logo
youtube logotwitter logofacebook logo

কোরবানি

হজ-ওমরাহ নীতি ও প্যাকেজ ২০১৬ খসড়া অনুমোদন - image

হজ-ওমরাহ নীতি ও প্যাকেজ ২০১৬ খসড়া অনুমোদন

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৬ এবং হজ প্যাকেজ ২০১৬ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার হজে যাবেন ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন। সরকারিভাবে যাবেন ৫ হাজার। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর পশু কোরবানি না দিলে খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী, সচিব ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানুয়ারি ১০, ২০১৬
রাজের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য থাকলে ভয়ে থাকি: মীম - image

রাজের সঙ্গে রোম্যান্টিক দৃশ্য থাকলে ভয়ে থাকি: মীম

27 জুন 2022, বিকাল 6:00

তরুণ অভিনেতা ও চিত্রনায়িকা পরীমণির স্বামী শরিফুল রাজের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। আসন্ন কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে তাদের সিনেমা।‘পরাণ’ নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। ২০১৯ সালেই সিনেমাটির শুটিং সম্পন্ন হলেও করোনার কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে এবারের কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে মিম ও রাজের সঙ্গে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মুক্তি উপলক্ষে প্রচারণা শুরু করেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে রবিবার ফেসবুক লাইভে আসেন মীম, রাজ ও নির্মাতা রাফি। তারা ‘পরাণ’-এ কাজের অভিজ্ঞতা ও আনুষাঙ্গিক অনেক কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ফেসবুক আড্ডার এক ফাঁকে মীম ও রাজ দু’জনের কাছেই রাফি জানতে চান, শুটিং করতে গিয়ে তাদের একে-অপরের কোন বিষয়গুলো বিরক্তিকর লেগেছে? রাজ জানান, মীমের অতিরিক্ত কথা বলা তার কাছে বিরক্তিকর লেগেছে। মীম কথা বলা শুরু করলে, বলতেই থাকেন। অন্যদিকে মীম বলেন, রাজ পুরো অস্থির। রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময় আমি রীতিমতো ভয়ে থাকতাম। মানুষ রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আরামে থাকে, আমি থাকতাম ভয়ে। ও দুই হাত দিয়ে আমার মুখে এমনভাবে ধরত, যেন দাঁত ভেঙে যাচ্ছে! শট শেষ হওয়ার পর আমি বলতাম, রাজ, প্লিজ আমাকে একটু আস্তে ধরো। মীম আরও বলেন, যখনই রোম্যান্টিক দৃশ্য থাকে, আমাকে ধরার দৃশ্য থাকে, আমি ভয়ে থাকি। আগে থেকেই বলে দিতাম, রাজ আমাকে একটু আস্তে ধইরো। মনে হয় আমার গাল, দাঁত সব ভেঙে যাচ্ছে! ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত ‘পরাণ’ সিনেমার  শুটিং হয়েছে ময়ময়নসিংহে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ।

জুন ২৭, ২০২২
বঙ্গবন্ধু সেতু অভিমুখে ২৫ কি.মি. দীর্ঘ যানজট - image

বঙ্গবন্ধু সেতু অভিমুখে ২৫ কি.মি. দীর্ঘ যানজট

06 জুলাই 2022, বিকাল 6:00

ঈদুল আজহা‌কে কেন্দ্র ক‌রে ঢাকা থেকে দেশের উত্তরবঙ্গে যাওয়ার প্রধান রুট টাঙ্গাই‌ল মহাসড়‌কে গাড়ির চাপ বাড়‌ছে। গাড়ির চাপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়েই বেড়েছে যানজটের দীর্ঘ লাইন। বুধবার (০৬ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল পর্যন্তও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার সড়‌কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারিতে বসে থাকতে থাকতে অতিষ্ট হয়ে উঠেছেন যাত্রী থেকে পরিবহণ কর্মী সকলেই। ঈদযাত্রায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি পৌঁছে গেছে চরমে। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের কারণে অতিরিক্ত গাড়ির চাপ আর মহাসড়‌কে ফিটনেসবিহীন বেশ কিছু যানবাহন বিকল হওয়াতেই দীর্ঘ এই যানজটের। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফিটনেসবিহীন কিছু গাড়ি বিকল হওয়ায় রেকার দিয়ে সেগুলো সরাতে সময় লেগেছে। এছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ তো রয়েছেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার রাস্তা দুই লেনের সড়ককে একমুখী করে দিয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হওয়ার পর ভূঞাপুর সড়ক দিয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে কোরবানির পশুবাহী ট্রাক একমুখী সড়কের আওতার বাইরে রয়েছে। এছাড়া মহাসড়‌কে যানজট নিরসন করে সাধারণ মানুষের ঈদযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে মহাসড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে ওয়াচ টাওয়ার স্থাপন ক‌রা হয়েছে পু‌লিশের পক্ষ থেকে।

জুলাই ০৬, ২০২২
রহস্যে উদঘাটনে আপনিও যোগ দিন: মিম - image

রহস্যে উদঘাটনে আপনিও যোগ দিন: মিম

12 মে 2023, বিকাল 6:00

বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’র পর এবার এ নায়িকা নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘অন্তর্জাল’। প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সেক্ষেত্রে দেশের যোদ্ধারা কতোটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। ঈদে মুক্তিপ্রতিক্ষীত ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। বিদ্যা সিনহা মিম ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুরেরাহ বিনতে কামাল, এবিএম সুমন প্রমুখ। দীপন জানান, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে এটা চূড়ান্ত। এ মাসের মধ্যে সেন্সর হবে। আগের দুই সিনেমার চেয়ে ‘অন্তর্জাল’ তার কাছে সবচেয়ে কঠিন চলচ্চিত্র। চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ অনেক সময় দিয়েছেন।দীপন জানান, তাদের পারফরমে তিনি রীতিমতো মুগ্ধ। সুনেরাহ রোবট বানানো শিখতে দীর্ঘদিন একটি ল্যাবে গিয়ে কাজ করেছে এবং সত্যিকারের একটি ল্যাবে গিয়ে শুটিং করি। মিম বলেন, ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সেই বিপদের কারণ কি? মানুষ নাকি অন্যকিছু? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কী? সেই সব রহস্যের জাল আর চাল নিয়ে ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার 'অন্তর্জাল'। রহস্যের উদঘাটনে আপনিও যোগ দিন। ‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

মে ১২, ২০২৩
কোরবানির ঈদে আফতাব নগরে গরুর হাট না বসাতে রিট - image

কোরবানির ঈদে আফতাব নগরে গরুর হাট না বসাতে রিট

14 মে 2023, বিকাল 6:00

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর আফতাব নগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।সোমবার (১৫ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। গত ২ মে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ সাহে আলম সই করা সম্পত্তি বিভাগ ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করেন। দরপত্রে ঈদুল আজহার দিনসহ ৫ (পাঁচ) দিন গরুর হাটের কথা উল্লেখ করা হয়। এতে প্রথম পর্যায়ে দরপত্র বিক্রি ১৫ মে, আর ১৬ মে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে দরপত্র বিক্রির পর ১৯ জুন পর্যন্ত দরপত্রের বাক্স ও খাম খোলার পর প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতাকে সিডিউল দেওয়া হবে। রাজধানীর বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরে ব্লক-বি হতে এইচ পযর্ন্ত খালী জায়গায়, যাহা বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ। আফতাব নগরসহ উত্তর সিটি কর্পোরেশন সাত স্থানে কোরবানির গরু বিক্রির জন্যে বাজারের ইজারা আহ্বান করেছেন। এর আগে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে বাসিন্দাদের পক্ষে শেখ মাহমুদ উজ্জ্বল আবেদন করেন। আবেদনে বলা হয়, জহিরুল ইসলাম সিটিতে (আফতাব নগর) বসবাসরত লোকজন পবিত্র কোরবানির ঈদের আগে ও পরে প্রায় এক মাস অস্থায়ী হাট স্থাপনের কারণে ব্যাপকভাবে মানবেতর জীবন যাপন করেন। চলাচলের প্রধান সড়কের ওপর অস্থায়ী গরু-ছাগলের হাট বসে বলে (আফতাব নগর) এখানে বসবাসরত নাগরিকদের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এই সময় কোনো লোক অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঢোকানো সম্ভব হয় না। কোনো লোক মারা গেলেও তাহার মরদেহ বহন করা দূরূহ হয়ে পড়ে। এছাড়াও গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকায় বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়। গরু-ছাগলের নানাবিধ বর্জ্যে এলাকাটির পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। এছাড়া প্রধান সড়কটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার পরিপ্রেক্ষিতে সারা বছরেই প্রধান সড়কটিতে খানাখন্দ থাকায় আফতাব নগরে বসবাসরত সব নাগরিকদের যাতায়াতে ব্যাপক অসুবিধা পোহাতে হয়। এ কারণে রিট আবেদনটি করা হয়েছে।

মে ১৪, ২০২৩
‘অন্তর্জাল’র প্রথম দর্শনেই রহস্যের আভাস - image

‘অন্তর্জাল’র প্রথম দর্শনেই রহস্যের আভাস

16 মে 2023, বিকাল 6:00

সংখ্যায় লুকিয়ে চরিত্রের নাম! সেই রহস্যের কিনারা করতে পারলে ভাগ্যবান বিজয়ী পাবেন পুরস্কার। প্রচারণার এমন কৌশল এর আগে ঢালিউডে দেখা যায়নি। যেটা শুরু করলো মুক্তি প্রতীক্ষিত ছবি ‘অন্তর্জাল’র টিম। গত ১৩ মে ছবিটি প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে প্রচারণা পর্ব শুরু করে। ছবির নাম ও প্রেক্ষাপটের আবহ তাতে ফুটিয়ে তোলা হয়। এবার নতুন আঙ্গিকে আরেকটি কৌশল অবলম্বন করলেন নির্মাতা দীপংকর দীপন ও তার দল। ‘অন্তর্জাল’র চরিত্রগুলোর নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু তা বাংলা কিংবা ইংরেজি ভাষায় নয়, বরং বাইনারি সংখ্যায়!বলা প্রয়োজন, বাইনারি সংখ্যা পদ্ধতি হলো এমন একটি ব্যবস্থা, যেখানে শুধু ০ ও ১ দিয়ে সব কিছু প্রকাশ করা হয়। মূলত কম্পিউটার প্রযুক্তিতে এই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। ‘অন্তর্জাল’ ছবির গল্প সাইবার ক্রাইম ঘিরে। তাই এখানে কম্পিউটার প্রযুক্তিই মূল অনুষঙ্গ। সেই সূত্রেই বাইনারি সংখ্যায় ছবির চরিত্রগুলোর নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু এই সংখ্যা পদ্ধতি যেহেতু সবাই জানেন না, তাই যারা সংখ্যা থেকে নামগুলো বের করতে পারবেন, তাদের মধ্য থেকেই বাছাই করা হবে বিজয়ী। এ বিষয়ে ‘অন্তর্জাল’ টিমের ঘোষণা, ‘অন্তর্জালের ভাষায় লেখা তোমার প্রিয় তারকার পরিচয় কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর সেই সঙ্গে অন্তর্জাল রহস্যের অংশ হয়ে যাও। সৌভাগ্যবান বিজয়ী পাবে তার প্রিয় তারকার সিগনেচার করা দারুণ একটি হ্যাকার্স হুডি।’ এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন ও মাশরুর ইনান। এর মধ্যে সুমন ছাড়া বাকিদের চরিত্রের নাম বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয়েছে। অধিকাংশ নেটিজেনের মন্তব্যের নিরিখে আঁচ করা গেলো, সিয়ামের চরিত্রের নাম লুমিন, মিমের চরিত্রের নাম নিশাত, সুনেরাহর নাম প্রিয়ম ও মাশরুরের চরিত্রটির নাম সাদাফ। ‘অন্তর্জাল’ সিনেমার বর্তমান অবস্থা সম্পর্কে নির্মাতা দীপংকর দীপন বলেছেন, ‘কাজ পুরোপুরি শেষ। কয়েক দিনের মধ্যেই আমরা সেন্সরে জমা দেবো। তবে এই ধরনের সিনেমার কাজ তো আসলে শেষ হয়েও হয় না। কেননা, ভিএফএক্সের কাজ যত করা যায়, যতটা সময় পাওয়া যায়, ততই ভালো।’ উল্লেখ্য, ছবিটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। আসন্ন কোরবানির ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মে ১৬, ২০২৩
এবার রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন যারা - image

এবার রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন যারা

19 মে 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তালিকা অনুযায়ী এবার রাষ্ট্রীয় খরচে ২৩ জন হজে যাচ্ছেন। তবে এক্ষেত্রে তাদের বিমান ভাড়া পরিশোধ করতে হবে। শনিবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারি খরচে হজ পালনকারীদের তালিকা প্রকাশ করেছে। ধর্ম মন্ত্রণালয় থেকে তালিকাসহ প্রধান হিসাব রক্ষণ ও অর্থ কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাওয়া তালিকায় ২৩ ধর্মপ্রাণ মুসলমানকে সরকার ঘোষিত প্যাকেজ মূল্যের মধ্যে বিমান ভাড়া ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাঠানোর সম্মতি দেওয়া হলো।চরাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য মনোনীতদের বিমান টিকিট বাবদ এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা দিতে হবে। চিঠিতে আরও জানানো হয়, রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী ব্যক্তিরা বিমানের ফ্লাইট পাওয়া সাপেক্ষে সম্ভাব্য আগামী ১০ জুন (আগে বা পরে) সৌদি আরব যাবেন। একইভাবে বিমানের ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী ১৫ জুলাই বাংলাদেশে ফিরবেন তারা।রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী ব্যক্তিরা সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী হিসেবে সরকারের সর্বনিম্ন প্যাকেজ মূল্যে উল্লেখিত সেবা পাবেন। তারা দৈনিক ভাতা বা অন্যান্য আর্থিক সুবিধাদি পাবেন না, তবে খাওয়া খরচ বাবদ ৩৫ হাজার টাকা হজে যাওয়ার আগে হজ অফিস থেকে দেওয়া হবে। পাশাপাশি রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী প্রত্যেক হজযাত্রীকে কোরবানি খরচ বাবদ আনুমানিক এক হাজার সৌদি রিয়াল আলাদাভাবে সঙ্গে নিতে হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রতি বছরই সরকার ২০০ থেকে ৩০০ ধর্মপ্রাণ অসচ্ছল ব্যক্তিকে রাষ্ট্রীয় টাকায় সম্পূর্ণ বিনা খরচে হজ করার সুযোগ দিয়ে থাকে। যদিও দেশের অর্থনৈতিক মন্দার কারণে গত বছর শুধু বিমান ভাড়া পরিশোধ সাপেক্ষে রাষ্ট্রীয় খরচে হজে পাঠানো হয়েছিল। তবে এবার হজের খরচ অত্যধিক বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রীয় খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত ছিল সরকারের। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। তবে এবার হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি। এবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা।চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সাড়ে ৩ হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে, তা সৌদি আরবে ফেরত যাবে বলে এরই মধ্যে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন যারা ঢাকার বড় মগবাজারের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লা ও তার স্ত্রী আফিয়া হোসেন, রংপুরের মো. বাদশা আলমগীর, জামালপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর ও তার স্ত্রী জোবাইদা বেগম, ঢাকার শেরেবাংলা নগরের বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস খান, রংপুরের মো. আব্দুল কায়েম মিয়া, মাগুরা সদরের এস এম ফরিদ উজ-জামান ও তার স্ত্রী দিলশান আরা, চাঁপাইনবাবগঞ্জের অবসরপ্রাপ্ত জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মো. রাশেদুন নবী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসি মেকানিক মো. ইউসুফ আলী ও তার স্ত্রী জান্নাত আরা রাষ্ট্রীয় খরচে হজে যাবেন। এছাড়া রাষ্ট্রীয় খরচে আরও হজে যাবেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরবরিকালচারের মালী সাহেব আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন স্টাফ কোয়ার্টার্সের সখিনা আক্তার, গোপালগঞ্জের মো. এনামুল হক শেখ, গুলশানের গাজী শাহাদাৎ হোসেন, কুমিল্লার মো. নুরুল ইসলাম, রাজধানীর উত্তর আদাবরের অধ্যক্ষ (অব.) পিএম মনসুর রহমান, গাইবান্ধার মো. নুরুল হোসেন খন্দকার, ঢাকার দক্ষিণ বনশ্রীর জামাল উদ্দিন মো. আকবর ভূঁইয়া, জয়পুরহাটের দেওয়ান মাহবুবার রহমান এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শাহাদাৎ শেখ।

মে ১৯, ২০২৩
ঈদে মসলার বাজার নিয়ন্ত্রণে আজ থেকে ভোক্তা অধিদপ্তরের অভিযান - image

ঈদে মসলার বাজার নিয়ন্ত্রণে আজ থেকে ভোক্তা অধিদপ্তরের অভিযান

28 মে 2023, বিকাল 6:00

ঈদকে সামনে রেখে মসলার দাম ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৯ মে) থেকে রাজধানীসহ সারা দেশের মসলার বাজারগুলোতে ভোক্তা অধিদপ্তরের কঠোর অভিযান শুরু হবে। গতকাল রোববার (২৮ মে) রাজধানীর কারওয়ানবাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মসলার দাম ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আসন্ন কোরবানির ঈদে মসলার বাজার স্থিতিশীল রাখতে সোমবার থেকে অধিদপ্তরের পক্ষ থেকে সারা দেশে মসলার বাজার নিবিড়ভাবে মনিটরিং করা হবে। আমরা এক সপ্তাহ সেটা নজরদারিতে রাখব। গোয়েন্দা সংস্থার তথ্য ও আমাদের মনিটরিংয়ে প্রাপ্ত তথ্য সমন্বয় করে একটি প্রতিবেদন সরকারের কাছে তুলে ধরা হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দরে মসলা খালাসের ক্ষেত্রে সমস্যার বিষয়ে ভোক্তা অধিদপ্তরকে অবহিত করলে, তা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।’ এ এইচ এম সফিকুজ্জামান আদার দাম প্রসঙ্গে বলেন, ‘চট্টগ্রামে আমরা বাজার মনিটরিং করেছি। ঢাকার বাজারও পর্যবেক্ষণ করছি। যেসব পাইকারি প্রতিষ্ঠান ক্রয়মূল্যের রশিদ ছাড়া পণ্য বিক্রি করে, তাদের নাম ভোক্তা অধিদপ্তরকে জানাতে হবে। আমরা ব্যবস্থা নেব।’ ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর শাহরিয়ার বলেন, ‘কোরবানির আগে যারা বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের রুখে দিতে টানা অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর। এবারের অভিযান হবে কঠোর ও ব্যতিক্রমী। অভিযানে কোনো দোকানে মূল্যতালিকা না থাকলে ওই দোকানকে জরিমানা এবং কম করে হলেও একদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। এছাড়া দোকানগুলো ক্রয়মূল্যের রশিদ দেখাতে না পারলে কমপক্ষে তিন দিনের জন্য দোকান বন্ধ করে দেওয়া হবে।’ সভায় সংস্থাটির সহকারী পরিচালক আবদুল জব্বার মসলার বাজারে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘মৌলভীবাজারের মসলা ব্যবসায়ীরা মূল্য তালিকা ঝোলান না। কোথা থেকে কত দামে এনেছেন, তা-ও জানাতে চান না। ইচ্ছামতো দাম নির্ধারণ করেন। এখানে আমাদের কাজ করার জায়গা আছে। মসলার দোকানে টেক্সটাইল কালার ব্যবহার করতেও দেখছি। ফুডগ্রেড কালার নয়।’ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ভার্চুয়ালি সংযুক্ত থেকে খাতুনগঞ্জের মসলার বাজার সম্পর্কে সভাকে জানান। তিনি বলেন, ‘চট্টগ্রামে চায়না আদা মার্কেটে তেমন নেই। আর বার্মিজ ও ভারতের আদা ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে ২২০ থেকে ২৮০ টাকায় পাওয়া যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহার জন্য পর্যাপ্ত মসলার মজুত রয়েছে।’ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, শ্যামবাজার, কারওয়ান বাজার, শাহ আলী মার্কেটসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, পাড়া-মহল্লার দোকানে মসলার বাজারে পর্যাপ্ত শৃঙ্খলা নেই, যা সামগ্রিকভাবে মসলার বাজারে প্রভাব ফেলছে। তাদের মতে, বন্দরে মসলা খালাসের ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগে, যা মসলার মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলছে। এছাড়া পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের ক্রয় রশিদ দেন না। খুচরা ব্যবসায়ীরা পাইকারি বাজার কঠোরভাবে তদারকির অনুরোধ জানান।

মে ২৮, ২০২৩
প্রধানমন্ত্রীকে কোরবানির গরু উপহার দিলেন কৃষক - image

প্রধানমন্ত্রীকে কোরবানির গরু উপহার দিলেন কৃষক

09 জুন 2023, বিকাল 6:00

কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে একটি গরু লালনপালন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের এই গরু গ্রহণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন কিশোরগঞ্জের বুলবুল আহমেদের গরু লালনপালনের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রী উপহারের গরু গ্রহণে সম্মতি দেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। তিনি এই বিরল ভালোবাসার জন্য বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। হাসান জাহিদ তুষার জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।বুলবুল আহমেদের গরু ক্রস ব্রাহমা প্রজাতির। এই গরুতে আনুমানিক ৮০০ কেজি মাংস হতে পারে বলে জানিয়েছেন বুলবুল আহমেদ। বুলবুল বলেন, ২০২০ সালে নেত্রকোনা জেলা থেকে আড়াই লাখ টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার উদ্দেশ্যে তিনি এই গরু কেনেন। গরু কেনার পর কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে ৫০০০ টাকা মানতও করছিলেন তিনি, যেন তার গরুটি সুস্থ থাকে। এই কৃষক জানান, তিনি ও পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠকর্মী হিসেবে কর্মরত তার স্ত্রী ইসরাত জাহান আওয়ামী লীগ সরকারের একটি বাড়ি, একটি খামার প্রকল্প থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য এই গরু ক্রয় করেন। তারা গত তিন বছর গরুটির নিবিড় পরিচর্যা করেন। বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকে তারা এই গরু ক্রয় ও লালন-পালন করেন। উপহার হিসেবে তার গরু গ্রহণ করার সম্মতি প্রদান করায় বুলবুল আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বুলবুল আহমেদ কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক।

জুন ০৯, ২০২৩
চাহিদার চেয়ে ২১ লাখের বেশি পশু প্রস্তুত - image

চাহিদার চেয়ে ২১ লাখের বেশি পশু প্রস্তুত

13 জুন 2023, বিকাল 6:00

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য চাহিদার চেয়ে ২১ লাখের বেশি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার (১৪ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, কোরবানি জন্য আমাদের চাহিদা ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি পশু। আর প্রস্তুত রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৩৩৩টি পশু। সেই হিসেবে ২১ লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে। ‌এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে ৪৮ লাখ ৪৩ হাজার ৭৫২টি গরু ও মহিষ, ৭৬ লাখ ৯০ হাজার ছাগল-ভেড়া এবং দুই হাজার ৫৮১টি অন্যান্য প্রজাতির গবাদিপশু রয়েছে বলে জানান শ ম রেজাউল করিম। তিনি আরও জানান, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি। এরমধ্যে কোরবানি হয়েছে ৯৯ লাখ ২১ হাজার ৯৪১টি। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার কোনোভাবেই দেশের বাইরে থেকে পশু আসবে না। কারণ দেশে প্রয়োজনের চেয়ে যথেষ্ট পশু উৎপাদন হয়। তাছাড়া এতে অবৈধভাবে দেশের বাহিরে টাকা চলে যায় এবং স্বাস্থ্যগত ঝুঁকি থাকার পাশাপাশি খামারিরাও ক্ষতিগ্রস্ত হয়। শ ম রেজাউল করিম বলেন, আগের মতো এবারও ট্রেনে গরু পরিবহন করা হবে। এতে পরিবহন আরও সহজলভ্য হবে। এ ছাড়া হাটের ইজারা যারা নেবেন, তারা হাটের বাইরে পশু বিক্রি হলে চাঁদা নিতে পারবে না। এমনটি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনলাইনে পশু বিক্রির নামে প্রতারণা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জুন ১৩, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo