রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের বেশ কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং
বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
সার্বিকভাবে, সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে করে দিনের সময় গরম অনুভূত হতে পারে, যদিও রাতের আবহাওয়া থাকবে তুলনামূলকভাবে স্থিতিশীল।
/টিএ