দলীয় একটি জনসভায় অংশ নেবেন। এদিকে সমাবেশের দৃষ্টিনন্দন মঞ্চ তৈরিসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। পদ্মা সেতুর নিরাপত্তার মূল দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ঠিকাদার তার কাজ শেষ করে সেতু বুঝিয়ে দিয়েছে। তবে যেকোনো অবকাঠামোর ক্ষেত্রে ছোটখাটো কাজ থাকবে। আগামী একবছর ধরে তারা সে কাজ ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ করবে। উল্লেখ্য, প্রজ্ঞাপন অনুযায়ী, সেতুতে ১৩ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি অটোরিকশা চলাচল করতে পারবে না। এমনকি হেঁটেও মানুষ যাতায়াত করতে পারবে না। এরই মধ্যে পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ করেছে সরকার। গত ১৭ মে সেতু বিভাগের উপসচিব আবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মোটরসাইেকলের জন্য টোলের হার ১০০ টাকা; কার, জিপ ৭৫০ টাকা; পিকআপ ভ্যান ১ হাজার ২০০ টাকা; মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা; ছোট বাস (৩১ আসন বা তার কম) ১ হাজার ৪০০ টাকা; মাঝারি বাস (৩২ আসন বা তার বেশি) ২ হাজার টাকা; বড় বাস (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা; মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা; মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা; বড় ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা; ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা এবং ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা যুক্ত হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টোলের এ হার পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দিন থেকে কার্যকর হবে। পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। খরস্রোতা পদ্মা নদীর ওপর ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে স্বপ্নের এ সেতু। ২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়।

জুন ২২, ২০২২
কোক স্টুডিও বাংলায় গাইবেন ওস্তাদ রশিদ খান! - image

কোক স্টুডিও বাংলায় গাইবেন ওস্তাদ রশিদ খান!

02 জুলাই 2022, বিকাল 6:00

কুমারপ্রসাদ মুখোপাধ্যায় থেকে ঋতুপর্ণ ঘোষ—তার কণ্ঠমাধুর্যে মজেননি, এমন মানুষের সংখ্যা কম। সেই শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রশিদ খান ৫৩ পার করে ৫৪-তে পা দিলেন শুক্রবার (১ জুলাই)। জন্মদিনের ক্ষণে জানালেন, তাকে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ফিউশনের মিশেলে শোনা যাবে। শিগগিরই কোক স্টুডিও বাংলায় গান করবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ছেলে আরমানের সঙ্গে নতুন কাজ করছেন তিনি। লিখছেন বন্দিশ। নতুন নতুন রাগ তৈরি করতে হচ্ছে। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন এই শাস্ত্রীয় সংগীতশিল্পী। উস্তাদ রশিদ খান বলেন, ‘ফিউশন করতে আমার সব সময়ই ভালো লাগে। আগে করেছি। রেকর্ডিংও আছে। এবার ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিউশন করব। শাস্ত্রীয় সঙ্গীত তো গাইবই। কিন্তু সেই গানকে একটু ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরব। সে সব নিয়েই আপাতত ভাবনা-চিন্তা করছি।’ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ূঁর সহসওয়ানে। রামপুর-সহসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হোসেন খানের প্রপৌত্র রশিদ। মূলত দাদা উস্তাদ নিসার হোসেন খাঁ’র কাছ থেকে তালিম নেন তিনি। এ ছাড়া মামা গুলাম মুস্তাফা খাঁ’র কাছ থেকেও তালিম নিয়েছেন।

জুলাই ০২, ২০২২
প্রথমদিনে সময়মতো ছাড়ছে ট্রেন - image

প্রথমদিনে সময়মতো ছাড়ছে ট্রেন

04 জুলাই 2022, বিকাল 6:00

ঈদযাত্রার প্রথমদিনে কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়েছে। ট্রেন দেরিতে আসায় ছাড়তে দেরি হয়েছে বলে জানা গেছে। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক। ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, "রংপুর, ধুমকেতু, নীলসাগর তিনটি ট্রেন ছাড়তে একটু দেরি হয়েছে। আমাদের প্রস্তুতি স্বাভাবিকই ছিল। কিন্তু ট্রেনগুলো আসতে দেরি করায় ছাড়তে কিছু সময় বেশি লেগেছে।" এর আগে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়ে যায়। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে সাতটায় ছাড়ার কথা থাকলেও ৭টা ৫৫ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি করা ট্রেনগুলো ছাড়ছে আজ সকাল থেকে। তবে প্রথম দিনেই যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে ট্রেনের এই সিডিউল বিপর্যয়। মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে আজ। এদিকে গত ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেয়া হয় ৬ জুলাইয়ের, ৩ জুলাই দেয়া হয় ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হয় ৮ জুলাইয়ের টিকিট এবং আজ (৫ জুলাই) দেয়া হচ্ছে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট। এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। সেদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। মধ্যে ১০ জুলাই ঈদ হওয়ায় ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে। ঢাকায় ছয়টি স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট। এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পাওয়া যাচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া স্টেশনে পাওয়া যাচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।

জুলাই ০৪, ২০২২
ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় ভারতের - image

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় ভারতের

17 জুলাই 2022, বিকাল 6:00

রিশাভ পান্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের টার্গেটে ছুতে সক্ষম হয় সফরকারী ভারত। ৪৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে রোহিত শর্মার দল। ম্যাচটি নিজেদের করে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে ভারত। রোববার ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারত টসে জিতে স্বাগতিক ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে প্রথম দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা। জনি বেয়ারস্টো ও জো রুট দুজনেই ৩ বল খেলে শূন্য রানে আউট হন। স্বাগতিক ব্যাটারদের মধ্যে রান পেয়েছেন ওপেনার জেসন রয় (৪১), মঈন আলী (৩৪) ও ক্রেইগ ওভারটন (৩২), জস বাটলার ৬০ রান। মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। পেসার মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। যুজবেন্দ্রর চাহাল পেয়েছেন ৩ উইকেট। আর বাকি ১ উইকেট রবীন্দ্র জাদেজার। ইংল্যান্ডের দেয়া ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ বল খেলে ১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। আর ১৭ বলে ১৭ রান করে অধিনায়ক রোহিত শর্মা আউট হলে ধাক্কা খায় সফরকারীরা। ২২ বলে ১৭ রান করে ফেরেন বিরাট কোহলি। এরপর সুরিয়াকুমার খেলেন ২৮ বলে ১৬ রানের ছোট ইনিংস। পান্টের সঙ্গে ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। দুই জনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের দিকে এগুতে থাকে ভারত। তবে ৫৫ বলে ৭১ রানের মারকুটে এক ইনিংস খেলেন পন্ডিয়া। পন্ডিয়া আউট হলে পান্টকে সঙ্গ দিতে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। পান্টের ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসের সাথে জাদেজার ১৫ বলে ৭ রান ভারতকে জয়ের কিনারায় পৌঁছে দেয়। ভারতের উইকেটকিপার ব্যাটার পান্ট ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন। ইংল্যান্ডের পক্ষে রিস টপলি নিয়েছেন ৩ উইকেট। ব্রাইডন কর্স ও ক্রেইগ অভার্টন একটি করে উইকেট সংগ্রহ করেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ভারতের হার্দিক পণ্ডিয়া। ম্যাচ সেরা হয়েছেন রিশাভ পান্ট। প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে ১১০ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে ১০ উইকেটে ভারত জিতলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ভারতের বিপক্ষে ১০০ রানের বড় জয় নিয়ে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

জুলাই ১৭, ২০২২
রেকর্ড গড়লো ‘সিন্ডিকেট’, ওটিটিতে সর্বোচ্চ স্ট্রিমিং - image

রেকর্ড গড়লো ‘সিন্ডিকেট’, ওটিটিতে সর্বোচ্চ স্ট্রিমিং

01 আগস্ট 2022, বিকাল 6:00

এবার ঈদে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্টের মধ্যে রীতিমত বাজিমাত করেছে ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই সিরিজটি চরকিতে রেকর্ড পরিমাণ স্ট্রিমিং হয়েছে বলে জানান চরকি কতৃপক্ষ। তারা জানান, আগের সব রকম স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়ে জুলাই মাসে চরকি স্ট্রিমিং হয়েছে প্রায় ২ কোটি মিনিট। যা চরকির জন্য এক নতুন মাইলফলক। জুলাই মাসে দর্শক চরকিকে ২ কোটি ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৭৯ মিনিট সময় দিয়েছে। পেইড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি বাজারে নতুন নতুন কনটেন্ট, সৃজনশীল উদ্যোগ আর উদ্ভাবনী যোগাযোগ কৌশল দিয়ে চরকি নতুন এক সম্ভাবনা তৈরি করেছে। অল্প সময়েই মধ্যে দেশীয় ওটিটির এতো দ্রুততম সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে যাওয়া যেনো স্বপ্ন সত্যি হওয়া। এই মাসে এই সাফল্যের অন্যতম কারণ হচ্ছে ‘সিন্ডিকেট’। ঈদুল আজহায় অর্থাৎ ১০ জুলাই মুক্তি পেয়েছিল চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজের মূল ভূমিকায় ছিলেন আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। সকলের দুর্দান্ত অভিনয় ও ডায়লগ সব মিলিয়ে সিরিজটি এখন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। নির্মাতা জানিয়েছেন, দর্শকের এমন সাড়ায় উচ্ছ্বসিত ও অভিভূত তিনি। গল্প, অভিনয়শিল্পীদের সুন্দর পারফরম্যান্সের কারণেই দর্শকরা সিরিজটিকে এত বেশি পছন্দ করেছেন বলেও জানান তিনি। ঈদের পর জুলাই মাসের শেষের দিকে মুক্তি পেয়েছিল চরকি ফ্লিক ‘তনয়া’'। সত্য ঘটনা অবলম্বে নির্মিত এই কনটেন্টটিও দর্শক মহলে বেশ আলোচনায় ছিল। চরকির এই অর্জনে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত থেকে জুলাই মাসে চরকি-কে রের্কড পরিমাণ সময় দিয়ে সিন্ডিকেট স্ট্রিম করার জন্য। আমরা আশা করবো সামনের পথচলাতেও একই ভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন।

আগস্ট ০১, ২০২২
তাইওয়ান সীমান্তে সারি সারি চীনা সাঁজোয়া যান - image

তাইওয়ান সীমান্তে সারি সারি চীনা সাঁজোয়া যান

02 আগস্ট 2022, বিকাল 6:00

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে এসেছেন। পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। এর মধ্যেই দক্ষিণ চীন সাগরের এই দ্বীপরাষ্ট্রে সীমান্তের কাছে বাড়ছে সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সম্ভার। টুইটারে ‘ইয়িন সুরা’ নামক একটি হ্যান্ডল থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চিনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাঙ্ক পেরিয়ে যাচ্ছে। আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দাবি করা হয়েছে, পেলোসি তাইওয়ান পৌঁছনোর দিন সন্ধ্যাতেই তাইওয়ান সীমান্তের কাছে সেনাবাহিনী নিয়ে জমায়েত করতে শুরু করেছে চীন। চীনের হুমকি অগ্রাহ্য করে মঙ্গলবার তাইওয়ান পৌঁছেছেন পেলোসি। বেজিং সতর্ক করেছিল যে পেলোসির সফরের পরিণতি ‘খুব গুরুতর’ হবে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনয়িংয়ের দাবি, পেলোসি কোনও ব্যক্তিগত কাজে তাইওয়ান যাননি এবং আমেরিকা যদি হস্তক্ষেপ করা বন্ধ না করে তা হলে চীন ‘বৈধ ভাবে যে কোনও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত’। পেলোসির সফর চীনা নীতির পরিপন্থী হবে বলেও শি জিনপিং সরকার দাবি করেছে। চীনা হুমকির প্রতিক্রিয়ার পর তাইওয়ানের পূর্ব সীমান্তে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে হোয়াইট হাউস। পেলোসির নিরপত্তার অজুহাতে দক্ষিণ চীন সাগরের দ্বীপরাষ্ট্রে আমেরিকার যুদ্ধবিমানের বহরও ঢুকে পড়েছে। পেলোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিয়ে ‘তাৎপর্যপূর্ণ’ হবে বলেও মনে করা হচ্ছে। ১৯৯৭ সালের পর থেকে এই প্রথম আমেরিকার কোনও শীর্যস্থানীয় রাজনৈতিক নেতা তাইওয়ান সফরে গেলেন।

আগস্ট ০২, ২০২২
তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র: পেলোসি - image

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র: পেলোসি

10 আগস্ট 2022, বিকাল 6:00

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রেক্ষিতে দ্বীপটি ঘিরে চীনের সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে। বুধবার (১০ আগস্ট) এক বিবৃতিতে একথা জানিয়েছে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। চীনা সেনাবাহিনী বলেছে, তাইওয়ানের চারপাশে ঘিরে তাদের সফল মহড়া শেষ হয়েছে এবং কার্যকরভাবে যৌথ সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। তারা তাইওয়ান প্রণালীতে সামরিক প্রশিক্ষণ এবং অভিযানের প্রস্তুতি গ্রহণ অব্যাহত রাখবে যাতে জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা যায়। তাইওয়ানকে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে একিভূত করার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পরপরই বেইজিং সামরিক মহড়া সুসম্পন্ন হওয়ার ঘোষণা দিল। শ্বেতপত্রে চীন বলেছে, বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায় তবে বলপ্রয়োগের বিষয়টি বাদ দেবে না; প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে। এদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ন্যান্সি পেলোসি। বুধবার এক সংবাদ সম্মেলনে এশিয়া সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি। এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসি। এর প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালীসহ আশপাশের অন্তত ৬টি এলাকায় সামরিক মহড়া চালায় বেইজিং। তাইওয়ান বেইজিংয়ের এই মহড়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাইওয়ান বারবার বলছে, দ্বীপটিকে দখলের জন্যই চীন সামরিক মহড়া চালাচ্ছে।

আগস্ট ১০, ২০২২
জন্মদিনে ‘পাঠান’ ছবির টিজার ছাড়লেন শাহরুখ খান - image

জন্মদিনে ‘পাঠান’ ছবির টিজার ছাড়লেন শাহরুখ খান

02 নভেম্বর 2022, বিকাল 6:00

বলিউডের মেগাস্টার শাহরুখ খানের ভক্তদের কাছে ২ নভেম্বর দিনটির বিশেষ কদর রয়েছে। কারণ দিনট শাহরুখ খানের হ্যাপি বার্থডে, অর্থাৎ শুভ জন্মদিন। এ নিয়ে আগের দিনের মধ্যরাতে থেকে উচ্ছ্বাসে শাহরুখের লাখো কোটি ভক্তরা। মুম্বাইয়ের মন্নতের সামনে ভিড় করেন তারা। উপলক্ষ্য একবার তাদের প্রিয় মানুষকে দেখা। ৫৭ বছরে পা রাখলেন শাহরুখ। তবে বয়স যেন দিনদিন কমছে। রাত ১২টা ১০ নাগাদ মন্নতের বারান্দায় এসে দাঁড়ালেন ছেলে অ্যব্রামকে সঙ্গে নিয়ে। চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়লেন। শুধু তাই নয়, হাত জোড় করে প্রণাম জানান শাহরুখ। মাথা পেতে অনুরাগীদের ভালবসাকে গ্রহণ করে নেন। সেই সঙ্গে ভক্তদেরও দিয়েছেন দারুণ এক উপহার। চার বছর পরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। পাঠান, জওয়ান নিয়ে উত্তেজনা তুঙ্গে। নিজের জন্মদিনেই তাই বিরাট পুরস্কার দিলেন তিনি। পাঠান ছবির ফার্স্ট টিজার সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখলেন, নিজেদের সিটবেল্ট বেঁধে নিন। কারণ, পাঠান আসছে। ভিন্ন লুকে শাহরুখ ধরা দিয়েছেন ছবিটিতে। তার জন্য কসরত কম হয়নি। দিনের পর দিন এই বয়সেও ব্যায়ামের অনুশীলন করে গেছেন শাহরুখ। তাঁর ট্রেনারও জানিয়েছিলেন, অনেক মাস ধরেই শাহরুখকে তৈরি করেছেন তিনি। দু’বছরের পরিশ্রম তারপর পাঠানের এই চেহারা বানিয়েছেন শাহরুখ। শুধু পাঠান নয়, বরং ‘জওয়ান’ ছবিতেও শাহরুখকে ভয়ঙ্কর রুপে দেখা গেছে। আটলীর নির্দেশনায় সেই ছবিতেও শাহরুখকে দেখে আতকে উঠেছিলেন ভক্তরা। রাজকুমার হিরানির ছবিতে দেখা যাবে তাকে। এতো বছর পর, নিজের চেনা ছন্দে ফিরছেন শাহরুখ, তাই আলাদা উন্মাদনা ভক্তদের মধ্যে।

নভেম্বর ০২, ২০২২
জেনে নিন ঈদের ৯ জোড়া বিশেষ ট্রেনের সময়সূচি - image

জেনে নিন ঈদের ৯ জোড়া বিশেষ ট্রেনের সময়সূচি

15 এপ্রিল 2023, বিকাল 6:00

যাত্রীদের চাপ সামাল দিতে ও পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একইসঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত যেসব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেন নির্দিষ্ট গন্তব্যে প্রতিদিন চলাচল করবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। রেলওয়ের তথ্য মতে, ঈদ স্পেশাল ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৫ ও ৬ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ঈদ স্পেশাল ৭ ও ৮ চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; ঈদ স্পেশাল ৯ ও ১০ সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদের আগে ৪ দিন (১৮ এপ্রিল থেকে) এবং ঈদের পরে দিন থেকে ৫ দিন (২৭ এপ্রিল পর্যন্ত) চলাচল করবে।এ প্রসঙ্গে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ঈদের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৫৩টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ ৪টি এমজি ও ৯টি বিজি মোট ১৩টি) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২১৮টি (পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চল হতে ১০২টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ও ১২ ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ ও ১৪ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে। ঈদ স্পেশাল ১ ও ২ বী.মু.সি.ই (পঞ্চগড়)-জয়দেবপুর-বী.মু.সি.ই; ঈদ স্পেশাল ১৫ ও ১৬ ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ১৮ থেকে ২০ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল চলাচল করবে।

এপ্রিল ১৫, ২০২৩
ভারতে কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু, অসুস্থ আরও ১১ - image

ভারতে কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু, অসুস্থ আরও ১১

29 এপ্রিল 2023, বিকাল 6:00

ভারতের পাঞ্জাবের একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ  ও পাঁচজন নারী। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও ১১ জন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালের দিকে পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা। সেই সাথে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স। এরপর অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই এলাকা ঘনবসতিপূর্ণ হয় হওয়ায় আরও মানুষ অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কারখানার আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছে উদ্ধারকারী দলের সদস্যরা। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাসের উৎসস্থল জানা যায়নি। লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সাথী তিওয়ানা জানান, এটি নিশ্চিতভাবেই গ্যাস লিকের ঘটনা। অসুস্থ মানুষদের উদ্ধার করা ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।” পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এই টুইট বার্তায় এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেছেন, “পুলিশ, প্রশাসন এনডিআরএফ টিম ঘটনাস্থলে রয়েছে। সম্ভাব্য সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।” স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ‘গয়াল মিল্ক প্লান্ট’ নামে একটি দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানার কুলিং সিস্টেম থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। এর ফলে ওই কারখানার কর্মীসহ আশপাশের এলাকার মানুষ অচেতন হয়ে পড়ে।

এপ্রিল ২৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo