টানা ৫ দিন বৃষ্টির আভাস
25 জুলাই 2025, বিকাল 6:00
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ইতোমধ্যে দেশের ১০টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের বেশিরভাগ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদেশেই দমকা হাওয়াসহ বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা জনজীবনকে ব্যাহত করতে পারে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও দেখা দিয়েছে।
এতে আরো বলা হয়েছে, বুধবার পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হলেও উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা থাকবে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। এই সময় দেশের তাপমাত্রা প্রায় একইরকম থাকবে, তবে বৃষ্টির কারণে আর্দ্রতা ও ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। ফলে কৃষিকাজ, নদীযাত্রা, ও নির্মাণকাজে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সাথে জনসাধারণকে এই সময় আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে চলাচল ও কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।
/টিএ