logo
youtube logotwitter logofacebook logo

অভিনন্দন

বিপুল বিজয়ে পশ্চিমবঙ্গে আবারও মমতা - image

বিপুল বিজয়ে পশ্চিমবঙ্গে আবারও মমতা

18 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টা থেকে ফলাফল আসা শুরু হয়। হয়েছে। পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনের মধ্যে ২১৩ টিতেই এগিয়ে আছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। ৭৩ টি আসনে এগিয়ে থেকে  দ্বিতীয় অবস্থানে আছে বামপন্থি সিপিএম ও জাতীয় কংগ্রেস জোট। আর ভরাডুবি হতে চলেছে বিজিপির। তারা মাত্র ৪ টি আসনে এগিয়ে রয়েছে। আর অন্যরা এগিয়ে বাকী ৪ টি আসনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতাকে অভিনন্দন জানিয়েছেন।  গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গের ছয় দফার নির্বাচন শেষ হয় ৫ মে।

মে ১৮, ২০১৬
বিশ্ব রেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা - image

বিশ্ব রেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা

02 জুলাই 2022, বিকাল 6:00

এজবাস্টন টেস্টে টস করতে নেমেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন জসপ্রীত বুমরা। ৩৫ বছর পর প্রথম পেসার হিসেবে ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে পারার কীর্তি। এমনিতেই ম্যাচটি বুমরার কাছে স্মরণীয় হয়ে থাকবে, তার ওপর গতকাল টেস্টের দ্বিতীয় দিনেই গড়েছেন বিশ্ব রেকর্ড। ভেঙেছেন কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। বিশ্ব রেকর্ড গড়ার পর বুমরাকে অভিনন্দন জানিয়েছেন লারা। টুইটে লারা লিখেছেন, ‘টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের জন্য তরুণ জসপ্রীত বুমরাকে অনেক অভিনন্দন। ওকে অভিনন্দন জানাতে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।’ ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাঁহাতি স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন লারা। ১৮ বছর অক্ষত থাকা রেকর্ডটা ভেঙেছে গতকাল। স্টুয়ার্ড ব্রডের এক ওভারে ২৯ রান তুলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন বুমরা। ব্রডের ওই ওভারে সব মিলিয়ে অবশ্য এসেছে ৩৫ রান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্রডের এক ওভারে ৬ ছক্কা মেরে ৩৬ রান তুলেছিলেন যুবরাজ সিং। শচীন টেন্ডুলারের তাই প্রায় ১৫ বছর আগের কথা মনে পড়ছে, ‘এ দিন কে ব্যাট করল? যুবি না বুমরা!? ২০০৭ সালের কথা মনে পড়িয়ে দিল ’ রবি শাস্ত্রীও যুবরাজের নেওয়া ৩৬ রানের প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম ক্রিকেটের সবকিছু দেখে নিয়েছিলাম। যুবরাজ এক ওভারে ৩৬ রান তুলেছিল। আমি তুলেছিলাম। কিন্তু আজ যা দেখলাম, তা অদ্ভুত। কোনো দিন ভাবিনি এরকম হতে পারে।’

জুলাই ০২, ২০২২
এবার দনেৎস্ক দখল করতে চায় রাশিয়া - image

এবার দনেৎস্ক দখল করতে চায় রাশিয়া

04 জুলাই 2022, বিকাল 6:00

একদিন আগেই রাশিয়ার সেনা লুহানস্কের ইসেচানস্ক দখল করেছিল। ইউক্রেনও জানিয়েছিল, তাদের সেনা শহর ছেড়ে চলে এসেছে। ইসেচানস্ক দখল করার পর লুহানস্ক পুরোপুরি রাশিয়ার দখলে চলে গেছে। এবার তারা লুহানস্কের পাশের এলাকা দনেৎস্ক দখলের জন্য উঠেপড়ে লেগেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ইউক্রেনের সেনা দিনের পর দিন রাশিয়ার অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। তাদের পিছু হটতে বাধ্য করেছে। এবার তাদের ছত্রখান করতে হবে। কাজটা কঠিন। এর জন্য সময় ও অতিমানবিক প্রয়াস দরকার। এর কোনো বিকল্প নেই।’ ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, ‘রাশিয়ার সেনা এখন দনেৎস্কের  সিভারেস্ক, ফেরোভিকাও বাখমাট শহরের দিকে নজর দিয়েছে।’ লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর জানিয়েছেন, ‘স্লোভিয়ানস্ক,  থেকে বাখমুট পর্যন্ত পুরো এলাকা ইউক্রেনের সেনার দখলে আছে। রাশিয়া এখন সমানে স্লোভিয়ানস্কে গোলা ফেলছে।’ আর রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন লুহানস্ককে স্বাধীন করার জন্য রাশিয়ার সেনাকে অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেনের পুনর্গঠন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের পুনর্গঠনে সাহায্য করবে ইইউ। ইউক্রেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিন পর্বের রিকভারি পরিকল্পনার জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ান ডলার দরকার। তুরস্ক কৃষ্ণসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে। কারণ, ইউক্রেনের অভিযোগ ছিল, তাদের কাছ থেকে দানাশষ্য চুরি করে জাহাজে করে পাঠানো হচ্ছিল। তুরস্ক এই অভিযোগ খতিয়ে দেখছে।

জুলাই ০৪, ২০২২
আমাদের নাগরিকদের জন্য দ্রৌপদী মুর্মু আশার রশ্মি : মোদি - image

আমাদের নাগরিকদের জন্য দ্রৌপদী মুর্মু আশার রশ্মি : মোদি

23 জুলাই 2022, বিকাল 6:00

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী, এখন ভারতের উপজাতীয় প্রথম প্রেসিডেন্ট, জোটের বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করার পর প্রধানমন্ত্রী মোদি একটি ঐতিহাসিক টুইট করেন।তাতে তিনি লিখেন, আমাদের নাগরিকদের জন্য দ্রৌপদী মুর্মু আশার রশ্মি।–টাইমস অব ইন্ডিয়া এসময়ে ১.৩ বিলিয়ন ভারতীয় স্বাধীন নাগরিকের অমৃত মহোৎসবকে লক্ষ করে মোদি তার টুইটে লিখেন, পূর্ব ভারতের প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণকারী একটি আদিবাসী সম্প্রদায়ের এক ভারত কন্যা আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই কৃতিত্বের জন্য দ্রৌপদী মুর্মু জিকে অভিনন্দন। দ্রৌপদী মুর্মু জির জীবন, তার প্রথম দিকের সংগ্রাম, তার সমৃদ্ধ সেবা এবং তার দৃষ্টান্তমূলক সাফল্য প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে বলে উল্লেখ করেন। তিনি আমাদের নাগরিকদের জন্য, বিশেষ করে দরিদ্র, প্রান্তিক এবং নিম্নবিত্তদের জন্য আশার রশ্মি হিসেবে আবির্ভূত হয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রেসিডেন্ট-নির্বাচিত মুর্মু ওডিশায় একজন কাউন্সিলর হিসাবে জনজীবন শুরু করেছিলেন এবং ভারতের প্রথম উপজাতীয় প্রেসিডেন্ট এবং এই পদে দ্বিতীয় মহিলা হিসাবে ইতিহাসে লেখা থাকবে। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল যশবন্ত সিনহার বিরুদ্ধে সহজে জয় পেয়েছেন। তিনি গভীরভাবে আধ্যাত্মিক এবং ব্রহ্মা কুমারীদের ধ্যান কৌশলের একজন প্রখর অনুশীলনকারী বলে বিশ্বাস করা হয়। একটি আন্দোলন যা তিনি ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে ছয় বছরে স্বামী, দুই ছেলে, মা এবং ভাইকে হারানোর পরে গ্রহণ করেছিলেন। মোদি উল্লেখ করেন, দ্রৌপদী মুর্মু জি একজন অসামান্য বিধায়ক এবং মন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে তার একটি দুর্দান্ত কার্যকাল ছিল। আমি নিশ্চিত তিনি একজন অসামান্য প্রেসিডেন্ট হবেন যিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং ভারতের উন্নয়ন যাত্রাকে শক্তিশালী করবেন। আমি পার্টি লাইন জুড়ে সেই সমস্ত সংসদ সদস্য এবং বিধায়কদের ধন্যবাদ জানাতে চাই, যারা শ্রীমতি দ্রৌপদী মুর্মু জি-র প্রার্থীতাকে সমর্থন করেছেন। তাঁর রেকর্ড বিজয় আমাদের গণতন্ত্রের জন্য শুভ সূচনা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি৷ যশবন্ত সিনহা, যিনি বিরোধী দলের যৌথ প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ফলাফল প্রকাশের পরে নির্বাচিত প্রেসিডেন্ট মুর্মুকেও অভিনন্দন জানিয়েছেন। এক টুইটে সিনহা লিখেন, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে আমি আমার সহ নাগরিকদের সাথে যোগ দিচ্ছি। ভারত আশা করে যে, প্রজাতন্ত্রের ১৫ তম প্রেসিডেন্ট হিসাবে, তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে কাজ করবেন। পরাজয় স্বীকার করে এক পৃষ্ঠার বিবৃতিতে সিনহা বলেছেন, নির্বাচনের ফলাফল সত্ত্বেও, আমি বিশ্বাস করি এটি ভারতীয় গণতন্ত্রকে দুটি গুরুত্বপূর্ণ উপায়ে উপকৃত করেছে। প্রথমত, এটি বেশিরভাগ বিরোধী দলকে একটি সাধারণ প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। এটি সত্যিই প্রয়োজন। এই সময়ের জন্য এবং আমি তাদের কাছে আন্তরিকভাবে আবেদন করছি- প্রেসিডেন্ট নির্বাচনের বাইরেও বিরোধী ঐক্যকে আরও জোরদার করার জন্য। এটা অবশ্যই ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে সমানভাবে স্পষ্ট হতে হবে। দ্বিতীয়ত, আমার নির্বাচনী প্রচারণাকালে, আমি জাতি ও সাধারণ মানুষের সামনে প্রধান ইস্যুতে বিরোধী দলগুলোর মতামত, উদ্বেগ এবং প্রতিশ্রুতি তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে, আমি নিরঙ্কুশ ও ব্যাপক অস্ত্রের ব্যবহার নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছি।

জুলাই ২৩, ২০২২
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়: প্রধানমন্ত্রী - image

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়: প্রধানমন্ত্রী

02 আগস্ট 2022, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি হয়েও কীভাবে ঘাতকরা জাতির পিতার বুকে গুলি চালিয়েছিল ঘাতকরা। একসময় আমাদের বাসায় নিয়মিত আসা-যাওয়া করতো। আজও তারা তৎপর, আমাকে ও আওয়ামী লীগকে সরিয়ে দিতে চায়। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এ দেশের মানুষের কল্যাণ হয় না। এ সময় তিনি ১৫ আগস্টের দুঃসহ স্মৃতিচারণ করে বিস্ময় প্রকাশ করেন। বুধবার (০৩ আগস্ট) গণভবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয় জানানো হয়। সাক্ষাৎকালে বোর্ড সদস্যরা বন্যা, করোনা, রোহিঙ্গাসহ দুর্যোগকালে রেডক্রিসেন্ট সোসাইটির তৎপরতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তারা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জানান এবং ৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম ও নির্মম হত্যাকাণ্ডের নিন্দা করে বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের আত্মার শান্তি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগকালে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে মানবতার সেবায় সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দেশব্যাপী রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম বিস্তারে বরাবরের মতো তার সরকার ও তার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে। সেইসঙ্গে আগামী ৪ বছরের জন্য আন্তর্জাতিক রেডক্রস সংস্থা আইএফআরসির সদস্য নির্বাচিত হওয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাবকে অভিনন্দন জানান। আবেগজড়িত কন্ঠে শেখ হাসিনা বলেন, জাতির পিতা রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন মানবতার কল্যাণে। ৭৫-এ জাতির পিতাকে নিষ্ঠুরভাবে হত্যা করার পর সেই রেডক্রসেরই এক টুকরো কাপড়কে কাফন বানিয়ে তাকে দাফন করা হয়েছিল। প্রধানমন্ত্রী হলি ফ্যামিলি হাসপাতালের পুরনো মর্যাদা ফিরিয়ে আনাসহ রেডক্রিসেন্ট সোসাইটিকে আধুনিকায়নের একটি পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান নূরুর রহমান, ট্রেজারার এম এ সালাম, মহাসচিব কাজী সফিকুল আজম, আরমা দত্ত, এম মঞ্জুরুল ইসলামসহ অন্য বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

আগস্ট ০২, ২০২২
ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি - image

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

10 আগস্ট 2022, বিকাল 6:00

ভক্তদের জন্য ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের ছবি প্রকাশ করেছেন তিনি। ছবি শেয়ার করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য।  তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার স্বামী অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

আগস্ট ১০, ২০২২
পুত্র সন্তানের মা হলেন সোনম - image

পুত্র সন্তানের মা হলেন সোনম

20 আগস্ট 2022, বিকাল 6:00

পৃথিবীর আলো দেখল সোনম কপূর ও আনন্দ অহুজার সন্তান। শনিবার (২০ অগস্ট) লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুম্বাইয়ের বাড়িতে আসবেন সোনম। সেখানে বাবা-মায়ের সঙ্গে ছয় মাস কাটাবেন। এরপরে অভিনেত্রী লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। দুই জায়গাতেই তার নিজস্ব বাড়ি রয়েছে। কোথায় থাকবেন, এখনও সিদ্ধান্ত নেননি। চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন এই তারকা দম্পতি। তারপর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। সন্তানধারণের শেষ কয়েক সপ্তাহ বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছিল তাকে। শেষমেশ এল সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। সোনম কপূরের মা নেটমাধ্যমে তার নাতিকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে অভিনন্দন জানিয়েছেন নীতু কপূর। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সোনম লিখেছিলেন, ‘আমি জীবনে নিশ্চয়ই কোনো পুণ্য করেছি, যার গুণেই তোমায় স্বামী হিসেবে পেয়েছি। তোমার সঙ্গে কারও তুলনা হয় না’। স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে সোনম আরও লেখেন, ‘সেরা বাবা হবে তুমি। কারণ, তুমি চিরদিনই ভালো ছাত্র। অনেক অনেক অনেক ভালবাসা প্রিয়!’ অতঃপর সত্যিই জীবনের সেই মোড় এসে পড়ল। প্রথম সন্তানকে ঘিরে এখন আনন্দ জোয়ার সোনম-আনন্দের সংসারে। মুম্বাইয়ে কপূর পরিবারও নবজাতককে স্বাগত জানাতে প্রস্তুত। দাদু হলেন অনিল কপূর।

আগস্ট ২০, ২০২২
দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার ট্রাস্টি বোর্ডের এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান - image

দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার ট্রাস্টি বোর্ডের এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান

25 জানুয়ারি 2023, বিকাল 6:00

দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার ট্রাস্টি বোর্ডের এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।   আজ ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার এটিএন বাংলার প্রধান কার্যালয়ে দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার ট্রাস্টি বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সভায় ড. মাহফুজুর রহমানকে দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আরো বক্তব্য রাখেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ, দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার ট্রাস্টি বোর্ডের সদস্য (ট্রেজারার) তানভীর হায়দার ভুইয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুর রাজ্জাক, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. জিয়াউল করিম, ড. মোঃ আব্দুল কালাম, সেক্রেটারী জেনারেল মো: রিফাজ্জেল হোসেন, সদস্য এ্যাডভোকেট কাকলী মৃধা ও মির্জা ইমদাদ প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ প্রমুখ।

জানুয়ারি ২৫, ২০২৩
ইলিয়েনার রোমাঞ্চ প্রকাশ্যে, মা হতে চান বিয়ের আগে - image

ইলিয়েনার রোমাঞ্চ প্রকাশ্যে, মা হতে চান বিয়ের আগে

17 এপ্রিল 2023, বিকাল 6:00

এ আর নতুন কি? এমন ঘটনা বলিউডে প্রায় ঘটে। তবে এবার ঘটনাটা ব্যতিক্রম তাই এতো আলোচনা। হৈ চৈ পড়ে গেছে চারদিকে। বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। তিনি যে সম্পর্কের কথা এখনো স্বীকার করেননি। আর এখন বলছেন বিয়ের আগে মা হতে চান তিনি। নিজের প্রেমিকাকে আড়াল করে গোপনে রোমাঞ্চ করছেন। তাই বলিউড পাড়ায় কৌতুহল জন্মেছে কার সন্তানের মা হবেন তিনি। জানা যায়, বিয়ের আগেই মা হতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করে এই ঘোষণা দেন ‘বরফি’খ্যাত এই নায়িকা। তার পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায়, সদ্যোজাত শিশুর সাদাকালো একটি পোশাক। তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু।’ অন্যটি একটি লকেটের ছবি। তাতে লেখা ‘মামা’। এসব ছবির ক্যাপশনে লেখা— ‘খুব শিগগির আসছে। আমার ছোট্ট সোনাকে দেখার জন্য তর সইছে না।’ইলিয়েনার এ পোস্টে মন্তব্য করেছেন তার মা সামিরা ডিক্রুজ। তিনি লিখেছেন— ‘আমার নাতি/নাতনির মুখ দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। খুব দ্রুত চলে আসো।’ ইলিয়েনা ডিক্রুজ এখনো অবিবাহিত— এ তথ্য সবারই জানা। বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দেওয়ায় শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। অনেকে বিস্ময় প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি নায়িকাকে। প্রশ্ন তুলেছেন— ‘তোমার সন্তানের বাবা কে?’ কেউ জানতে চেয়েছেন, ‘তুমি বিয়ে করলে কবে?’ বিষয়টি নিয়ে জোর সমালোচনা চললেও এখনো মুখ খুলেননি ইলিয়েনা। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন অনেক দিন ধরেই উড়ছে। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মালদ্বীপে অভিনেত্রীর পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। তারপরই মূলত, এ জুটির প্রেমের গুঞ্জন ওঠে। ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল লন্ডনে থাকেন। তিনি পেশায় মডেল। ক্যাটরিনার বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়েনা। কফি উইথ করন অনুষ্ঠানে দু’জনের সম্পর্কে থাকার ইঙ্গিত দিয়েছিলেন করন জোহরও। তবে এই সম্পর্কের কথা এখনো স্বীকার করেননি ইলিয়েনা-সেবাস্তিয়ান।

এপ্রিল ১৭, ২০২৩
মা-বাবার ভরণপোষণ, সেবাযত্ন না করা দণ্ডনীয় অপরাধ: তথ্যমন্ত্রী - image

মা-বাবার ভরণপোষণ, সেবাযত্ন না করা দণ্ডনীয় অপরাধ: তথ্যমন্ত্রী

28 এপ্রিল 2023, বিকাল 6:00

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বৃদ্ধ মা-বাবা ও অভিভাবকের যত্ন নেওয়া সন্তান-সন্ততিদের সামাজিক ও আইনগত দায়িত্ব। অসহায়, অসুস্থ মা-বাবার ভরণপোষণ না দেওয়া, সেবাযত্ন না করা বা তাদেরকে রাস্তায় ফেলে চলে যাওয়া দণ্ডনীয় অপরাধ। শনিবার রাজধানীতে মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে মন্ত্রী চট্টগ্রামের নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সাবেক শিক্ষক সেলিম মাস্টারের পাশে কিছু সময় অবস্থান করেন ও তার এ অবস্থার উত্তরণের জন্য সন্তানদের খুঁজে বের করতে ইতোমধ্যেই দেওয়া নির্দেশনার কথা জানান। আবেগাপ্লুত সেলিম মাস্টার মন্ত্রীকে জানান যে, তিনি আগামী নির্বাচনের সময় এলাকায় গিয়ে হাছান মাহমুদের নির্বাচনি প্রচারে অংশ নিতে চান। ড. হাছান আশ্রমের অন্যান্য কক্ষ ঘুরে বাসিন্দাদের খোঁজ-খবর নেন, তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং শেষে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের হাতে আর্থিক সহায়তার একটি চেক প্রদান করেন। প্রতিষ্ঠান পরিচালক মিল্টন সমাদ্দার ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘প্রত্যেক সন্তানের উচিত বাবা-মা যেমনই হোক, যতদিন বেঁচে থাকে তাদের সেবা-শুশ্রূষা, দেখাশোনা ও সাধ্যমতো যতটুকু সম্ভব করা। আমাদের দেশে সাধারণত মানুষ তা-ই করে থাকে এবং আমাদের সরকার এ বিষয়ে আইনও প্রণয়ন করেছে। যারা এটি করে না, তারা যেমন একদিকে সামাজিক অন্যায় করছে, অপরদিকে রাষ্ট্রের আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ করছে। এই অপরাধ ক্ষমার অযোগ্য।’ পাশাপাশি আশ্রম প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘মিল্টন সমাদ্দার যে কাজটি করছেন সেটি অনন্য অসাধারণ কাজ। আমি দেশের একজন নাগরিক হিসেবে, সরকারের একজন মন্ত্রী হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতোমধ্যেই তাকে আমাদের সরকারের পক্ষ থেকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার জন্য যুব পুরস্কার এবং সমাজকল্যাণ পুরস্কার দেওয়া হয়েছে, নানাভাবে সহায়তা করা হয়েছে এবং প্রয়োজনে আমরা আরও সহায়তা করব। আমি মনে করি, তার পদাঙ্ক অনুসরণ করে আরও অনেকেই এ ধরনের কাজে এগিয়ে আসবে।’ মিল্টন সমাদ্দার জানান, ২০১৪ সালে একজন অসহায় বৃদ্ধকে নিজের বাসায় নিয়ে আসার পর থেকে মনের তাগিদে তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন। বর্তমানে ১৫ জন অনাথ শিশু, ২০ জন বিশেষ শিশু-কিশোর ও ১৩৫ জন বৃদ্ধ-বৃদ্ধা বিনাখরচে বিভিন্ন মানুষের ব্যক্তিগত দানের মাধ্যমে পরিচালিত এই ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার হোমে’ আছেন।

এপ্রিল ২৮, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo