logo
youtube logotwitter logofacebook logo

ঈদুল আজহা

২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয় - image

২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়

25 জুন 2022, বিকাল 6:00

গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আগামী ২৮ জুন (মঙ্গলবার) থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে'র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো। এমতাবস্থায়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

জুন ২৫, ২০২২
সংক্রমণ বাড়লে বন্ধ হতে পারে ক্লাস - image

সংক্রমণ বাড়লে বন্ধ হতে পারে ক্লাস

02 জুলাই 2022, বিকাল 6:00

করোনা সংক্রমণ উর্ধ্বমূখী হওয়ায় আবারও শ্রেণিকক্ষে পাঠ দান বন্ধ হতে পারে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা চাইছেন করোনার অজুহাতে যেন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ না হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদুল আজহার কারণে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হয়েছে। যেকারণে আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি বেশি খারাপ হলে শিক্ষার্থীদের ক্লাসে না ফিরিয়ে আবারও অনলাইনে পাঠ কার্যক্রম শুরু হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতি ও জাতীয় টেকনিক্যাল কমিটির সুপারিশের উপর। অন্যদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের বদলে অনলাইনে ক্লাস কার্যক্রম প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস কার্যক্রম আবারও শুরু করেছে অনলাইনে। এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যান পরিচালক ড. মো. মিজানুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, করোনার কারণে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। শুধুমাত্র এক সপ্তাহের জন্য স্নাতকোত্তর পর্যায়ে যে ক্লাস চলবে তা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকিটা ঈদের পর সিদ্ধান্ত নেয়া হবে। কারণ ঈদের জন্য এরইমধ্যে বুয়েটের প্রকৌশল বিভাগ ছুটিতে গেছে। এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান (চলতি দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংক্রমণ বাড়লে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

জুলাই ০২, ২০২২
কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় - image

কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়

02 জুলাই 2022, বিকাল 6:00

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রথম ও দ্বিতীয় দিনেও এমন ভিড় ছিলো কমলাপুর ও শহরতলী রেলস্টেশনে। অনেকেই একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য। রোববার (৩ জুলাই) সকালে সরেজমিনে এ রকম চিত্র দেখা গেছে। রোববার সকাল ৮টা থেকে টিকিট বিতরণ শুরুর কথা থাকলেও শনিবার থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন হাজারো টিকিটপ্রত্যাশী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এসব টিকিটপ্রত্যাশীদের ভিড়। এর মধ্যে একটি অংশ রয়েছেন, যারা প্রথম দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। ঈদযাত্রার টিকিট পেতে দীর্ঘসময় লাইনে থাকতে হচ্ছে তাদের। কেউ কেউ ৩০ ঘণ্টা ধরে লাইনেই আছেন। সময় পার করতে তাদের কেউ পত্রিকা পড়ছেন, শিক্ষার্থীদের কেউ কেউ বই বা নোট নিয়ে লাইনে বসেই পড়ছেন। অনেকে আবার অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়ছেন। শুধু খেলা নয়, অনেকে পত্রিকা পড়া বা বই ও নোট খাতা পড়ে সময় পার করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিন, পুরুষদের পাশাপাশি নারীরাও আগেভাগেই স্টেশনে এসেছেন আগাম টিকিট পাবার জন্য। ঈদের আগে সড়কপথে অনেক বেশি যানজট থাকবে এমন আশঙ্কায় তারা ট্রেনের টিকিট পেতে আগ্রহী। টিকিট কেনা যেনো রীতিমত এক যুদ্ধ। এদিকে, টিকিট বিক্রির প্রথমদিন (শুক্রবার) কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছিলেন রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্বিতীয় দিন এসেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতেই কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা। আর কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি রয়েছে র‍্যাবের উপস্থিতি। শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাই এর ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হয় ৬ জুলাইয়ের টিকিট, আজ ৩ জুলাই দেওয়া হচ্ছে ৭ জুলাইয়ের ট্রেনের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এর মধ্যে ১০ জুলাই ঈদ হলে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে। ঢাকায় ছয়টি স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং কমলাপুর শহরতলী প্লাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। তেজগাঁও রেলওয়েস্টেশনে পাওয়া যাবে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট। এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়েস্টেশনে পাওয়া যাবে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে পাওয়া যাবে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।

জুলাই ০২, ২০২২
ঈদুল আজহা উপলক্ষে চামড়ার মূল্য নির্ধারণ - image

ঈদুল আজহা উপলক্ষে চামড়ার মূল্য নির্ধারণ

04 জুলাই 2022, বিকাল 6:00

এ বছর ঢাকাতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ মূল্য নির্ধারণ করা হয়েছে। সভা শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

জুলাই ০৪, ২০২২
বঙ্গবন্ধু সেতু অভিমুখে ২৫ কি.মি. দীর্ঘ যানজট - image

বঙ্গবন্ধু সেতু অভিমুখে ২৫ কি.মি. দীর্ঘ যানজট

06 জুলাই 2022, বিকাল 6:00

ঈদুল আজহা‌কে কেন্দ্র ক‌রে ঢাকা থেকে দেশের উত্তরবঙ্গে যাওয়ার প্রধান রুট টাঙ্গাই‌ল মহাসড়‌কে গাড়ির চাপ বাড়‌ছে। গাড়ির চাপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়েই বেড়েছে যানজটের দীর্ঘ লাইন। বুধবার (০৬ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল পর্যন্তও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার সড়‌কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারিতে বসে থাকতে থাকতে অতিষ্ট হয়ে উঠেছেন যাত্রী থেকে পরিবহণ কর্মী সকলেই। ঈদযাত্রায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি পৌঁছে গেছে চরমে। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের কারণে অতিরিক্ত গাড়ির চাপ আর মহাসড়‌কে ফিটনেসবিহীন বেশ কিছু যানবাহন বিকল হওয়াতেই দীর্ঘ এই যানজটের। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফিটনেসবিহীন কিছু গাড়ি বিকল হওয়ায় রেকার দিয়ে সেগুলো সরাতে সময় লেগেছে। এছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ তো রয়েছেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার রাস্তা দুই লেনের সড়ককে একমুখী করে দিয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হওয়ার পর ভূঞাপুর সড়ক দিয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে কোরবানির পশুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে। এছাড়া মহাসড়‌কে যানজট নিরসন করে সাধারণ মানুষের ঈদযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে মহাসড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে ওয়াচ টাওয়ার স্থাপন ক‌রা হয়েছে পু‌লিশের পক্ষ থেকে।

জুলাই ০৬, ২০২২
‘হাওয়া’ দেখার আহ্বান অনন্ত জলিলের - image

‘হাওয়া’ দেখার আহ্বান অনন্ত জলিলের

27 জুলাই 2022, বিকাল 6:00

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই নির্মাতার প্রথম সিনেমা ‘হাওয়া’। বহুল আলোচিত সিনেমাটি দেখার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন অনন্ত জলিল। বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে তিনি সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘হাওয়া’ দেখতে বলেন। অনন্ত জলিল ভিডিওবার্তায় বলেন, ‘সাদা সাদা কালা কালা’ এই গানটি ‘হাওয়া’ সিনেমার। গানটি আমার খুব ভালো লেগেছে; দর্শক আপনাদেরও ভালো লেগেছে। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’- জিপির এই টিভিসিটি নির্মাণ করেছিলেন মেজবাউর রহমান সুমন। ‘হাওয়া’ সিনেমাটিও তিনিই নির্মাণ করেছেন, আমার প্রিয় একজন মানুষ। দর্শক আপনারা পরিবারের সবাই মিলে এই সিনেমাটি দেখতে যাবেন। আমি সিনেমাটির জন্য শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য, গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’। বিগ বাজেটের সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা। তৃতীয় সপ্তাহে ‘হাওয়া’র সঙ্গে এই সিনেমাটিও প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটিতে অনন্তের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

জুলাই ২৭, ২০২২
রেকর্ড গড়লো ‘সিন্ডিকেট’, ওটিটিতে সর্বোচ্চ স্ট্রিমিং - image

রেকর্ড গড়লো ‘সিন্ডিকেট’, ওটিটিতে সর্বোচ্চ স্ট্রিমিং

01 আগস্ট 2022, বিকাল 6:00

এবার ঈদে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্টের মধ্যে রীতিমত বাজিমাত করেছে ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই সিরিজটি চরকিতে রেকর্ড পরিমাণ স্ট্রিমিং হয়েছে বলে জানান চরকি কতৃপক্ষ। তারা জানান, আগের সব রকম স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়ে জুলাই মাসে চরকি স্ট্রিমিং হয়েছে প্রায় ২ কোটি মিনিট। যা চরকির জন্য এক নতুন মাইলফলক। জুলাই মাসে দর্শক চরকিকে ২ কোটি ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৭৯ মিনিট সময় দিয়েছে। পেইড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি বাজারে নতুন নতুন কনটেন্ট, সৃজনশীল উদ্যোগ আর উদ্ভাবনী যোগাযোগ কৌশল দিয়ে চরকি নতুন এক সম্ভাবনা তৈরি করেছে। অল্প সময়েই মধ্যে দেশীয় ওটিটির এতো দ্রুততম সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে যাওয়া যেনো স্বপ্ন সত্যি হওয়া। এই মাসে এই সাফল্যের অন্যতম কারণ হচ্ছে ‘সিন্ডিকেট’। ঈদুল আজহায় অর্থাৎ ১০ জুলাই মুক্তি পেয়েছিল চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজের মূল ভূমিকায় ছিলেন আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। সকলের দুর্দান্ত অভিনয় ও ডায়লগ সব মিলিয়ে সিরিজটি এখন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। নির্মাতা জানিয়েছেন, দর্শকের এমন সাড়ায় উচ্ছ্বসিত ও অভিভূত তিনি। গল্প, অভিনয়শিল্পীদের সুন্দর পারফরম্যান্সের কারণেই দর্শকরা সিরিজটিকে এত বেশি পছন্দ করেছেন বলেও জানান তিনি। ঈদের পর জুলাই মাসের শেষের দিকে মুক্তি পেয়েছিল চরকি ফ্লিক ‘তনয়া’'। সত্য ঘটনা অবলম্বে নির্মিত এই কনটেন্টটিও দর্শক মহলে বেশ আলোচনায় ছিল। চরকির এই অর্জনে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত থেকে জুলাই মাসে চরকি-কে রের্কড পরিমাণ সময় দিয়ে সিন্ডিকেট স্ট্রিম করার জন্য। আমরা আশা করবো সামনের পথচলাতেও একই ভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন।

আগস্ট ০১, ২০২২
২০২৩ সালে মোট সরকারি ছুটি ২২দিন, প্রজ্ঞাপন জারি - image

২০২৩ সালে মোট সরকারি ছুটি ২২দিন, প্রজ্ঞাপন জারি

01 নভেম্বর 2022, বিকাল 6:00

২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র ও শনিবার। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আগামী ২০২৩ সালে নির্বাহী ও সাধারণ মিলিয়ে সরকারি ছুটি ২২ দিন থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবার।” সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে অফিস টাইম হলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়; যা এখনো চলছে। সাধারণ ছুটির মধ্যে রয়েছে- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২২ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে দিবস, ৪ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৯ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)। অন্যদিকে, আগামী বছরের ৮ মার্চ শব-ই-বরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবেকদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন (২১ ও ২৩ এপ্রিল) এবং ঈদুল আজহার আগে ও পরের ২ দিন ২৮ ও ৩০ জুন এবং ২৯ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

নভেম্বর ০১, ২০২২
ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী - image

ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

19 এপ্রিল 2023, বিকাল 6:00

পবিত্র ঈদুল ফিতরের দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করবেন।বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা ১১টায় বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং সমমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করলেও মহামারি করোনার কারণে তিন বছর ধরে এ আয়োজন বন্ধ রাখা হয়েছিল। করোনার আগে সর্বশেষ ২০১৯ সালে ঈদুল আজহার দিন গণভবনে সরাসরি সর্বস্তরের জনগণ ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এপ্রিল ১৯, ২০২৩
সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা - image

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

01 মে 2023, বিকাল 6:00

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের তথ্যমতে, আগামী ২৭ জুন আরাফাতের দিন হতে পারে। সে অনুযায়ী এর পরের দিন অর্থাৎ ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ সোমবার দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এমন তথ্য জানান বলে আল-আরাবিয়া প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের গতিবিধি অনুযায়ী- আগামী ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯ জিলহজ পড়বে ২৭ জুন, যেদিন সৌদিতে আরাফাতের দিন পালন করা হবে। তবে সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে পবিত্র হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের এক দিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়।

মে ০১, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo